গান, কবিতা, ছড়াপাঠ, পিঠা উৎসব, আলোচনা, সাহিত্য সম্মাননা ও আলোকচিত্র প্রদর্শনী—বর্ণাঢ্য আয়োজন। তিন দিন ধরে ডিসি হিল মেতেছিল বাঙালির শিকড় সন্ধানে। ব্যস্ত নগরবাসী সংস্কৃতির বাহনে খুঁজে পায় নিজস্ব সত্তা। এ সুযোগ করে দেয় অবসর সাংস্কৃতিক গোষ্ঠী। সংগঠনটির আয়োজনে ১৭ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত চলে বাঙালি সংস্কৃতি মেলা। এবার ছিল মেলার সপ্তম আসর।চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ মেলার সূচনা ঘটে। এরপর ঢোল বাজিয়ে মেলা অঙ্গন মাতিয়ে তোলেন ঢোলশিল্পী তরণী দাস ও তাঁর সহশিল্পীরা। প্রথম দিনের ‘চাটগাঁইয়া উৎসব’ উদ্বোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। এবারের মেলায় অবসর সাহিত্য পুরষ্কার দেওয়া হয় অধ্যাপক শফিউল আলম ও কবি আনন্দমোহন রক্ষিতকে। মুক্তিযোদ্ধা ড. আবু ইউসুফ আলম স্মৃতিপদক দেওয়া হয় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিককে। শিক্ষাবিদ অধ্যক্ষ প্রমোদরঞ্জন বড়ুয়া স্মৃতিপদক পান মীরা সিংহ, অবসর শিল্পী সম্মাননা পান ভাস্কর অলক রায় ও কণ্ঠশিল্পী বেলা খান।মেলার তিন দিন ছিল চাটগাঁইয়া, স্বাধীনতা ও লোক উৎসবের আয়োজন। এতে বিশিষ্টজনদের আলোচনায় উঠে আসে বাংলা ও বাঙালির সংস্কৃতির বৈচিত্র্যের নানা দিক। তাঁরা তরুণদের নিজেদের সংস্কৃতিতে ফেরার আহ্বান জানান। আলোচক ছিলেন ড. মনিরুজ্জামান, ড. মাহবুবুল হক, ড. প্রকৃতি চক্রবর্তী, বেলাল মোহাম্মদ, ড. মো. আবুল কাসেম, ড. বেণু প্রসাদ বড়ুয়া, প্রবীর কুমার ভট্টাচার্য প্রমুখ। আলোচনা পর্বে সভাপতিত্ব করেন শহীদজায়া বেগম মুশতারী শফী, বালাগাত উল্লাহ এবং সত্যব্রত বড়ুয়া।সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত ও একক কণ্ঠে সংগীত পরিবেশন করেন অবসর সাংস্কৃতিক গোষ্ঠী, তারুণ্যের উচ্ছ্বাস, বাউলশিল্পী মো. হাম্মাদুর রহমান, আবদুর রশীদ খান, সনজিত আচার্য প্রমুখ। বৃন্দ ও একক আবৃত্তিতে অংশ নেন বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠন, নিশাত হাসিনা, সৌভিক চৌধুরী প্রমুখ। সমবেত ও একক নৃত্যে অংশ নেন স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্স, ওডিসি ও টেগর ড্যান্স মুভমেন্ট সেন্টার, অপরাজেয় বাংলাদেশ, প্রিয়াংকা দাশ, স্বপ্নীলা দাশসহ আরও বেশ কয়েকজন। মেলার দ্বিতীয় দিন আর নয় ভুল ও তৃতীয় দিন একাত্তরের বিচ্ছু দুটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক পরিবেশন করে থিয়েটার গণমুখ ও কিডস কালচারাল ইনস্টিটিউট। এ ছাড়া ছিল দেবপ্রসাদ দাসের আলোকচিত্র প্রদর্শনী।