
ঢাকার উন্মুক্ত দেয়ালে আঁকা ‘সুবোধ’-এর দেয়ালচিত্র আমাদের অনেকের চোখেই হয়তো পড়েছে। অনেকের কৌতূহল জেগেছে, কে এই সুবোধ কিংবা এর আঁকিয়েই-বা কে? ১৯৯০ সালের গোড়ায় এমনই রহস্যময় গ্রাফিতি (দেয়ালচিত্র) দেখা গিয়েছিল যুক্তরাজ্যের ব্রিস্টল শহরের দেয়ালে দেয়ালে। রহস্যময় এই চিত্রশিল্পী বাঙ্কসি নামে পরিচিত। সেসব চিত্রকর্মে প্রতিফলিত হয়েছে সে সময়ের যুক্তরাজ্যের সমাজ-রাজনীতি। তাঁর আঁকা এমনই এক গ্রাফিতি ‘বেলুন গার্ল’ বা বেলুন বালিকা।
বেলুন বালিকা চিত্রকর্মটি প্রথম দেখায় সাদামাটা একটি গ্রাফিতি মনে হয়। কিন্তু ছোট্ট বাচ্চার হাত থেকে ফসকে যাওয়া হৃদয়াকৃতির একটি বেলুন ক্রমেই দূরে সরে যাওয়ার দৃশ্যটি একসময় ভাবিয়ে তোলে। ভাবছেন বাঙ্কসির বেলুন বালিকার হঠাৎ এত কথা কেন? কারণ, এই শিল্পকর্ম আবারও নতুন করে আলোচনায় এসেছে। ব্রিটেনে ‘জাতির জনপ্রিয় শিল্পকর্ম’ শীর্ষক এক ভোটের আয়োজন হয়েছিল। সে ভোটেই সেরা শিল্পকর্ম নির্বাচিত হয়েছে বাঙ্কসির এই বেলুন বালিকা।
সূত্র: বিবিসি ও ইনডিপেনডেন্ট