আমাদের গাড়ি ছুটছে ফ্লোরিডার হাইওয়ের ধুলো উড়িয়ে। আপাত গন্তব্য লেক মিয়াকা। গাড়ি চালাচ্ছি আমি আর আমার পাশের সিটে বসে আছে আমাদের শ্রীমান সবজান্তা বাবু। পেছনের সিটে রয়। গাড়ির ভেতর অসাধারণ এক পরিবেশ। ফুল ভলিউমে ক্যাসেট প্লেয়ারে বাজছে ডিফারেন্ট টাচ, অবসকিউর, ক্লিফ রিচার্ড, জন ডেনভার। পাশে বসে থাকা বাবুর দেওয়া পথনির্দেশনা অনুযায়ী আমি মোটামুটি নিশ্চিন্ত মনেই গাড়ি চালাচ্ছিলাম। কিন্তু হঠাৎ কী হলো জানি না, বাবুর চোখে-মুখে যেন আতঙ্কের ছাপ। ‘রাস্তাঘাট তো ম্যাপের সাথে মিলতাছে না। ভুল রাস্তায় আছি।’ বাবুর এই কথা শুনে এবার আমরা সবাই যেন নড়েচড়ে বসলাম। পেছন থেকে রয় টিপ্পনী কাটল, ‘বাবুর মতো এমন সবজান্তা একজন গাইড থাকলে পথ যে আমরা হারাব, তাতে আশ্চর্য হওয়ার কী আছে?’ কিন্তু এখন ঝগড়া করার সময় নয়। মাথা আমাদের ঠান্ডা রাখা চাই। হাইওয়েতে রাস্তা হারালে সবার আগে যা করণীয়, তা হলো ‘টেক দ্য ইমিডিয়েট এক্সিট’। আমিও তা-ই করলাম। এবার পরবর্তী সময়ে যা করণীয়, তা হলো একটা গ্যাসস্টেশন খুঁজে বের করা এবং সেখানে কারও কাছ থেকে পথঘাট ভালো করে বুঝে নিয়ে আবার রাস্তায় নেমে পড়া। আমরা তা-ই করলাম। বেশ দূরে একটা গ্যাসস্টেশনের সাইন দেখে তা অনুসরণ করার চেষ্টায় নেমে পড়লাম। অপেক্ষাকৃত শহর থেকে দূরে এসব গ্যাসস্টেশন দেখলেও প্রাণটা জুড়িয়ে যায়। খুব সুন্দর করে সাজানো-গোছানো। সামনে ফুলের বাগান। চারদিকটা বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন। অনেক লম্বা সময় ড্রাইভিংয়ের জন্য আমরা সবাই মোটামুটি ক্লান্তই ছিলাম। এখান থেকে গাড়ির তেলটেল ভরে, পেটে কিছু চালান দিয়ে আর একটু ফ্রেশট্রেশ হয়ে কারও কাছ থেকে পথনির্দেশনা ভালো করে বুঝে আবার রাস্তায় নেমে পড়া যাবে। সবাই মিলে হইচই করে গ্যাসস্টেশনের ক্যাশ রেজিস্টারের সামনে যেতেই আমাদের আত্মারাম খাঁচাছাড়া আর কি! এক নিপাট বাঙালি ভদ্রলোক ফিনফিনে এক ফতুয়া পরে সব কাজের দেখভাল করছেন, আর তাঁর পাশেই দৃষ্টিনন্দন সালোয়ার-কামিজ পরা রূপসী বাঙালি রমণী, যিনি ক্যাশ রেজিস্টারের সামনে হাসিমুখে দাঁড়িয়ে আমাদের অভ্যর্থনা জানালেন। চেহারা আর কাপড়চোপড় দেখে ধরেই নিয়েছিলাম, এঁরা বাংলাদেশের একদম খাঁটি বাঙালি। আর চারদিক আলোকিত করে রাখা এই অপরূপ সুন্দরী যে এই ভদ্রলোকেরই স্ত্রী, সেটাও আমরা কীভাবেই যেন বুঝে নিয়েছিলাম। ‘ভাইজান কি বাঙালি?’ আমাদের সবার মুখে বাংলা ভাষার কিচিরমিচির শুনে ফ্লোরিডার কোনো এক অজ পাড়াগাঁয়ের এই গ্যাসস্টেশনের মালিকের চোখের তাড়ায় যেন আনন্দের ঝিলিক খেলে গেল। কিসের কাজ আর কিসের কম্ম? চোখের নিমেষেই আমরা সবাই বাঙালি আড্ডায় ডুবে গেলাম। আর হ্যাঁ, জানা গেল, এই ভদ্রলোক এই এক্সন গ্যাসস্টেশনটির মালিক। মাসুদ ভাই। আর ওই সুন্দরী মহিলাটি বাংলাদেশ থেকে সদ্য আগত তাঁরই স্ত্রী। স্বামী-স্ত্রী দুজনে মিলেই ব্যবসাপাতি দেখছেন। কিন্তু ততক্ষণে আমাদের বাঙালি আড্ডা তুঙ্গে। চা আসছে, কফি আসছে, স্যান্ডউইচ আসছে, আর আমাদের গল্পের গরু বাংলাদেশের সবুজ প্রান্তর থেকে শুরু করে পৃথিবীর সর্বত্রই যেন লাফিয়ে বেড়াচ্ছে। বেশ বোঝাই যাচ্ছে, মাসুদ ভাই এক মহা আড্ডাবাজ মানুষ। আর ভাবি যেন তারই যথার্থ সহধর্মিণী। এক কিউবান কর্মচারীকে দোকানের দেখভালের দায়িত্ব দিয়ে মাসুদ ভাইয়ের ছোট্ট অফিসে আমরা পাঁচটা বাঙালি প্রাণী টক-ঝাল-মিষ্টি বিভিন্ন স্বাদের গল্পে বেহুঁশ হয়ে গেলাম। বাংলাদেশের বাঙালিরা যে অতিথিপরায়ণ, সে খবর পৃথিবীর সব প্রান্তের মানুষই একবাক্যে স্বীকার করবে, কিন্তু মাসুদ ভাই আর ভাবি যেন তার চেয়েও দুই ডিগ্রি এগিয়ে আছেন। সত্যি বলতে, এই অল্প সময়ের মধ্যেই এই দম্পতি আমাদের হূদয়ের খুব কাছের হয়ে গেলেন। আদনান সৈয়দ, নিউইয়র্ক থেকে