
বাচ্চাদের নিয়ে আমরা সব সময় ভয়ে থাকি। বিশেষত হামাগুড়ি দিতে শেখার পর তাদের মনোযোগ চলে যায় মাটিতে ছড়িয়ে থাকা মুড়ি-মুড়কির মতো বিভিন্ন খাদ্যকণার দিকে। হাতের কাছে যা পায়, তা-ই মুখে পুরে দেয়। এতে স্বাস্থ্যহানির আশঙ্কা থাকে। ডায়রিয়াসহ নানা রকম অসুখ হতে পারে। সে জন্য আমাদের সব সময় ধুলাবালু এড়িয়ে চলা ভালো। তিন বেলা খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়ার কথা তো আমরাই বলি। এতে যে ডায়রিয়ায় মৃত্যুর হার কমে, সেটা প্রমাণিত সত্য। তবে কিছু ধুলাবালু যদি খেয়েই ফেলে কেউ, তাহলে হয়তো খুব বেশি ভয়ের কিছু নেই।
১. আমরা যদি ভেবে দেখি তাহলে বুঝব, বাচ্চা হোক বা বয়স্ক, না চাইলেও আমরা সবাই প্রায় প্রতিদিনই কিছু না কিছু ধুলাবালু, মাটি খেয়ে ফেলি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের একটি সেবা কার্যক্রম মেডলিন প্লাস মনে করে, এতে খুব বেশি ক্ষতি হয় না। হলেও সেটা সামান্য। বিশেষত যদি সেই ধুলাবালুতে কীটনাশক ওষুধ, সার, সিসার গুঁড়া বা প্যারাসাইট (পরজীবী জীবাণু) প্রভৃতি মিশে না থাকে। এ বিষয়ে আরও কিছু তথ্য দ্য নিউইয়র্ক টাইমস (২৭ অক্টোবর ২০১৫)-এ প্রকাশিত হয়েছে।
২. আমরা প্রতিদিন যেসব খাবার খাই, তাতে প্রায়ই কিছু না কিছু দূষিত পদার্থ থাকে, হাতে থাকে ময়লা। খাবারের সঙ্গে আমরা ওসব খেয়ে ফেলি। শ্বাস-প্রশ্বাসের সঙ্গে শরীরে সব সময় ধুলাবালু ঢুকছে। আর বাচ্চারা তো অহরহ ধুলাবালু মাটি থেকে চেটেপুটে খাচ্ছেই। এর ফলে যে বাচ্চারা সব সময় অসুস্থ হয়ে পড়ছে, তা নয়। বরং ধুলাবালু তাদের পেটে সহ্য হয়ে যাচ্ছে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র) প্রকাশিত ইমার্জিং ইনফেকশাস ডিজিজেস জার্নাল-এর একটি রিভিউ নিবন্ধে আমাদের অভিজ্ঞতালব্ধ এ কথাগুলো উল্লেখ করা হয়েছে।
৩. অবশ্য অনেকে বেশি পরিমাণে ধুলাবালু খেয়ে থাকে। একে বলা হয় ‘সয়েল পাইকা’ বা জিওফ্যাজি। মাটি, ধুলা বা কাদা খাওয়ার প্রবণতা। এর ফলে কোষ্ঠকাঠিন্য বা ক্ষুদ্রান্ত্রে প্রতিবন্ধকতা (ব্লকেজ) সৃষ্টি হতে পারে।
৪. সামান্য ধুলাবালু বলতে ঠিক কতটা বোঝানো হয়? এ বিষয়েও একটি পরিমাপ রয়েছে। বিষাক্ত পদার্থ ও রোগ চিহ্নিত করার দায়িত্বে নিয়োজিত যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর টকসিক সাবস্ট্যান্স অ্যান্ড ডিজিজ রেজিসিট্রর একটি কমিটি ২০০০ সালে সাধারণভাবে বলেছে, দিনে মোটামুটি পাঁচ হাজার মিলিগ্রাম বা এক চা-চামচ মাটিকে বলা চলে সীমারেখা। এর কম হলে তেমন সমস্যা হয় না, বেশি হলে গড়বড় হতে পারে।
৫. কোনো কোনো সমাজে কাদামাটি খাওয়ার চল আছে। অনেক সময় সন্তানসম্ভবা নারী কাদামাটি খেয়ে থাকেন। তাঁদের ধারণা, এতে খনিজদ্রব্যের অভাব পূরণ হয়, শরীর পুষ্টি পায় এবং বিতৃষ্ণাবোধ দূর হয়।
আবার কোথাও কোথাও এ রকম একটি ধারণা আছে যে বাচ্চারা বিভিন্ন সংক্রামক রোগের টিকা হিসেবে স্বতঃপ্রবৃত্ত হয়ে ধুলাবালু, মাটি খায়। কিন্তু এর কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, ২৭ অক্টোবর ২০১৫