বাজারে নতুন সুপারি দামও কম
কক্সবাজারের টেকনাফে চলতি মৌসুমে সুপারির ফলন ভালো হলেও গত বছরের তুলনায় দাম কম। এতে ভালো ফলন পেয়ে খুশি হওয়া বাগান মালিকদের মুখের হাসি অনেকটাই মিলিয়ে গেছে। এ ছাড়া বাজারে সুপারি বেচাকেনার জন্য ছাউনি না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন বিক্রেতারা।কৃষি বিভাগ সূত্রে জানা যায়, গত বছর উপজেলায় ছোট-বড় মিলিয়ে তিন হাজার ১৩৪টি সুপারির বাগানে প্রায় সাড়ে তিন হাজার মেট্রিক টন সুপারি উৎপাদিত হয়েছিল। চলতি মৌসুমে প্রায় পাঁচ হাজার মেট্রিক টন সুপারি উৎপাদিত হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে স্থানীয় চাষি ও বাগান মালিকেরা চাঁদের গাড়ি (জিপ), ভ্যান, অটোরিকশা, ঠেলাগাড়ি ও রিকশায় করে সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত শত শত টন সুপারি বিক্রির জন্য বাজারে নিয়ে সমবেত হয়েছেন। বড় আকার ও ভালো মানের সুপারি দেখে বাইরের ব্যবসায়ী ছাড়াও বেড়াতে আসা পর্যটকেরাও আকৃষ্ট হয়ে পরিবারের জন্য প্রয়োজনীয় সুপারি কিনে নিচ্ছেন।ঢাকা থেকে আসা পর্যটক জাহাঙ্গীর আলম ১০ পণ সুপারি কিনেছেন এক হাজার ৮০০ টাকায়। তিনি বলেন, ‘এখানকার সুপারি আপেলের মতো বড় দেখে না কিনে থাকতে পারিনি। তাই কিছু সুপারি কিনে নিয়েছি। মা দেখে খুবই খুশি হবেন।’ সাবরাং ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সুপারি বাগানের মালিক হামিদুল হক তাঁর বাগান থেকে দুই চাঁদের গাড়ি ভর্তি সুপারি নিয়ে আসেন এ হাটে। কিন্তু গত বছরের মতো দাম না পাওয়ায় হতাশ হয়ে পড়েন। তিনি জানান, গত বছর এ সময়ে বড় সুপারি প্রতিপণ ২৮০ থেকে ৩৫০ টাকা, ছোট সুপারি ১৫০ থেকে ২০০ টাকা বিক্রি হয়েছিল। কিন্তু আজ হাটে এসে বড় সুপারি ১৫০ থেকে ১৮০ ও ছোট সুপারি ৭০ থেকে ১০০ টাকায় বিক্রি করছি। এতে মনটা খারাপ হয়ে গেল। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুপারির জন্য বিখ্যাত টেকনাফ বাজারে প্রতি সপ্তাহে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপারিরা আসেন সুপারি কিনতে। এসব সুপারি ট্রাকভর্তি করে চট্টগ্রাম শহর, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, বগুড়া, রংপুরসহ দেশের বিভিন্ন জেলা সদরে নিয়ে বাজারজাত করা হয়। কিন্তু সম্প্রতি ভারত থেকেও কাঁচা সুপারি আসায় স্থানীয় বাজারে ব্যবসায়ীরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। এ ছাড়া গত বছর যারা সুপারি কিনে ভিজিয়ে রেখেছিলেন এ বছর সেগুলো বিক্রি করতে গিয়ে আশানুরূপ দাম পাচ্ছেন না তাঁরা। ফলে এবার নতুন করে তাঁরাও সুপারি কিনছেন না। এদিকে স্থানীয় সুপারি বিক্রেতারা অভিযোগ করেন, প্রতিবছর পৌর কর্তৃপক্ষ সুপারির হাট ইজারা দিয়ে লাখ লাখ টাকা রাজস্ব আয় করলেও সুপারি রাখার জন্য নির্দিষ্ট কোনো ছাউনি তৈরি করা হয়নি। টেকনাফ থানার সামনে খোলা আকাশের নিচে ও সড়কের ওপর রোদ-বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে বেচাকেনা করতে গিয়ে সংশ্লিষ্ট সবাইকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। টেকনাফ পৌরসভার মেয়র মো. ইসলাম নির্দিষ্ট হাট ও ছাউনি না থাকায় ক্রেতা-বিক্রেতা ও পর্যটকদের দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, ‘সবার সুবিধার জন্য একটি ছাউনি নির্মাণ করার পরিকল্পনা আমাদের রয়েছে।’