
বাচ্চাদের দোকানে নেওয়ার অন্যতম বিড়ম্বনা হচ্ছে কিছু দেখলেই এটা-ওটা চাওয়া। সেদিন তো চার বছরের রুমকিকে নিয়ে ওর মা মহা বিপদে পড়েছিলেন। দোকানে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিনে দিতে হলো ওর পছন্দমতো কয়েকটি খেলনা। একদিন বাজার করে টাকা যখন সব শেষ, তখন খেলনার জন্য এত জেদ করছিল যে শেষ পর্যন্ত সবার সামনে মা ওকে চড় মারেন। মিতুর তো দোকানে গেলে প্রতিদিন নতুন একটা বারবি পুতুল লাগবেই। না দিলে কান্নাকাটি করে ঝামেলা বাধিয়ে ফেলে।
সন্তানের কোনো ইচ্ছাকে ‘না’ বলা সম্ভবত যেকোনো মা-বাবার জন্য কঠিন কাজ। তবে সব সময় যা চাইবে, তা-ই পূরণ করা যায় না। আবার চাওয়া মাত্র সব চাহিদা পূরণ করা কতটুকু ঠিক, সেটি নিয়েও প্রশ্ন থেকে যায়। আসলেই কি উচিত? এর স্পষ্ট উত্তর হলো ‘না।’
মনে রাখবেন, আপনি সন্তানের সঙ্গে যে আচরণ করবেন, সেটাই কিন্তু তার মনোজগতের মধ্যে ঢুকে যাবে। ফলে কোনো কিছু না-পাওয়াকে কীভাবে মানিয়ে নিতে হয়, সেটা কিন্তু সে শিখতে পারছে না। একটু ভেবে দেখুন, একপর্যায়ে আপনি যেমন তার সব চাহিদা মেটাতে পারবেন না, তেমনি বড় হয়ে তার অবশ্যম্ভাবীভাবে জীবনে সব প্রত্যাশা পূরণও হবে না। চাইলেই পাওয়া যায় এমন মনোভাব যদি ছোটবেলা থেকেই তৈরি হয়, তাহলে কিন্তু পরবর্তী সময়ে ব্যর্থতা মেনে নেওয়া কঠিন হবে। তাহলে কী করবেন?
* প্রয়োজনের বাইরে প্রতি মাসে আপনার সন্তানের জন্য কত খরচ করবেন, সেটার একটা মোটামুটি হিসাব আপনার মাথায় রাখুন। এই বাজেটের বাইরে আপনি তাকে বাড়তি কিছু কিনে দেবেন না। সেটার ব্যাপারে মনে মনে দৃঢ় থাকুন এবং আপনার বাজেটের বিষয় সন্তানকে জানান বা হালকা ধারণা দিন। যেমন, ‘আগামী দুই মাসে তোমার জন্য তিনটা খেলনা বরাদ্দ আছে, এর বেশি কিন্তু আগামী দুই মাসের মধ্যে তুমি পাবে না।’
* দোকানে যাওয়ার আগে সন্তানকে তার ইচ্ছা অনুযায়ী কয়টা খেলনা সে পেতে পারে বা আদৌ কিছু পাবে কি না, জানান।
* এরপরও দোকানে গিয়ে সন্তান কিছু চাইলে তাকে বকা না দিয়ে বা সরাসরি ‘না’ বলে তার চাহিদা সম্পূর্ণ উপেক্ষা করুন। প্রয়োজনে দোকানে আসার আগে কী বলে নিয়ে এসেছিলেন, সেটা মনে করিয়ে দিন। এ ব্যাপারে সে যতই জেদ বা কান্নাকাটি করুক, সেটাতে কোনোরকম মনোযোগ দেওয়া থেকে নিজেকে বিরত রাখুন। এর ফলে সে নিজে থেকেই বুঝে যাবে যে জেদ করে আপনার কাছ থেকে কিছু আদায় করা যাবে না। ভবিষ্যতের সফল জীবনযাপনের জন্য এটা জানা প্রয়োজন যে সব সময় চাইলেই বা ‘জেদ’ করলেই সবকিছু পাওয়া যায় না।
* দোকানে গিয়ে খেলনার জন্য অতিরিক্ত জেদ—যেমন, চিৎকার করা, মাটিতে গড়াগড়ি দেওয়া, দুর্ব্যবহার করা ইত্যাদি যেকোনো অনাকাঙ্ক্ষিত আচরণ উপেক্ষা করার পাশাপাশি শাস্তির বদলে সাময়িকভাবে তার কিছু প্রাপ্য সুবিধা যেমন—কিছুক্ষণের জন্য আদর ও কথা বলা কমিয়ে দেওয়া, শীতল আচরণ ইত্যাদি করা যেতে পারে।
* সন্তান সহজভাবে আপনার কথা মেনে নিলে বা খেলনা চাওয়ার ব্যাপারে দোকানে গিয়ে আপনার কথা মনে রাখলে অবশ্যই তার কাঙ্ক্ষিত এ আচরণের জন্য তাকে প্রশংসা করতে ভুলবেন না। যেমন, ‘আমি খুব খুশি হয়েছি, তুমি তোমার কথা রেখেছ’ বা ‘তুমি একটা লক্ষ্মী বাচ্চা। কারণ, তুমি খেলনার জন্য দোকানে গিয়ে একেবারেই জেদ করো না।’ এ ধরনের প্রশংসা বা উৎসাহ আপনার সন্তানের ইতিবাচক আচরণ বাড়াতে সাহায্য করবে।
* ক্ষেত্রবিশেষে অবশ্যই আপনার দৃঢ় অবস্থান থেকে সরে আসুন। শিশুকে আপনার মনের নরম জায়গাটাও দেখতে দিন।
মেখলা সরকার : সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা