বাজারে আগাম তরমুজ, দামও চড়া
টেকনাফের হাটবাজারে আসতে শুরু করেছে আগাম তরমুজ। গ্রীষ্মের এই ফল শীতে আসতে শুরু করায় ক্রেতাদের আগ্রহও বেশ। কিন্তু দাম চড়া। ফলে অনেকে আগাম এই ফলের স্বাদ নিতে পারছেন না। তার পরও বিক্রি নিয়ে সন্তুষ্ট চাষি ও বিক্রেতারা।চাষিরা জানান, অন্যান্য স্থানের তুলনায় প্রায় দুই মাস আগে টেকনাফের চাষিরা তরমুজ চাষে নামেন। এ জন্য এখানকার তরমুজ আগেই বাজারে চলে আসে। আগাম এলে লাভও বেশি। দাম ভালো পাওয়া যায়। বাজারে আনার সঙ্গে সঙ্গে কিনে নেন পাইকারি ব্যবসায়ীরা। অনেকে অগ্রিম টাকাও দেন। এবার সদর ইউনিয়নের হাবিরছড়া, রাজারছড়া ও বাহারছড়ার চৌকিদারপাড়া, হলবনিয়া ও শামলাপুরসহ বিভিন্ন এলাকায় আগাম তরমুজের ফলন ভালো হয়েছে।সরেজমিনে দেখা গেছে, টেকনাফের পুরোনো বাসস্টেশন, থানার মোড়, শাহপরীর দ্বীপ জিপস্টেশন ও লেঙ্গুরবিল রাস্তার মাথা বাজারে আকারভেদে প্রতিটি তরমুজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ২০০ টাকায়। গত মঙ্গলবার পুরোনো বাসস্টেশন এলাকায় কথা হয় সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া গ্রামের চাষি আবদুল হাকিমের সঙ্গে। সাড়ে ৮০০ তরমুজ নিয়ে এসেছেন তিনি। আবদুল হাকিম বলেন, ‘সব তরমুজ চার পাইকারি ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি ৬৬ হাজার টাকায়। তাঁদের মধ্যে দুজন ৪০ হাজার টাকা অগ্রিম দিয়েছেন আরও তরমুজের জন্য।’ বাসস্টেশনে নাফ পেপার বিতানের সামনে ফুটপাতে বসে তরমুজ বিক্রি করছিলেন স্থানীয় ব্যবসায়ী মো. ইসলাম (৪৭)। তিনি বলেন, ‘আমরা প্রতিবছর মৌসুমি ফল ও তরমুজ কিনে বিক্রি করি। আগাম ফল হিসেবে তরমুজ বেশ ভালো বিক্রি হচ্ছে।’ কয়েক দিনের মধ্যে আরও তরমুজ আসবে, তখন টেকনাফের এই তরমুজ কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে।ব্রাহ্মণবাড়িয়া থেকে বেড়াতে আসা পর্যটক দিদারুল আলম, আবু হাসান ও ইজাউল হক আগাম তরমুজ পাওয়ায় খুব খুশি হয়েছেন। তাঁরা জানান, এ সময়ে বাজারে তরমুজ পাওয়ার কথা নয়। তাই এখান থেকে আড়াই হাজার টাকায় ১০টি তরমুজ নিয়ে যাচ্ছেন। জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল লতিফ বলেন, চলতি মৌসুমে উপজেলায় পাঁচ হাজার একর জমিতে তরমুজের চাষ হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের তুলনায় এবার তরমুজের ফলন ভালো হবে। স্থানীয় চাষিরা আগেভাগে তরমুজ চাষ শুরু করেছেন। কিছুদিনের মধ্যে উপজেলার নয়াপাড়া, সাবরাং, লেঙ্গুরবিল, লম্বরী, মহেশখালীয়াপাড়া, বড়ডেইল, শীলখালী, মনখালী, মাথাভাঙ্গা, হ্নীলা, নয়াবাজার, হোয়াইক্যংসহ বিভিন্ন স্থান থেকে প্রচুর পরিমাণে তরমুজ বাজারে আসতে থাকবে।