বাজার তদারকিতে নামছে ২২টি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান সামনে রেখে আজ রোববার থেকে পর্যায়ক্রমে চট্টগ্রাম জেলায় ২২টি বাজার তদারকি দল মাঠে নামছে। নগরে সাতটি এবং উপজেলায় ১৪টি দল এ তদারকি করবে। প্রতিটি দলে ন্যূনতম নয়জন সদস্য অভিযানে অংশ নেবেন বলে জানা গেছে। এসব অভিযানে নেতৃত্ব দেবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা প্রশাসনের উদ্যোগে পাঁচটি বাজার তদারকি দল আজ সকাল থেকে অভিযান শুরু করবে। সিটি করপোরেশনের দুটি তদারকি দলও মাঠে নামছে শিগগির। এ সাতটি দল মূলত নগরের ১৫টি খুচরা বাজার এবং দুটি পাইকারি বাজার তদারকি করবে। শহরের বাইরে প্রতিটি উপজেলায় একটি করে তদারকি দল মাঠে থাকবে। এসব দল উপজেলার প্রধান বাজারগুলোতে অভিযান চালাবে।এ প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহছানে এলাহী প্রথম আলোকে বলেন, কেউ অতিরিক্ত মুনাফা করছে কি না তা তদারকি করবে কমিটি। কমিটি খুচরা বাজারে পাইকারি দামের রশিদ এবং মূল্যতালিকা যাচাই করবে। কোনো অসংগতি থাকলে সংশ্লিষ্ট বাজারের ব্যবসায়ী সমিতির মাধ্যমে তা সমাধান করবে। সূত্র জানায়, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রতিটি তদারকি কমিটিতে নয়জন সদস্য রাখা হয়েছে। কমিটিতে বিডিআর, র‌্যাব, পুলিশ, চট্টগ্রাম চেম্বার, মেট্টোপলিটন চেম্বার, দোকান মালিক সমিতি, বিএসটিআই ও ক্যাবের প্রতিনিধি রাখা হয়েছে। কমিটি মূলত রমজানে বহুল ব্যবহূত পণ্য ন্যায্যমূল্যে বিক্রি হচ্ছে কি না তা দেখবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য বিশেষ করে ডাল, চাল, চিনি, ভোজ্যতেল, পেঁয়াজ, ছোলা ইত্যাদি নায্যমূল্যে বিক্রি হচ্ছে কি না তা যাচাই করবে।চট্টগ্রাম চেম্বারের পরিচালক ওয়াছিউর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বাজার তদারকি হলে ব্যবসায়ীরা বেশি মুনাফার সুযোগ পাবেন না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার জন্য আরও আগে থেকে বাজার তদারকি শুরু করা উচিত ছিল।’ জানা গেছে, নগরে তদারকির আওতায় খুচরা বাজারগুলো হচ্ছে রিয়াজউদ্দিন বাজার, কাজীর দেউড়ি, কর্ণফুলী কমপ্লেক্স, কর্ণফুলী মার্কেট, বহদ্দারহাট বাজার, চকবাজার ইত্যাদি। দুটি পাইকারি বাজার হচ্ছে চাক্তাই-খাতুনগঞ্জ ও পাহাড়তলী।