বাজারে আসতে শুরু করেছে শীতকালীন শাকসবজি। তবে দাম চড়া। বাঁধাকপি কেজি ৩৫-৪০ টাকা, ফুলকপি বাজার ভেদে ৬০-১০০ টাকা ও মুলা ৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছে। দাম বেশি হলেও শীতকালীন সবজি বিক্রি হচ্ছে ভালোই।এদিকে, অ্যানথ্রাক্সের কারণে গরুর মাংস বিক্রি কমে গেলেও কমেনি মাংসের দাম। গরুর মাংসের ক্রেতারা এখন মাছ, মুরগি ও ছাগলের মাংসই কিনছেন বেশি। ফলে এসবের দাম কেজিতে বেড়েছে ৩০-১০০ টাকা পর্যন্ত। বেড়েছে চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও। নগরের বহদ্দারহাট, রিয়াজউদ্দিন বাজার ও চকবাজারের বিভিন্ন দোকান ও কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, চালের দাম কেজিতে দুই-এক টাকা বেড়েছে। ঈদের আগে খোলা সয়াবিন তেল লিটার ৭৮ টাকায় বিক্রি হলেও এখন সাত টাকা বেড়ে ৮৫ টাকা বিক্রি হচ্ছে। বোতলজাত সয়াবিন ৯৩-৯৫ টাকায় বিক্রি হচ্ছে। গত রমজানে চিনির খুচরা মূল্য ছিল ৪৮ টাকা। তা এখন বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকায়। পেঁয়াজ ৮-১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩২-৩৬ টাকায়। রসুন ১৬০ টাকা, আদা ১০০-১২০ টাকায়, ডাল ১১০ টাকা, শুকনা মরিচ ১০০ টাকা, মরিচের গুঁড়া ১৬০-২০০ টাকা, ধনিয়ার গুঁড়া ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এ সবের দামে হেরফের হয়নি। নগরের বিভিন্ন বাজারে অলস সময় কাটাচ্ছেন অধিকাংশ মাংস বিক্রেতা। দুসপ্তাহ আগে মুরগি প্রতিকেজি ১৩০-১৪০ টাকায় বিক্রি হতো। এখন বিক্রি হয় ১৫০-১৭০ টাকায়। ছাগলের মাংসের দামও কেজিতে ৫০-৬০ টাকা বেড়ে এখন ৩৫০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে। রিয়াজউদ্দিন বাজারের গরুর মাংস ব্যবসায়ী মো. নাছির উদ্দিন জানান, ‘এখানকার ২২টি দোকানে পাইকারি ও খুচরা বিক্রির জন্য আগে দিনে ৩০-৩৫টি গরু জবাই হতো। এখন মাত্র চার-পাঁচটি জবাই হচ্ছে। আমরা ২৫০-৩০০ জন দোকানি ও কর্মচারী এ অবস্থা পরিবর্তনের আশায় বেকার সময় কাটাচ্ছি।’ ছাগলের মাংস বিক্রেতা মফিজুর রহমান বললেন, ‘আগে প্রতিদিন আমার দোকানে ১০-১২টি ছাগল জবাই হতো। এখন ১৫-১৭টি জবাই হচ্ছে। তবে ছাগলের দাম বাড়ায় মাংসের দাম বেড়েছে। ক্রেতা মোহাম্মদ ইউসুফ জানান, ‘আগে ছাগলের মাংস কিনতাম। এখন কম দামে দুটো মাথা কিনে নিয়ে যাচ্ছি। অঘোষিতভাবে সব পণ্যের দাম বাড়ায় আমাদের নাভিশ্বাস উঠছে। কিন্তু দেখবে কে?’ ইলিশ ৪০০-৪৫০ টাকার কমে পাওয়া যাচ্ছে না। ১০০ টাকা বেড়ে রুপচাঁদা বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪০০ টাকা। এ ছাড়া, চিংড়ি, রুই, কাতলাসহ সব ধরনের ছোট-বড় ও সামুদ্রিক মাছের দাম প্রতি কেজিতে ৩০-১০০ টাকা পর্যন্ত বেড়েছে। রিয়াজউদ্দিন বাজারের মাছব্যবসায়ী ইসা খান বললেন, ‘ফিসারিঘাটের আড়তদারেরা প্রতিমণ মাছে দু-এক কেজি কম দেন। তাঁরা ইচ্ছেমতো দামও বাড়ান। তাই পোষানোর জন্যই আমাদের দাম বাড়াতে হয়।’ শাকসবজির দামও একটু বেড়েছে। বরবটি ৪০-৪২ টাকা, আলু ১৫-২৮ টাকা, মিষ্টি কুমড়া ২৮-৩০ টাকা, কচু ৩০ টাকা, ঝিঙে ৩০ টাকা, লাউ ১২-২০ টাকা ও করলা ৩০ টাকা। তবে দাম কমেছে বেগুন ৩০ টাকা, টমেটো ৮৫-৯০ টাকা, কাঁচামরিচ ২৫-৬০ টাকা।মোমিন রোডের সবজি বিক্রেতা মো. নাজমুল জানান, ‘শীতের সবজি মাত্র আসছে। কিন্তু ক্রেতাদের মধ্যে কেনার আগ্রহ কম। কেউ কেউ শখ করে কিনছেন।’ ক্রেতা সুমন বড়ুয়াও একই কথা জানান—‘খেয়ে মজা পাওয়া যাবে না। দামও বেশি। নভেম্বর-ডিসেম্বরে দাম কমবে এবং পর্যাপ্ত পাওয়া যাবে।’ চকবাজারে বাজার করতে আসেন দোকানের কর্মচারী রহমত উল্লাহ। তিনি বললেন, ‘সাড়ে চার হাজার টাকা বেতনে চাকরি করি। প্রতি মাসে দুহাজার ৪০০ টাকা বাসা ভাড়া দিতে হয়। পণ্যের দাম বাড়লে আমরা বেকায়দায় পড়ি।’ তরিকারি বিক্রেতা মো. ছাদেক বলেন, ‘আড়তদারেরা দাম বাড়িয়ে দিলে আমাদেরও দাম বাড়াতে হয়।’ মাংস বিক্রেতা মোহাম্মদ লেদু ও মো. হারুন বলেন, ‘এখানে ছয়টি দোকান আছে। কিন্তু ঈদের পর থেকে একটি গরুও জবাই হয়নি। বহদ্দারহাট থেকে এনে দুজন দোকানি মাংস বিক্রি করেন।’ বহদ্দারহাট বাজার করতে আসা গৃহিণী জাহানারা বেগম বলেন, ‘প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে। সংসারের অতিরিক্ত খরচ নিয়ে ইদানীং আমার প্রবাসী স্বামীর সঙ্গেও ভুল বোঝাবুঝি হচ্ছে।’ চট্টগ্রাম ওয়াসার কম্পিউটার বিভাগের প্রধান নিজামুল হক চৌধুরী বলেন, ‘দাম বাড়লে ভালো জিনিসটা কিনতে পারি না। সরকারের বাজার নিয়ন্ত্রণ কার্যক্রম বাড়ানো দরকার।’