বাজার স্থিতিশীলতায় কিছু পদক্ষেপ জরুরি
বিনিয়োগকারীরা আবারও আশাহত হলেন। গত সোমবার চট্টগ্রামের বিনিয়োগকারীরা রাস্তায় নেমে তাঁদের ক্ষোভ জানালেন। মিছিল-সমাবেশে তাঁদের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার কথা তুলে ধরেন। ইনভেস্টরস ফোরাম নামে বিনিয়োগকারীদের সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান বলেন, ‘আমাদের সামনে কোনো পথই খোলা নেই। দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি। কারণ প্রতিদিনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আমরা বাজার স্থিতিশীল হওয়ার আশ্বাস শুনতে পাচ্ছি। কিন্তু বাজারে এসে দেখছি তার উল্টো। এটা এরপর পৃষ্ঠা ৩ কলাম ৪খুবই দুঃখজনক।’সোমবার সিএসইতে (চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ) দিনশেষে সূচক ১৩০০ দশমিক ৯২ পয়েন্ট কমে দাঁড়ায় ১৬১১২ দশমিক ৭৭ পয়েন্টে। ১৭৬টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বাড়ে মাত্র একটির। কমেছে ১৭৫টি প্রতিষ্ঠানের। মঙ্গলবার সপ্তাহের শেষ কার্যদিবসে (বুধবার ঈদে মিলাদুন্নবী এবং বৃহস্পতিবার বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন উপলক্ষে লেনদেন বন্ধ ছিল) হঠাৎ করেই লেনদেনের চিত্র পাল্টে যায়। ওই দিন সিএসইতে সার্বিক সূচক ৬৭০ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৬৭৮৩ দশমিক ৪৩ পয়েন্ট। ১৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৪টি শেয়ারের দাম বাড়ে, কমে ৩২টির। অপরিবর্তিত থাকে দুটির। কিন্তু এতেও বিনিয়োগকারী ও বাজার বিশ্লেষকেরা আগামীদিনে বাজারের স্থিতিশীলতা সম্পর্কে শঙ্কামুক্ত হতে পারছেন না। বিশ্লেষকেরা মনে করছেন, বাজার এখনো স্থিতি পায়নি। এ ক্ষেত্রে বিনিয়োগকারীদের আস্থা জাগানোটা জরুরি। কিন্তু তাঁরা নানা কারণে এখনো আস্থাহীনতায় ভুগছেন। ইতিমধ্যে ভালো শেয়ারের সরবরাহ বাড়ানোর পদক্ষেপ হিসেবে বাজারে সরকারি শেয়ার আসার কথা থাকলেও তা আবার পিছিয়ে যায়। এতেও অনেক বিনিয়োগকারী হতাশ হয়ে পড়েন। এ প্রসঙ্গে বাজার বিশ্লেষক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘সত্যিকার অর্থে শেয়ারবাজারে এখনো স্থিতিশীলতা ফিরে আসেনি। এ জন্য বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর বিকল্প নেই এ কথা যেমন সত্যি তেমনি আরও কিছু পদক্ষেপ নেওয়াও প্রয়োজন বাজারে গতিশীলতা বাড়ানোর জন্য।’ সরকারি শেয়ার বাজারে আসার সিদ্ধান্ত স্থগিত হয়ে যাওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ আস্থাহীনতায় ভুগছেন বলেও মনে করেন মোহাম্মদ মহিউদ্দিন। তাঁর মতে, সেকেন্ডারি মার্কেটের মতো প্রাইমারি মার্কেটের বিনিয়োগকারীদের ব্যাপারেও মনোযোগ দেওয়া দরকার। কারণ শেয়ারবাজার চাঙা করার ক্ষেত্রে তাঁদের অবদানও কম নয়।’বর্তমান পরিস্থিতিতে বাজারে লেনদেনের গতি বাড়ানো ও স্থিতিশীলতার জন্য এর বাইরেও আরও কিছু বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর জোর দিচ্ছেন শেয়ার ব্যবসায়ী ও বিশ্লেষকেরা। তাঁরা মনে করেন, ডি-লিস্টেট প্রতিষ্ঠানগুলো সম্পর্কে খোঁজ নিয়ে তাদের বাজারে ফিরিয়ে আনা এবং বিনিয়োগকারীদের অর্থ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা দরকার। এটাও বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সাহায্য করবে। একই সঙ্গে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের কোনো লেনদেনই হচ্ছে না সেগুলোর ব্যাপারেও তদারকির প্রয়োজন আছে বলে মনে করেন বিশ্লেষকেরা। এদিকে, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আওতাধীন বিভিন্ন ব্রোকারেজ হাউসের শাখা কার্যক্রম চালুর ব্যাপারেও উদ্যোগ নেওয়া দরকার। জানা গেছে, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নীতিমালা অনুযায়ী বিভাগীয় হেড কোয়ার্টারে কোনো শাখা খোলার অনুমোদন দেওয়া হয় না। কিন্তু এর বাইরে শর্তসাপেক্ষে শাখা খোলার বিধান অনুযায়ী এসব প্রতিষ্ঠানে লোক নিয়োগপ্রক্রিয়া, কার্যালয়ের জন্য আসবাবপত্র, বিদ্যুৎব্যবস্থা নিশ্চিত করার পরও এগুলো কার্যক্রম পরিচালনার অনুমোদন পায়নি এখনো। অথচ এ ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়া হলে তা-ও বিনিয়োগে গতি সঞ্চার করবে বলে মনে করেন বাজার বিশ্লেষকেরা।