বাজারমুখী হচ্ছেন বিনিয়োগকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ফরিদ উদ্দিন শেয়ার ব্যবসার সঙ্গে যুক্ত প্রায় পাঁচ বছর। এরই মধ্যে বাজার সম্পর্কে অভিজ্ঞতাও হয়েছে বেশ। সাম্প্রতিক বাজার ধসে তিনিও অন্য অনেকের মতো ক্ষতির মুখে পড়েন। তাই হতাশা ঘিরে ছিল চারপাশ। কিন্তু গত কয়েক দিনের লেনদেন দেখে তিনি আবার মনোবল ফিরে পাওয়ার কথা জানালেন। বললেন, ‘নতুন করে বিনিয়োগের ভরসা পাচ্ছি। তা ছাড়া বাজারে স্থিতিশীলতা দেখে এখন লোকসান সমন্বয়ের চেষ্টা করছি।’ একই কথা বললেন তরুণ বিনিয়োগকারী হাবিব চৌধুরী। তিনি বলেন, ‘আমরা তো এক প্রকার মুখ ফিরিয়ে নিয়েছিলাম হতাশায়। এখন মনে হচ্ছে শেয়ারবাজার আবার গতিশীল হচ্ছে। ফলে আমাদের মতো অনেক বিনিয়োগকারী আবার বাজারমুখী হচ্ছেন।’গত সপ্তাহে হরতালের দুই দিনেই শেয়ারবাজারে লেনদেন ভালো হয়েছে। বিভিন্ন ব্রোকারেজ হাউসে খোঁজ নিয়ে জানা যায়, এ সময়ে বিনিয়োগকারীরা অনেকে টেলিফোনেই লেনদেন সারেন। এর মধ্যে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিইসি) লেনদেনে রেকর্ড গড়ে। ওই দিন প্রায় ১৪৬ কোটি টাকার লেনদেন হয়েছে বলে জানা গেছে। যা ছিল গত ৭৬ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। বেশির ভাগ বিনিয়োগকারীই মনে করেন, শেয়ারবাজারে কালো টাকা সাদা করার সুযোগসহ কয়েকটি ইতিবাচক সিদ্ধান্ত বাজার ঘুরে দাঁড়াতে সহায়তা করছে। বাজার বিশ্লেষকেরা এক্ষেত্রে বাজেটে কালো টাকা বিনিয়োগের সুযোগ এবং এ ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ডের নীতিমালাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তাঁদের মতে, এসব সময়োপযোগী পদক্ষেপ শেয়ারবাজারকে চাঙ্গা করা এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখছে। এ ব্যাপারে সিএসই-এর পরিচালক ও সালতা ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম শহীদউল্লাহ বলেন, ‘রাজস্ব বোর্ডের নীতিমালা এ মুহূর্তে বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করছে।’ উল্লেখ্য, রাজস্ব বোর্ডের ওই নীতিমালায় বলা হয়েছে, অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের পর দুই বছরের মধ্যে তা বাজার থেকে সরিয়ে নেওয়া যাবে না। তবে কেউ চাইলে তার মুনাফা তুলে নিতে পারবে।