বাজারে ক্রেতা কম, দুশ্চিন্তায় চাষি

‘ভালো ফলন হয়েছে। কিন্তু অবরোধের কারণে বাজারে ক্রেতা না থাকায় দাম কমে গেছে। গত ডিসেম্বর মাসে দুই খাঁচি (৪৫ থেকে ৫০ কেজি) বেগুন বিক্রি হয়েছে ৫০০ থেকে ৭৫০ টাকায়। এখন তা বিক্রি হচ্ছে মাত্র ১৫০ থেকে ২৫০ টাকায়। তাও ঠিকমতো ক্রেতা পওয়া যাচ্ছে না। এক সপ্তাহ ধরে খেত থেকে নিয়মিত বেগুন তুলছি না। এখন লোকসানের মধ্যে আছি। তাই খেতের বেগুন খেতেই পড়ে আছে।’ হতাশার সুরে কথাগুলো বলেন সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের শঙ্খ নদের তীরের বেগুনচাষি মো. ইদ্রিচ (৩২)।
ইদ্রিচ এক একর জমিতে বেগুন চাষ করেছেন এবার। তাঁর মতো ওই এলাকার জয়নাল আবেদীন, হারুনুর রশিদ ও মোহাম্মদ নুরুন্নবী চাষ করেছেন টমেটো, বাঁধাকপি ও ফুলকপি। তাঁদেরও একই অবস্থা। জয়নাল আবেদীন (৪৫) বলেন, অবরোধের আগে প্রতি কেজি বাঁধাকপি বিক্রি হতো ১৫ থেকে ২০ টাকায় আর এখন পাঁচ থেকে সাত টাকা।
টানা হরতাল-অবরোধে কপাল পুড়েছে চাষিদের। সবজির ফলন ভালো হলেও ক্রেতার অভাবে এখন বিক্রি হচ্ছে না। পড়ে গেছে দামও।
২০ জানুয়ারি সকালে কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাটগড়, মাইঙ্গাপাড়া, মাহালুমপাড়ার ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ জমিতে বেগুন, টমেটো, ফুলকপি ও বাঁধাকপির চাষ করা হয়েছে। টমেটো ও ফুলকপি খেতে চাষিরা ফসল তুলতে দেখা গেলেও বেগুন ও বাঁধাকপি খেতে চাষির দেখা মেলেনি। অথচ এসব খেতের সবজি তোলার সময় পার হয়ে যাচ্ছে।
চাষিরা জানান, এখন সবজি তুলে কোনো লাভ নেই। বাজারে ক্রেতা কম। দামও ভালো পাওয়া যাচ্ছে না। এ জন্য তাঁরা সবজি তুলতে আগ্রহ দেখাচ্ছেন না।
২১ জানুয়ারি দক্ষিণ চট্টগ্রামের সবজির অন্যতম পাইকারি বাজারে গিয়ে দেখা যায়, চাষিরা সবজিভরা খাঁচি নিয়ে বসে আছেন ক্রেতার অপেক্ষায়। বাজারে ক্রেতা আছেন হাতে গোনা কয়েকজন। যেখানে সকাল ১০টার মধ্যেই কেনাবেচা শেষ হয়ে যাওয়ার কথা সেখানে দুপুরের পরও সবজি নিয়ে বসে আছেন চাষিরা।
দোহাজারী সবজিবাজারে কথা হয় সাতকানিয়া দেওয়ান হাটের খুচরা সবজিবিক্রেতা আবদুর রহমানের (৫০) সঙ্গে। তিনি বলেন, হরতাল-অবরোধের কারণে পাইকারি ব্যবসায়ীরা যথাসময়ে বাজারে আসতে পারছেন না। ফলে সবজির দাম কমে গেছে।
যে কয়েকজন ব্যবসায়ী আসছেন তাঁরা সবজি কিনে বিপাকে পড়ছেন। কারণ, ঠিকমতো গাড়ি পাওয়া যাচ্ছে না। তার ওপর পথে রয়েছে হামলার ভয়।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, শঙ্খ নদের তীরের সাতকানিয়া অংশে এ বছর প্রায় ৪৫০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। চাষিরা উন্নত জাতের পাশাপাশি দেশি জাতের মুলা, বেগুন, বাঁধাকপি, ফুলকপি, টমেটো এবং শিমের চাষ করেছেন। ফলনও হয়েছে ভালো। প্রথম দিকে চাষিরা সবজি বিক্রি করে বেশ লাভবান হয়েছেন। তবে টানা অবরোধের কারণে এখন সামান্য ক্ষতির মুখে পড়েছেন।