বাঙ্গালহালিয়ায় শোভাযাত্রা
রাজস্থলী উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সম্ভাব্য প্রার্থীদের আচরণবিধি মেনে চলা এবং কোনো মহল যাতে নির্বাচনকে প্রভাবিত করতে না পারে সে ব্যাপারে ভোটারদের সচেতন করা হয়। চন্দ্রঘোনা থানা পুলিশ ১৩ মে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে শোভাযাত্রার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মাসুদ-উল-হাসান।প্রসঙ্গত, আগামী ১৫ জুন উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচন হবে। বাঙ্গালহালিয়া জামে মসজিদের পেশ ইমাম মো. নুরুল আমিন জানান, নির্বাচনে আচরণবিধি মেনে চলার অঙ্গীকার নিয়ে জুমার নামাজ শেষে শোভাযাত্রা বের করা হয়। এতে সর্বস্তরের মানুষ অংশ নেন। চেয়ারম্যান পদপ্রার্থী পুলক চৌধুরী ও সদস্য পদপ্রার্থী অরুণ সেন জানান, থানা পুলিশ যে আয়োজন করেছে তা ব্যতিক্রমী ও সময়োপযোগী। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্যাহ জানান, এ আয়োজন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ এবং আনন্দমুখর পরিবেশে করার জন্য সহায়ক হবে।বাঙ্গালহালিয়া বাজারে ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্যাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) প্রণব কুমার রায়, রাজনীতিক পুলক বড়ুয়া ও মো. আলাউদ্দীন। পুলিশ সুপার বলেন, ‘পুলিশকে জনগণের বন্ধু ভাবতে হবে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হলে পুলিশের যেমন প্রয়োজন আছে তেমনি জনগণের সহযোগিতা না থাকলে পুলিশ কিছুই করতে পারবে না।’ তিনি আরও বলেন, ইভ টিজিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।