বাজারে শীতের সবজি, কমছে দাম
নগরের বাজারগুলো এখন ভরে উঠেছে শীতের সবজিতে। দামও কমতে শুরু করেছে। বিক্রেতারা জানান, দাম আরও কমবে। কারণ, সবজির সরবরাহ বাড়ছে। রিয়াজউদ্দিন বাজার, কর্ণফুলী কমপ্লেক্স, কাজীর দেউড়ি, বহদ্দারহাট, চকবাজার ঘুরে দেখা গেছে ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন, মুলা, গাজর, খিরা, টমেটো প্রভৃতি সবজি বিক্রি হচ্ছে প্রচুর। কাজীর দেউড়ি কাঁচাবাজারের সবজিবিক্রেতা মো. নয়ন বলেন, ‘ঈদের দু-তিন সপ্তাহ আগেই বাজারে শীতের সবজি এসেছে। তখন দাম ছিল আকাশচুম্বী। এখন মোটামুটি সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে চলে এসেছে। তিনি জানান, ফুলকপি প্রথম যখন বাজারে আসে, তখন কেজিপ্রতি ১০০ টাকায় বিক্রি হয়েছিল—এখন ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া বাঁধাকপি প্রতিকেজি ৩০ থেকে ৩৫ টাকা, শিম ৪০ টাকা, বেগুন ৩০ থেকে ৫০ টাকা, মুলা ২৫ থেকে ৩০ টাকা, চায়না গাজর ৮০ টাকা, টমেটো ১০০ থেকে ১২০ টাকা, বরবটি ২৫ থেকে ২৮ টাকা, ক্ষিরা ৩০ টাকা। শীতের সবজির স্বাদ বাড়িয়ে দিতে এসেছে ধনেপাতাও। এই বাজারে কেজিপ্রতি ধনেপাতার দাম ৮০ থেকে ১০০ টাকা। অন্যদিকে, কাজীর দেউড়ি বাজারের সঙ্গে অন্য বাজারের দামের পার্থক্য ১০ থেকে ১৫ টাকা। রিয়াজউদ্দিন বাজার, বহদ্দারহাট, কর্ণফুলী কমপ্লেক্স ও চকবাজারে প্রতিকেজি বাঁধাকপি ২০ থেকে ৩০ টাকা, ফুলকপি ৩৫ থেকে ৪৫ টাকা, শিম ২৫ থেকে ৩০ টাকা, মুলা ১৫ থেকে ২০ টাকা, বেগুন ২৫ থেকে ৩০ টাকা, লাউ ১০ থেকে ১৫ টাকা, ধনেপাতা ৬০ থেকে ৮০ টাকা, কাঁচা পেঁপে ১০ থেকে ২০ টাকা, ক্ষিরা ২৫ থেকে ৩০ টাকা, গাজর ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। রিয়াজউদ্দিন বাজারে বাজার করতে আসা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আকমল হোসেন বলেন, শীতকালে নতুন শাকসবজির স্বাদই আলাদা। বাজার ঘুরে ফুলকপি, বাঁধাকপি ও বেগুন কিনেছি। বিক্রেতারা দাম কমেছে বললেও সাধারণের জন্য শাকসবজির দাম এখনো বাড়তিই রয়েছে। তবে অন্যান্য বাজারের তুলনায় রিয়াজউদ্দিন বাজারে শাকসবজির দাম তুলনামূলকভাবে অনেক কম। রিয়াজউদ্দিন বাজারের মেসার্স শেখ বাণিজ্যালয়ের সবজি বিক্রেতা মো. ইয়াছিন আরাফাত জানান, এ বাজারে শাকসবজি আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এখান থেকেই নগরের বিভিন্ন কাঁচাবাজারগুলোর সবজি ব্যবসায়ীরা পাইকারি মূল্যে সবজি নিয়ে যান। বান্দরবান, দোহাজারী, পটিয়া, রামু, নাজির হাট, ফটিকছড়ি, রানির হাটসহ চট্টগ্রামের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সবজি আসে। এ ছাড়া কুমিল্লা, বগুড়া, যশোরসহ দূরের জেলা থেকেও প্রচুর পরিমাণে সবজি আসে এখানে।