বাজারে রসাল মৌসুমি ফল, দাম চড়া
টেকনাফের সদর ইউনিয়নের পল্লানপাড়া গ্রামের চাষি আবুল মঞ্জুর (৩৩) তাঁর বাগানের পাকা লিচু নিয়ে আসেন পুরাতন স্টেশন এলাকার বাজারে। মঞ্জুর লিচু বিক্রির জন্য বসার সঙ্গে সঙ্গেই ফল ব্যবসায়ীরা ঘিরে ধরেন। মুহূর্তেই সাড়ে ১২ হাজার লিচু বিক্রি হয়ে যায়। প্রতি শ বিক্রি করেন ১৯০ টাকায়।
একই দিন বাহারছড়া ইউনিয়নের শীলখালী গ্রামের কবির হোসেন তাঁর বাগানের গাছের পাকা আম নিয়ে আসেন। ছোট-বড় মিলিয়ে প্রায় ২১১ কেজি আম বিক্রি করেন প্রতি কেজি ২২০ টাকায়। এ চিত্র ২০ এপ্রিল দুপুরের।
টেকনাফের বাজারে রসাল এসব ফল এবার আগেভাগেই এসে গেছে। তবে দাম চড়া। পাইকারি ব্যবসায়ীরা চাষিদের কাছ থেকে কিনে চড়া দামে বিক্রি করছেন।
বাজার ঘুরে দেখা গেছে, ফলের দোকানগুলোতে থোকায় থোকায় পাকা আম আর লিচু সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। প্রতি শ লিচু ২৮০ থেকে ৩০০ ও আম প্রতি কেজি ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁঠাল বিক্রি হচ্ছে প্রতিটি ২০০ থেকে ৩০০ টাকায়।
পুরাতন স্টেশন এলাকার ফল ব্যবসায়ী ফরিদ আহমদ জানান, প্রতিবছর এখানকার বিভিন্ন গ্রামের বাগান থেকে আগাম মৌসুমি ফল আসে বাজারে। মৌসুমের প্রথম দিকে হওয়ায় চাহিদা থাকে বেশি। দ্রুত বিক্রি হয়ে যায়। আগামী কয়েক দিনের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ফল ব্যবসায়ীরা এসব ফল কেনার জন্য টেকনাফে ভিড় করবেন। তখন দাম আরও বেড়ে যেতে পারে। স্থানীয় ব্যবসায়ী এম কাইসার বলেন, ‘বৈশাখ মাসে সাধারণত পাকা আম বাজারে আসে না। কিন্তু যখন পেয়েই যাচ্ছি তখন না কিনে পারিনি। দাম বেশি হলেও পাঁচ কেজি কিনেছি।’
সিলেট থেকে বেড়াতে আসা পর্যটক সরওয়ার কামাল চৌধুরী ও ঢাকা থেকে আসা মীর কাশেম জানান, এ সময়ে ঢাকা ও সিলেটের বাজারে পাকা আম পাওয়া মুশকিল। যা পাওয়া যায়, তাতেও ফরমালিন দেওয়া হয়। এতে করে আসল স্বাদ পাওয়া যায় না। কিন্তু এখানে বাগানের তাজা ফল পেয়ে ভালো লাগছে।
উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. আবদুল লতিফ বলেন, এক মাস আগে থেকে উপজেলার অধিকাংশ গ্রাম থেকে কাঁচা আম বাজারে আসতে দেখেছি। এসব আম ঢাকা ও চট্টগ্রামে সরবরাহ করা হয়েছে। আর এখন পাকা আম ও লিচুর পাশাপাশি কাঁঠালও বাজারে আসতে শুরু করেছে।