বাঙালি সংস্কৃতি মেলা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চলো বাঙালির শেকড় সন্ধানে’ শিরোনামে নগরের ডিসি হিলে তিন দিনব্যাপী বাঙালি সংস্কৃতি মেলার আয়োজন করে অবসর সাংস্কৃতিক গোষ্ঠী। ১৮ মার্চ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, তরণী দাশ ও তাঁর দলের ঢোল বাদনের মধ্য দিয়ে মেলা শুরু হয়। উদ্বোধন করেন সংগীতজ্ঞ আব্দুল গফুর হালী। প্রধান অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী। অধ্যাপক মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন কবি অরুণ দাশগুপ্ত, চিত্রশিল্পী সবি্হ-উল-আলম, কবি বিশ্বজিত্ চৌধুরী, অধ্যক্ষ রীতা দত্ত, শিল্পী মৃণাল ভট্টাচার্য প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি সঞ্জিত বনিক। উদ্বোধনী দিনে অধ্যাপক মাহবুবুল হক, দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেককে বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী সম্মাননা পদক দেওয়া হয়। প্রধান অতিথি বলেন, ‘মেলার কাজ হচ্ছে কোনো উদ্দেশ্য নিয়ে অনেক মানুষকে একত্রিত করা। এই মেলার মাধ্যমে চট্টগ্রামের মানুষ সংস্কৃতি রক্ষায় ঐক্যবদ্ধ হবেন।’ দ্বিতীয় দিনের আয়োজনে ছিল ছড়া উৎসব, স্মৃতি পদক বিতরণ, শিল্পী মলয় ঘোষ দস্তিদার স্মরণে লোক উৎসব, নতুন বইয়ের মোড়ক উন্মোচন প্রভৃতি। উৎপল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে ছড়া উৎসবে অংশ নেন বিপুল বড়ুয়া, অরুণ শীল, বিশ্বজিত্ সেন, জসীম মেহবুব, হোসাইন আনোয়ার, সুজন কান্তি পাল, গৌতম কানুনগো, সনজিত দে, নান্টু কুমার দাশ, অজিত বরণ শর্মা, সুজন সাজু প্রমুখ। এ পর্ব পরিচালনা করেন সাহিদা রহমান। ওই দিন চট্টগ্রামের সাত মনীষীর নামে সাত গুণীজনকে স্মৃতিপদক দেওয়া হয়। প্রকৌশলী আব্দুল খালেক, নৃত্যগুরু রুনু বিশ্বাস, কবিয়াল রাইগোপাল দাশ, শিক্ষাবিদ প্রণতি সেন, অধ্যাপক চৌধুরী জহুরুল হক, গণসংগীতশিল্পী হরিপ্রসন্ন পাল ও স্বাধীন বাংলা বেতারের শিল্পী প্রবাল চৌধুরীর নামে সম্মাননা পদক দেওয়া হয় প্রকাশক সৈয়দ মো. শফী, নৃত্যশিল্পী লক্ষ্মী রক্ষিত, বাউলশিল্পী হাম্মাদুর রহমান, শিক্ষক হরিসাধন দত্ত, আলোক প্রক্ষেপণশিল্পী তপন ভট্টাচার্য, লোকসংগীত শিল্পী আব্দুর রহিম ও স্বাধীন বাংলা বেতারের শিল্পী সুজিত রায়কে। এ ছাড়া ওই দিন চারটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজবিজ্ঞানী অনুপম সেন। আলোচক ছিলেন রম্যসাহিত্যিক ফাহমিদা আমীন, রবীন্দ্রগবেষক প্রকৃতি চক্রবর্তী, লোক গবেষক সেলিম জাহাঙ্গীর, পুঁথি গবেষক মুহাম্মদ ইসহাক চৌধুরী, সংস্কৃতি-সংগঠক মফিজুর রহমান প্রমুখ। প্রধান অতিথি বলেন, ‘আমাদের জাতিসত্তা প্রাচীন ও শক্তিশালী বহুবর্ণের সংমিশ্রণে গড়ে উঠেছে। এর রয়েছে হাজার বছরের ইতিহাস। আমাদের এই ইতিহাস জানতে হবে, লালন করতে হবে এবং সংরক্ষণ করতে হবে।’আবৃত্তিশিল্পী অরুণ ভদ্রের সঞ্চালনায় শুরু হয় লোক উৎসব। এতে নাচ, গান ও আবৃত্তিতে অংশ নেন অবসর ও আমন্ত্রিত শিল্পীরা। মেলার সমাপনী দিনে কবিতা উৎসবে সভাপতিত্ব করেন আনন্দমোহন রক্ষিত। প্রধান অতিথি ছিলেন বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম। ভাষাবিজ্ঞানী মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয় অ্যাডভোকেট একেএম এমদাদুল ইসলাম, গীতিকার এসএম খুরশীদ, রত্নগর্ভা মা অমিয়া ভট্টাচার্য, সাংবাদিক সমীর ভট্টাচার্য, সুকুমার শীল, সত্যব্রত বড়ুয়া ও দিপালী ভট্টাচার্যকে। স্বাগত বক্তব্য দেন শিল্পী মৃণাল ভট্টাচার্য। ওই দিন কবি মুহম্মদ নূরুল হুদাকে অবসর সাহিত্য পুরস্কার এবং শ্যমসুন্দর-শেফালী স্মৃতিপদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেন অবসর ও সংগীত তীর্থের শিল্পীরা।