বাজারে গজ কাপড়ের খোঁজ
নতুন পোশাক ছাড়া তো আর ঈদ জমে না। তাই রমজান মাস শুরু হওয়ার আগে থেকেই চলে নতুন ঈদ পোশাকের ফ্যাশন আর রং-ঢং নিয়ে যত জল্পনা-কল্পনা, বিশেষ করে যাঁরা নিজের পোশাকটা তৈরি করে নেন নিজের পছন্দমতো। ঢাকার চাঁদনী চক, গাউছিয়া মার্কেট, ইসলামপুর, নিউমার্কেটসহ বিভিন্ন শপিং মলের গজ কাপড়ের দোকানগুলোয় ঈদের বেচাকেনা শুরু হয়ে গেছে পুরোদমে। চাঁদনী চকে ব্রিলিয়ান্ট ক্লথ স্টোরের বিক্রেতা ফাইসাল জানালেন, এবার গজ কাপড়ের মধ্যে এসেছে নানা বৈচিত্র্য। সুতি, কাতান, শিফন, অরগ্যান্ডি, নেট, জর্জেট এ সবই চলছে এবার। সুতির মধ্যে কারুকাজ করা চিকেনের মধ্যেও এসেছে নানা বৈচিত্র্য- পাতা, কলকি, পাড়। ফুলের কাজের ওপর জরির কাজও যোগ হয়েছে। সুতি কাপড়ের মধ্যে হালকা রং যেমন হালকা নীল, গোলাপি, হলুদ, কলাপাতা, লেবু এসব বেশি কিনছেন ক্রেতারা। আর শুভ্র সাদার রাজত্ব তো সব সময়ই। কাতানের মধ্যে বেনারসি কাতানটা কিনছেন অনেকেই কামিজের জন্য। সঙ্গে ওড়নার জন্য কিনছেন মসলিন। ঢাকার অরচার্ড পয়েন্টের সুস্মিতা ফেব্রিকসের বিক্রেতা সেলিম জানালেন, এ সময় গরম বলে সুতি কাপড় কিনছেন অনেকে। আবার জমকালো আমেজের জন্য কাতান ও অরগ্যান্ডির চাহিদাও কম নয়। নেটের ওপর ফুল ও ফিতার কাজের গজ কাপড়ও বেশ চলছে। তুলনামূলক জর্জেটটা কম বিক্রি হচ্ছে বলে জানালেন তিনি। চাঁদনী চক, নিউমার্কেট, গাউছিয়াসহ প্রায় সব গজ কাপড়ের দোকানেই মাখন সিল্ক, লেজার জর্জেট চলছে সমান তালে। অনেকেই শাড়ি করতে কিনছেন মসলিনের গজ কাপড়। অথবা লেজার জর্জেট। ব্লাউজের জন্য কাতানের পাশাপাশি শিফন ও নেট ব্লাউজের কাপড় কিনছেন। শুধু গজ কাপড় নয়, অনেকেই আবার সেলাই ছাড়া থ্রিপিসও কিনছেন। কাতান কম্পিউটার, বুটিকের জামা, আনারকলি কাট, মাসাকালি, কাতান প্যানেল—এ রকম বাহারি নামের সেলাই ছাড়া কাপড় পাওয়া যাচ্ছে। ছোট ছেলেমেয়েদের ফ্রক ও জামার গজ কাপড় হিসেবে কাতান নেট, মসলিন কিনছেন অনেকেই। ছোটদের জন্য ফ্রকের কাপড় হিসেবে জাপানি সিল্কটাও চলছে। যাঁদের এর মধ্যে ঢুঁ মারা হয়নি গজ কাপড়ের বাজারে, তাঁরা আর দেরি না করে এখনই চলে যান। কারণ কাপড় কিনে তো আবার সেটা বানাতেও দিতে হবে।যাহোক গজ কাপড়প্রেমীদের সুবিধার্থে জানিয়ে দেওয়া হলো গজপ্রতি এর দরদাম—সুতির হালকা কাজের কাপড় পাবেন ৮০-৬৫০ টাকায়। ভারী কাজের সুতি চিকেন ৪০০-১০৫০ টাকায়। অরগ্যান্ডি ৪৫০-১০৫০ টাকায়। ফরাসি শিফন ৬০-২০০, মোগল-ই আজম জর্জেট ১০০০-১৯৫৫। মসলিন ৬০-১২০, লেজার জর্জেট ১২০-১৫০ টাকা, শিফন ৬০-৮০, কাতান ৩০০-৬০০, বেনারসি কাতান ১০০০-১২০০, নেট ৩০০-৮০০, ভেলভেট টিস্যু ২০০-৩০০, ব্রাশ সুতি ৭৫০-১৬০০ টাকায়।