বাজার চাঙা করতে সিএসইর প্রস্তাব
শেয়ারবাজারে চাঙাভাব ফিরিয়ে আনতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সদস্যরা বেশ কিছু প্রস্তাব দিয়েছেন। গত বৃহস্পতিবারের বৈঠকে এসব প্রস্তাব দেওয়া হয়।প্রস্তাবের মধ্যে অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে সক্রিয় করা, নতুন মার্চেন্ট ব্যাংকের অনুমোদন এবং পুরোনোগুলোর কার্যক্রমের ওপর লাইসেন্স পুনর্বিবেচনা, বাজার সম্প্রসারণে ব্রোকারেজ হাউসের নতুন শাখার অনুমোদন, যুগোপযোগী ওটিসি (ওভার দ্য কাউন্টার) মার্কেট গঠন, জেড ক্যাটাগরির শেয়ারের লেনদেনের সময় কমিয়ে আনা প্রভৃতি উল্লেখযোগ্য।সিএসই কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন সিএসইর সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ, সহসভাপতি আল মারুফ খান, তারেক কামাল, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসাইন, পরিচালক আবু সৈয়দ মো. শহীদুল্লাহ, বিজন চক্রবর্তী, মফিজ উদ্দিন, মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।বৈঠকে উত্থাপিত প্রস্তাব প্রসঙ্গে সিএসই সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে এ ধরনের বৈঠক করছি। এসব বৈঠকের আলোকে ২৬-২৭ সেপ্টেম্বরের মধ্যে একটি সুপারিশমালা তৈরি করা হবে এবং এ নিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে জোরালো আলাপ-আলোচনা চালাব।’বৈঠক সূত্রে জানা যায়, তারল্য-সংকট নিরসনে বাংলাদেশ তহবিলের (ফান্ড) কার্যকারিতা নিয়ে আলোচনা হয়। এতে বলা হয়, তহবিল কীভাবে পরিচালিত হচ্ছে এবং এখানে কতটা পেশাদারত্ব বজায় থাকছে, এসব বিষয়ে নজরদারি থাকবে। পাশাপাশি অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে দ্রুত আইনি বাধ্যবাধকতা অপসারণের কথা বলা হয়েছে এবং যেসব প্রতিষ্ঠানের তহবিল থাকা সত্ত্বেও তারা বিনোয়োগ করছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেছে। এ ছাড়া মার্চেন্ট ব্যাংকগুলো যথাযথভাবে দায়িত্ব পালন করছে না বলেও সমালোচনা করা হয়। আর এ জন্য নতুন মার্চেন্ট ব্যাংক প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে যেসব ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাঁদের লাইসেন্স পুনর্বিচেনার দাবি জানানো হয়। এ ক্ষেত্রে চট্টগ্রামভিত্তিক মার্চেন্ট ব্যাংকগুলোর আবেদন অনুমোদনের কথা উঠে আসে। নতুন লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে সমতা বিধান অর্থাৎ সব এলাকার প্রতিনিধিত্ব বজায় রাখা এবং প্রতিটি বিভাগীয় শহরে বিশেষ করে চট্টগ্রামের জন্য মার্চেন্ট ব্যাংকের অ্যাডভাইজরি সেল রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বাজার সম্প্রসারণ এবং বিনিয়োগ বাড়াতে বিভিন্ন ব্রোকারেজ হাউসের শাখাগুলোর অনুমোদন দিতে বলা হয়। এ প্রসঙ্গে সিইসি সদস্যদের অভিমত, এসব শাখা কেবল পুঁজি সংগ্রহ কেন্দ্র নয়, এগুলো একেকটি শিক্ষাকেন্দ্রও। কারণ, এসব শাখায় গিয়ে তাঁরা বিভিন্ন প্রকাশনা পাঠ এবং অভিজ্ঞ লোকজনের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নিজেরা বিনিয়োগ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেতে পারেন। ওটিসি মার্কেটকে যুগোপযোগী করার লক্ষ্যে এখানে ক্রেতা-বিক্রেতার সামঞ্জস্য বিধানের ওপর জোর দেওয়া হয়। কারণ, বিশ্বের বিভিন্ন দেশে ওটিসি মার্কেট হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় একটি মার্কেট। এই মার্কেটের মাধ্যমে শেয়ার বিক্রি করে রিপ্লেসমেন্টের মাধ্যমে টাকা তুলে আনা যায়। জেড ক্যাটাগরির শেয়ার লেনদেনের সময় ১২ দিন থেকে কমিয়ে আনার জন্যও বৈঠকে সুপারিশ করা হয়।