শিকারের জন্য মধ্যপ্রাচ্যের মানুষ একসময় বাজপাখি পুষত। যাযাবর জীবন পেছনে ফেলে এলেও তারা ভোলেনি বাজপাখির কদর। তাই সাধারণ আরবীয় থেকে রাজপরিবারের সদস্যদের হাতেও বাজপাখি দেখা যায়। এমন পাখিপ্রেমীদের জন্যই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রয়েছে বাজপাখির এক বিশেষায়িত হাসপাতাল। কাগজে-কলমে আবুধাবির ফ্যালকন হাসপাতাল চালু হয়েছিল ১৯৯৯ সালে। এই হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসাসেবা পেয়েছে প্রায় ১ হাজার ১৫০ বাজপাখি।
শুধু হাসপাতাল বললে ভুলই হবে, এটি রীতিমতো একটি কমপ্লেক্স, যেখানে আছে নিজস্ব পরীক্ষাগার, একটি হোটেল, প্রশিক্ষণকেন্দ্র এবং একটি চিকিৎসাকেন্দ্র। আর এখানে কাজ করেন মোট ১০৭ জন চিকিৎসক ও নার্স। পাশাপাশি প্রশিক্ষণকেন্দ্রে আগ্রহী শিক্ষার্থীদের প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে। শুধু আরব আমিরাতই নয়, প্রিয় বাজপাখির চিকিৎসা করাতে অনেকই আসেন সৌদি আরব, কুয়েত, কাতার ও বাহরাইন থেকেও।
যদিও আবুধাবির রাজপরিবার এই হাসপাতালের পেছনে অঢেল টাকা খরচ করেছে, শুরুর যাত্রাটা কঠিনই ছিল একটু হাসপাতালটির জন্য। মূলত প্রথম দুই বছর বাজপাখির মালিকদের মধ্যে সচেতনতা তৈরি করতে হয়েছে যে বাজপাখিরও নিয়মিত পরিচর্যা আর চিকিৎসাসেবা দরকার।
মজার ব্যাপার হচ্ছে এই হাসপাতাল এখন পর্যটকদের জন্যও এক আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। প্রতিদিন অন্তত দুবার পর্যটকদের পুরো হাসপাতাল ঘুরে দেখানোর ব্যবস্থা করা হয়।
সূত্র: সিএনএন