বাজার স্থানান্তরে সক্রিয় চা বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চায়ের নিলামবাজার স্থানান্তরের ব্যাপারে নীতিগত অবস্থান নিয়েছে বাংলাদেশ চা বোর্ড। এ জন্য সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের সিলেটের বাসিন্দাদের একটি অংশ চা বোর্ডকে ব্যবহার করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা চা বোর্ডের মাধ্যমে নিলামবাজার স্থানান্তরের প্রক্রিয়া দ্রুত করার জন্য সরকারি মহলে চেষ্টা-তদ্বির চালাচ্ছে বলে জানা গেছে।চা বোর্ড সূত্র জানায়, মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী চায়ের নিলামবাজার স্থানান্তরের উদ্যোগ নিতে চা বোর্ডকে নির্দেশনা দেয়। এই নির্দেশনার ভিত্তিতে গত ১ আগস্ট বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিস্তারিত আলোচনা শেষে ছয় সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।জানা গেছে, চা বোর্ড থেকে গত ৭ আগস্ট এই কমিটি গঠনের দাপ্তরিক আদেশ জারি হয়। কমিটির প্রধান করা হয়েছে বোর্ডের সদস্য (গবেষণা ও উন্নয়ন) মো. আবুল কাশেমকে। কমিটির অন্য সদস্যরা হলেন—চা বোর্ডের সদস্য মনতোষ ধর, বাণিজ্য মন্ত্রণালয়ের একজন উপসচিব, চা-বাগান মালিকদের সংগঠন বাংলাদেশি চা সংসদ এবং ক্রেতা-বিক্রেতাদের সংগঠন বাংলাদেশ টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের দুজন প্রতিনিধি। কমিটির ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।সংশ্লিষ্ট সূত্রমতে, নিলামকেন্দ্র স্থানান্তর করা হবে, নাকি চট্টগ্রামের নিলামকেন্দ্র বহাল রেখে শ্রীমঙ্গলে আরেকটি নিলামকেন্দ্র চালু করা হবে—এসব বিষয় নির্ভর করছে এ-সংক্রান্ত কমিটির প্রতিবেদনের ওপর। জানতে চাইলে চা বোর্ডের উপপরিচালক নবী হোসেন গতকাল সোমবার টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘নিলামকেন্দ্র স্থানান্তরে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। শুধু বোর্ড সভায় বিষয়টি আলোচনার পর একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পরই মূলত নিলামকেন্দ্র স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেবে চা বোর্ড।’কমিটির আহ্বায়ক মো. আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘আমরা এখনো শ্রীমঙ্গলে যাইনি। ১৫ সেপ্টেম্বর যাওয়ার কথা রয়েছে।’জানা গেছে, কমিটি গঠনের পর এর সদস্যদের প্রাথমিক বৈঠক হয় চট্টগ্রামে। এতে কমিটির কার্যক্রম নির্ধারণের পদ্ধতি নিয়ে আলোচনা হয়। কমিটি এখন শ্রীমঙ্গলে গিয়ে সেখানকার অবকাঠামোগত অবস্থা পর্যবেক্ষণ করবে।এ ছাড়া সেখানে নিলামকেন্দ্র স্থাপনের উপযুক্ত স্থান আছে কি না, তা খতিয়ে দেখবে। মূলত এসব বিষয়েই প্রতিবেদন জমা দেওয়ার কথা কমিটির।জানা গেছে, চা-বাগানের সিংহভাগই মৌলভীবাজারে। এ যুক্তি তুলে ধরে মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ দীর্ঘদিন থেকে চায়ের নিলামবাজার শ্রীমঙ্গলে নেওয়ার দাবি জানায়। সর্বশেষ এ সংগঠনের পক্ষ থেকে গত ২৩ জুলাই শ্রীমঙ্গলে চায়ের নিলামকেন্দ্র স্থাপনের দাবিতে বাণিজ্যমন্ত্রীর কাছে একটি আবেদন জানানো হয়।অভিযোগ উঠেছে, শ্রীমঙ্গলের সাংসদ ও জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ চট্টগ্রাম থেকে নিলামবাজার সরিয়ে নেওয়ার ব্যাপারে মূল ভূমিকা পালন করছেন। তাঁর সঙ্গে আছেন বাংলাদেশি চা-সংসদের বর্তমান সভাপতি সাফওয়ান চৌধুরী। শ্রীমঙ্গলে নিলামবাজার নিয়ে যাওয়ার জন্য তিনিও সরকারের বিভিন্ন মহলে দেনদরবার করছেন বলে জানা যায়। জানতে চাইলে সাফওয়ান চৌধুরী প্রথম আলোকে বলেন, শ্রীমঙ্গলে দ্বিতীয় নিলামবাজার হলে ক্ষতি কী? পাশের দেশ ভারতেও তো একাধিক নিলাম-বাজার আছে।