বাজেট আলোচনা থেকে তাঁরা দূরে
‘বাজেট কী, ওটা বুঝি না। আমরা গরিব মানুষ। তাতে আমাদের কী আসে-যায়।’ রিকশাচালক শুক্কর আলী দেশের বাজেট নিয়ে এভাবেই তাঁর প্রতিক্রিয়া জানান। দেশের বাজেট সম্পর্কে আগ্রহ না থাকলেও শুক্কুর আলীরা সংসার চালানোর জন্য আগাম একটি আয়-ব্যয় মনে মনে ঠিক করে রাখেন। তবে তাঁদের বাজেটটা এক বছরের নয়, দিনের কিংবা বড়জোর এক মাসের হয়।যশোরের শুক্কুর আলী বলেন, ‘রিকশা চালিয়ে সংসারের ঘানি টানি। এখান থেকেই আসে সংসারের খরচ। নগরের হামজারবাগ এলাকায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে থাকি। ঘরভাড়া, খাওয়া-পরা এসবে টানাটানি হয়। দিনে কোনো দিন ৩০০, কোনো দিন তারও কম পাই।’নিম্ন আয়ের এসব লোকের মধ্যে বাজেট নিয়ে কোনো কৌতূহল নেই। পোশাকশ্রমিক, সাধারণ শ্রমিক, কৃষক, দিনমজুর, যানবাহন-শ্রমিকদের এসব নিয়ে কোনো চিন্তা নেই। তাঁদের বাজেট মানে দিন এনে দিন খাওয়া।শুধু তাঁরা কেন, অনেক শিক্ষিত সাধারণ মানুষও দেশের বাজেট ভাবনা থেকে দূরে থাকেন। উদাসীন থাকেন অনেকেই। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কামাল আহমেদ বলেন, ‘বাজেট অনেক বড় ব্যাপার। বাজেটের শুধু একটা দিক লক্ষ করি কোন জিনিসের দাম বাড়ছে, কোনটা কমছে। এ ছাড়া বাড়তি কোনো আগ্রহ নেই।’বাজেট মানেই দাম বাড়ছে—এই একটি ধারণা অনেক দিন ধরেই দেশে প্রচলিত। বাজেট ঘোষণার পর কিংবা অনেক সময় আগেই কিছু কিছু জিনিসের দাম বাড়িয়ে দেয় একশ্রেণীর ব্যবসায়ী। তাঁদের কাছে বাজেটের আগ্রহের জায়গাটা এখানেই। আবার যেসব জিনিসের দাম কমার কথা, বাজেট ঘোষণার পরও তা কমে না বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের।তাই বড় বড় শিল্পপতি কিংবা ব্যবসায়ীর কাছে বাজেট যতটা গুরুত্বপূর্ণ, ততটা নয় সাধারণ দোকানিদের কাছে। তবে ছোটখাটো মুদি কিংবা পান দোকানি বাজেটের আগে থেকে দাম বাড়তে পারে এমন পণ্যের মজুদ বাড়াতে সচেষ্ট থাকেন।যেমন আসকারদিঘি পাড়ের চৌধুরী ডিপার্টমেন্টাল স্টোরের কাঞ্চন চৌধুরী। তিনি বলেন, ‘বাজেট ঘোষণার আগেই পাইকারি বিক্রেতারা সিগারেটের দাম প্যাকেটপ্রতি পাঁচ থেকে ১৫ টাকা বাড়িয়ে দিয়েছে। এ ছাড়া সিগারেট সরবরাহও বন্ধ করে দিয়েছে। আমরা চাহিদা অনুযায়ী চাইলেও দিচ্ছে না।’ বাজেটের আর কোনো দিক নিয়ে তেমন আগ্রহ নেই বলেই তিনি জানান।শিক্ষার্থীদের মধ্যেও বাজেট নিয়ে তেমন কোনো আগ্রহ দেখা যায় না। শিক্ষা উপকরণের দাম বাড়লে-কমলেও তা নিয়ে কতজন শিক্ষার্থী আর সচেতন! তাই বাজেটের বিষয়গুলো টেভিতে যেমন দেখেন না, তেমনি পত্রিকার পাতায়ও তারা বাজেটবিষয়ক কিছু পড়তে আগ্রহ বোধ করেন না।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ততটা আগ্রহ নেই। তবে শিক্ষা খাতে, প্রযুক্তি খাতে কী পরিমাণ বরাদ্দ থাকছে, তা নিয়ে আমি আগ্রহী।’তবে বাজেট নিয়ে একেবারে বেশি উদাসীন থাকেন বাড়ির গৃহিণীরা। তাঁদের আড্ডা কিংবা আলোচনায় কোনোভাবেই বিষয়টা থাকে না। তবে বাজেটের পর স্বর্ণের দাম বাড়ছে কি কমছে তা নিয়ে বেশ আগ্রহ দেখা যায় কোনো কোনো গৃহিণীর মধ্যে।