রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ও বান্দরবানের রাজভিলা ইউনিয়নের বিভিন্ন দুর্গম এলাকার লোকজন ডাকাত-আতঙ্কে রাত কাটাচ্ছে। ডাকাতের গুলিতে আহত হয়ে স্থানীয় এক জনপ্রতিনিধির স্ত্রী বর্তমানে চট্টগ্রামের একটি ক্লিনিকে চিকিৎসাধীন। পাশাপাশি এই দুই ইউনিয়নে গত এক মাসে কমপক্ষে ১৫টি ডাকাতির ঘটনা ঘটেছে বলে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ নিশ্চিত করেছে।বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোতালেব হাওলাদার গত বৃহস্পতিবার মুঠোফোনে জানান, ৬ জুন মধ্যরাতে একটি ডাকাতদল ইসলামপুর বাজার ও তাঁর বাসায় ডাকাতি করে।এ সময় ডাকাতেরা তাঁকে লক্ষ্য করে গুলি করলে তা তাঁর স্ত্রী হাসিনুর বেগমের পেটে লাগে। হাসিনুর বেগম বর্তমানে চট্টগ্রামের একটি ক্লিনিকে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আবদুর রহিম বাদী হয়ে রাজস্থলী থানায় একটি মামলা করেছেন।ঘটনাটি নিশ্চিত করেছেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুল্লাহ সরকার। মোতালেব বলেন, ‘স্ত্রীকে ক্লিনিকে ভর্তি করে বাসায় ফেরার পর ৮ জুন রাতে ডাকাতেরা আবার আমার ওপর হামলার চেষ্টা করে। তবে ভাগ্যক্রমে বাড়িতে ছিলাম না। একই রাতে টাইংখালী বাজারেও ডাকাতেরা হামলা চালায়। সেখানে তারা নারীদের ওপর নির্যাতন চালায়। ডাকাত দলে ৩০ থেকে ৩৫ জন পাহাড়ি বাঙালি রয়েছে।’তবে ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ক্যাসিং মং মারমা বলেন, ‘ডাকাতেরা ভাঙা ভাঙা মারমা ভাষা বলতে পারে। তবে তারা মারমা নয়, রোহিঙ্গা।’ বাঙ্গালহালিয়া ইউপির চেয়ারম্যান গগনো মারমা জানান, ডাকাত-আতঙ্কের কারণে দুর্গম এলাকার লোকজন রাত জেগে পাহারা দিচ্ছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। ২৫ জুন চন্দ্রঘোনা থানায় এ বিষয়ে সভা করার সিদ্ধান্ত হয়েছে।বান্দরবান জেলার রাজভিলা ইউপির চেয়ারম্যান ক্যাসিং চই মারমা জানান, ইউনিয়নের বিভিন্ন স্থানে এ পর্যন্ত চার থেকে পাঁচটি ডাকাতির ঘটনার খবর পাওয়া গেছে। লোকজন খুবই আতঙ্কে আছে।ঘটনার সত্যতা স্বীকার করে চন্দ্রঘোনা থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, বাঙ্গালহালিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় ২৫ জুন একটি সভা আহ্বান করা হয়েছে। সেখানে গ্রামপুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।