বাছুর-বিভ্রাট
গত মাসের মাঝামাঝিতে বাসার সবাই মিলে বেড়াতে গিয়েছিলাম গ্রামের বাড়িতে। গ্রামটি যেহেতু বাংলাদেশের ভেতরেই অবস্থিত, সেহেতু লোডশেডিং একটা অতি সাধারণ বিষয়। এক ঘণ্টা বিদ্যুৎ থাকে তো এক ঘণ্টা থাকে না। তবে এই লোডশেডিংয়ের লুকোচুরিতে আমরা সবাই অভ্যস্ত হয়ে গেছি। তাই বিদ্যুৎ এল কি গেল তা খেয়াল না করে আমরা সব কটা চাচাতো, ফুপাতো ভাইবোন নিজেদের মতো করেই গল্প করা, খেলাধুলা এসব নিয়ে মেতে ছিলাম। আমার এক ফুপাতো ভাইয়াও ছিল। ও আবার খুব ভালো ইংরেজি জানে এবং ইংরেজিতে কথাও বলে খুব সুন্দর করে। তাই অহংকারটাও একটু বেশি। তো গ্রামে এসে মাঝেমধ্যে ও আমাদের শুনিয়ে শুনিয়ে ফোনে কথা বলছে, যার বেশির ভাগই ইংরেজিতে। আবার ল্যাপটপ বের করছে মাঝেমধ্যে। আমি যে ইংরেজিতে কাঁচা সেটা বুঝতে পেরে আমাকে মাঝে কয়েকবার বোল্ড আউটও করেছে। তার ভাব, সে সবকিছুই পারে, তার অসাধ্য কিছুই নেই। ওই ভাইয়া আমার বড়, তাই কিছু বলতেও পারছি না। আম্মুকে বললাম। আম্মু বলল, ‘দুটো দিনের জন্য বেড়াতে এসেছ, সবাই মিলে আনন্দ করো।’ কিন্তু না, আমি তো হাল ছাড়ার পাত্রী নই। আমি থাকি সুযোগের অপেক্ষায়। নাহ, সুযোগ আর আসে না। আগামীকাল চলে যাব, অথচ ওই ভাইয়াকে টাইট দিতে পারলাম না। সন্ধ্যায় বসে বসে এসব ভাবছি, তখন ছোট বোন এসে বলল, বাইরে চা খেতে বড় আম্মু ডাকছে। ঘর থেকে বের হয়ে দেখলাম, সন্ধ্যা পার হয়ে গেছে। চারদিক বেশ অন্ধকার। হারিকেনের আলোয় বাড়ির সবাই চানাচুর দিয়ে মুড়ি মাখানো খাচ্ছে। আমিও বসলাম। ছোট চাচি চা এনে দিল সবাইকে। আব্বু আর বড় আব্বু বাসায় ঢুকছে। বড় আব্বু চিৎকার করে বাড়ির কাজের ছেলেটাকে বলছে, ‘সাগর, বাইরে গরুটা বাঁধা আছে, ওটাকে গোয়ালে নিয়ে বেঁধে দে। রাত হয়ে গেল।’ এই বলে আব্বু আর বড় আব্বু আমাদের কাছেই বসল। সাগর ভাই গরু বাঁধছে। বড় আব্বু উঠে বলল, ‘যাই, আমি বাছুরটা নিয়ে আসি।’ এমন সময় আমার ছোট বোন ওই ভাইয়াকে বলল, ‘ভাইয়া, আপনি তো সব পারেন, তা হলে যান না, বাছুরটা আপনি নিয়ে আসুন। বড় আব্বু আবার কষ্ট করে যাবে?’ এবার ওই ভাইয়ার প্রেস্টিজে লাগল। সে তৎক্ষণাৎ বলল, ‘আরে বড় মামা, আপনি বসুন, আমি বাছুর আনছি।’ এই বলে উঠে গেল। ভাইয়ার আম্মুর খুশি দেখে কে? এমন ভাব যেন ছেলে এভারেস্ট জয় করতে গেল। বাছুরের গলায় দড়ি না থাকায় বড় আব্বু বলল বাছুরের কান ধরে নিয়ে আসতে। একেই বলে চোরের দশ দিন আর গেরস্থের এক দিন। ভাইয়া বাছুর নিয়ে এল আর ঠিক সেই সময়ই বিদ্যুৎ চলে এল। ব্যস, সবাই ভাইয়াকে দেখে অট্টহাসিতে ফেটে পড়ল। আরে কোথায় বাছুর? এটা তো একটা কুকুর! আর ভাইয়া কুকুরের কান ধরে আছে। আমাকে আর পায় কে? আমি তো বলা শুরু করলাম, ‘আরে, তুমি দেখছি গরু আর কুকুরকে আলাদাই করতে পারো না।’ ইত্যাদি! ইত্যাদি! বাড়ির সবার সামনে এমন অপমান! আহা! বেচারা। বড় আম্মু বলল, ‘আরে বাবা হারিকেনটা নিয়ে যাবে তো, অন্ধকারের জন্যই এমনটা হলো।’ আর আমি আরও চেঁচিয়ে বললাম, ‘লোডশেডিংয়ের সময় আলো নিয়ে কাজ করতে হয়, এটা তো সবাই জানে। তারাই জানে না যাদের কমন সেন্স নেই।’ মনে মনে লোডশেডিংকে ধন্যবাদ দিলাম। যে লোডশেডিংয়ের জন্যই আমি ওই সবজান্তা ভাইয়াকে বোল্ড আউট করতে পেরেছি। সুমাইয়া চৌধুরীইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস, রাজশাহী।