বাজারে বছরের নতুন ফল তরমুজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে এসেছে বছরের নতুন ফল তরমুজ। বিক্রিও হচ্ছে চড়াদামে। অন্যান্য বছরের মতো এবারও কক্সবাজারের টেকনাফের চাষিরা আগাম তরমুজের চাষ শুরু করেন। ৮ ফেব্রুয়ারি দুপুর ১২টায় কক্সবাজার শহরের শহীদ মিনার চত্বরে একটি ট্রাকে করে ৮৫০টি তরমুজ নিয়ে আসেন স্থানীয় বাহারছড়ার ফল ব্যবসায়ী মো. ছানা উল্লাহ (৩০)। শহরের পূবালী ব্যাংকের সামনে ফুটপাতে বসে তরমুজ বিক্রি করেন তিনি। দেখা গেছে অল্প সময়ের মধ্যে প্রায় দেড় শ তরমুজ শেষ। ছানা উল্লাহ জানান, টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ, কাটাবুনিয়া, নয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় আগাম তরমুজের বাম্পার ফলন হয়েছে। তবে তিনি অভিযোগ করেন, ‘ফড়িয়াদের কারণে কৃষক ন্যায্যমূল্য পাচ্ছেন না। আমাদেরও বেশি দামে কিনে বেশি দামে বেচতে হচ্ছে।’ ছানা উল্লাহ বাজার থেকে ছোটবড় প্রতি শ তরমুজ সাত হাজার টাকায় কিনে এনেছেন। অর্থাত্ প্রতিটি তরমুজের দাম পড়েছে ৭০ টাকা করে। সেই তরমুজ কক্সবাজার শহরে বিক্রি করেন ১০০-১৩০ টাকায়। অন্যদিকে ফড়িয়ারা ক্ষেত থেকে একই তরমুজ কিনে নেন প্রতি শ চার-পাঁচ হাজার টাকায়।শহরের টেকপাড়ার ব্যবসায়ী আতা উল্লাহ ৫৮০ টাকা দিয়ে কিনলেন পাঁচটি বড় তরমুজ। এত তরমুজ কেন, জানতে চাইলে তিনি জানান, ‘বছরের নতুন ফল নিজে খাব, আত্মীয় স্বজনদেরও বিলাব।’ রিকশাচালক খলিলুর রহমান (৫৫) জানান, ‘সকাল থেকে শহরে পাঁচ ঘণ্টা রিকশা চালিয়ে ১৮৫ টাকা পেয়েছি। ১০৫ টাকা দিয়ে একটা তরমুজ কিনলাম। ছেলেমেয়েরা খেতে পারলে খুশি হবে।’ ফল ব্যবসায়ী ছানা উল্লাহ জানান, বিক্রি ভালো হওয়ায় লাভও বেশি হচ্ছে। শৈত্যপ্রবাহ কমে গেলে টেকনাফের এই তরমুজ চট্টগ্রাম, ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে। টেকনাফের শাহপরীর দ্বীপের চাষি হামজা আলী (৪৫) ও রশিদ আহমদ (৫০) জানান, অন্যান্য স্থানের তুলনায় প্রায় এক মাস আগে টেকনাফের চাষিরা তরমুজচাষে নামেন। এক কানি (৪০ শতক) জমির তরমুজক্ষেতে দুহাজার ২০০টি তরমুজের থালি করা হয়। প্রতি থালিতে সার, কীটনাশক, বীজ ও শ্রমিক বাবদ খরচ হয় প্রায় ৩০ টাকা। সে হিসাবে প্রতি কানিতে খরচ যায় প্রায় ২০ হাজার টাকা। ভালো ফলন হওয়ায় গত পাঁচ দিনে এই দুই চাষি যথাক্রমে ৫৫ ও ৪৮ হাজার টাকার তরমুজ বিক্রি করেছেন। ক্ষেতের বাকি তরমুজ বিক্রি করে একেকজন আরও লাখ টাকা পাওয়ার আশা করছেন। চাষিরা জানান, এখন প্রতি শ তরমুজ ক্ষেত থেকে বিক্রি হচ্ছে চার-পাঁচ হাজার টাকায়। শৈত্যপ্রবাহ কেটে গেলে দাম দুই গুণ বেড়ে যাবে। তখন চাষিরা আর্থিকভাবে লাভবান হবেন। টেকনাফ কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় পাঁচ হাজার একর জমিতে তরমুজের চাষ হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের তুলনায় এবার তরমুজের ফলন ভালো হচ্ছে। কয়েকদিন ধরে উপজেলার শাহপরীর দ্বীপ, নয়াপাড়া, লেঙ্গুরবিল, লম্বরী, মহেশখালীয়াপাড়া, বড়ডেইল, শীলখালী, মনখালী, মাথাভাঙ্গা, নিলা, নয়াবাজারসহ বিভিন্ন স্থানে তরমুজ বিক্রির ধুম পড়েছে।