বাজারে উড়ুক্কু গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উড়ুক্কু গাড়ি
উড়ুক্কু গাড়ি

অনেক দেশেই যানজট এক মহা সমস্যার নাম। যানজটে আটকে থাকতে থাকতে অনেকেরই হয়তো মনে আসে, এ মুহূর্তে যদি উড়াল দেওয়া যেত! মানুষের সে আকাঙ্ক্ষাই বাস্তব রূপ দিতে ডাচ গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান উড়ুক্কু গাড়ি বিক্রির ঘোষণা দিয়েছে। চলতে চলতে যানজট আর ট্রাফিক সিগন্যাল পড়লেই এই যান আরোহীকে নিয়ে উড়াল দিতে পারবে। খুব সহজেই পৌঁছে দিতে পারবে গন্তব্যে।
নেদারল্যান্ডসের গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান পিএএল-ভি উড়ুক্কু গাড়ির দুটি সংস্করণ প্রস্তুত করছে। একটির নাম লিবার্টি স্পোর্ট, অপরটি লিবার্টি পাইওনিয়ার। এ দুটির মধ্যে স্পোর্টের দাম তুলনামূলক কম, চার লাখ ডলার। পাইওনিয়ারের দাম ছয় লাখ ডলার। আগ্রহী ক্রেতাদের স্পোর্ট সংস্করণের জন্য প্রাথমিকভাবে জমা দিতে হবে ১০ হাজার ডলার। আর পাইওনিয়ারের জন্য জমা দিতে হবে ২৫ হাজার ডলার। জমাকৃত এসব অর্থ অফেরতযোগ্য বলে জানিয়েছে পিএএল-ভি।
দুই ইঞ্জিনের উড়ুক্কু গাড়ির উভয় সংস্করণের পাখা ভাঁজ করা যায়। ইঞ্জিন দুটির একটি সড়কপথে চলার সময় সচল থাকে। অপরটি সচল হয় ওড়ার সময়। দুই আরোহী বহনে সক্ষম তিন চাকার গাড়ি দুটি হাওয়ায় ভেসে ঘণ্টায় সর্বোচ্চ ১১২ মাইল বেগে ছুটতে পারবে। আর সড়কপথে চলতে পারে ঘণ্টায় ১০০ মাইল বেগে। শুধু তা-ই নয়, চলতে শুরু করার মাত্র নয় সেকেন্ডের মাথায় শূন্য থেকে ঘণ্টায় ৬২ মাইল বেগ অর্জন করতে পারে।
প্রস্তুতকারী প্রতিষ্ঠান পিএএল-ভি জানিয়েছে, সড়কপথে চলার অবস্থা থেকে ওড়ার জন্য প্রস্তুত হতে তাদের গাড়ি সময় নেবে ১০ মিনিট। আর জ্বালানির ট্যাংক পূর্ণ থাকলে এগুলো ৩১০ মাইল পর্যন্ত উড়তে পারবে।
পিএএল-ভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রবার্ট ডিঙ্গেম্যান্স বলেন, কয়েক বছরের কঠোর পরিশ্রম আর কারিগরিসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে তাঁরা উড়ুক্কু গাড়ি তৈরি করতে সক্ষম হয়েছেন। এই গাড়িতে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক নির্ধারিত নিরাপত্তাবিধির শর্তগুলো পূর্ণ করা হয়েছে।
তবে বিক্রির ঘোষণা দিলেও এখনই আগ্রহীরা উড়ুক্কু গাড়ি সংগ্রহ করতে পারবেন না। ২০১৮ সালের শেষ দিকে প্রথম দফায় সরবরাহ শুরু হবে।