এবারও রাঙ্গুনিয়ায় ভারতীয় পোশাকে বাজার ভরে গেছে। দোকানিরাও এসব পোশাকে পসরা সাজিয়েছেন। ভারতীয়
পোশাকের দাম কম হওয়ায় ক্রেতারাও ঝুঁকছেন সেদিকে। গত কয়েক দিন রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন বিপণিকেন্দ্র ঘুরে এ
চিত্র পাওয়া গেছে।
ক্রেতারা জানান, দেশে তৈরি কাপড়ের চেয়ে ভারতীয় পোশাকের দাম কম, মানও ভালো। তা ছাড়া দোকানে ভারতীয়
শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা ও পাঞ্জাবি থাকে বেশি। তাই পছন্দ করতে তাঁদের সুবিধা হয়।
বিক্রেতারা জানান, ক্রেতারা এসে প্রথমেই খোঁজেন ভারতীয় পোশাক। বেশি বিক্রি হয় এসব পোশাক। দেশি কাপড়
দেখালেও ক্রেতারা তাতে আগ্রহ দেখান না।
রাঙ্গুনিয়া রোয়াজারহাটে রুবেল সুপার মার্কেটে শাড়ি কিনতে আসা মুরাদনগর পৌর এলাকার গৃহবধূ নাসরিন জাহান (২৭)
বলেন, ‘ভারতীয় কিংবা দেশি আমরা বুঝি না। ভালো পোশাক ও দাম কম হলেই কিনছি। কারণ ভারতীয় প্রিন্ট শাড়িগুলোর
রং পাকা, দেখতেও সুন্দর।’
চন্দ্রঘোনা লিচুবাগান আল ইমারত কমপ্লেক্সের একটি দোকান থেকে থ্রি-পিস কেনার সময় কদমতলী ইউনিয়নের
কালুরগোট্টা গ্রামের শারমিন আক্তার (১৯) বলেন, ‘দেশে তৈরি থ্রি-পিসের সঙ্গে ভারতীয় পোশাকের দামের ব্যবধান ২০০
থেকে ৫০০ টাকা পর্যন্ত। তাই যেটা দাম কম, সেটাই কিনি।’
জানা যায়, এবার ঈদে বিক্রির জন্য উপজেলার কাপড় ব্যবসায়ীরা ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা ও পাঞ্জাবি এনেছেন।
বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে চোরাই পথে এসব কাপড় ও প্রসাধনীসামগ্রী ভারত থেকে দেশে আসছে। কুমিল্লা ও ঢাকা থেকে
তাঁরা এসব সামগ্রী কিনে আনছেন।
বাজার ঘুরে দেখা গেছে, ভারতীয় শাড়ি ৩৫০ থেকে পাঁচ হাজার টাকা, থ্রি-পিস এক থেকে সাড়ে চার হাজার ও পাঞ্জাবি
এক থেকে আড়াই হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
চন্দ্রঘোনা আল ইমারত কমপ্লেক্স আনন্দ সাজের স্বত্বাধিকারী সুজন দাশ বলেন, ‘আমরা কাপড় কিনি পাইকারি
দোকানদারের কাছ থেকে। তাঁরা কোথা থেকে কাপড় আনছেন, সেটা আমাদের জানার বিষয় নয়। ক্রেতারা যেসব কাপড়
বেশি চায়, আমরা সেই পোশাকগুলোই রাখার চেষ্টা করি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী বলেন, দেশে তৈরি কাপড় বিদেশে রপ্তানি হচ্ছে। অথচ
দেশে কদর থাকবে না, এটা অবিশ্বাস্য। এটা ব্যবসায়ীদের কারসাজি।
চোরাইপথে ভারতীয় কাপড় ও প্রসাধনী এনে ব্যবসায়ীরা হয়তো বেশি মুনাফা পাচ্ছেন। শিগগির ভ্রাম্যমাণ আদালতের
অভিযান পরিচালনা করা হবে।