বাজেট কেন প্রত্যাখ্যাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেটে বিভিন্ন খাতে কেবল আয় ও ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। বাজেট ঘিরে কতজনের কত রকম স্বপ্নই না থাকে! আবার অনেকেই তাঁদের প্রত্যাশা পূরণ না হওয়ায় বাজেট প্রত্যাখ্যানও করেন। প্রত্যাখ্যানকারীদের তালিকায় শীর্ষে থাকে বিরোধী দল। বাজেটে কী কী বিষয় অন্তর্ভুক্ত হলে কেউই বাজেট প্রত্যাখ্যান করত না, সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মনের কথা জানাচ্ছেন নূর সিদ্দিকীঅর্থমন্ত্রী বলেছেন, প্রতিটি প্রতিষ্ঠানেই দুর্নীতি হয় এবং হচ্ছে। তাহলে এই দুর্নীতিকেও কেন বাজেটের আওতায় আনা হবে না বুঝতে পারছি না। দুর্নীতি প্রতিরোধের স্বার্থে এই জিনিসটা বাজেটে নিয়ে আসা উচিত। বছরে কে কত টাকা ঘুষ খাবে এবং এই টাকা কোন খাতে ব্যয় হবে তা বাজেটে নির্ধারিত হওয়া জরুরি। ঘুষ-দুর্নীতির বিষয়টি বাজেটে থাকলে ঘুষের টাকায় ট্যাক্স বসিয়ে বা সরকার দুর্নীতিবাজদের কাছ থেকে টাকা ধার নিয়ে পদ্মা সেতুও করতে পারবে বলে মনে করেন অর্থপ্রীতিবিদেরা।ঢাকাসহ সারা দেশেই দিনে-রাতে ছিনতাই হয়। সকালে নয় তো বিকেলে। দিনে বা রাতে। এভাবে অগোছালো ছিনতাই হওয়ায় ছিনতাইকারীরা শৃঙ্খলায় থাকে না, আর এতে পুলিশও বুঝতে পারে না ছিনতাইকারীদের কোন দলের কাছ থেকে কত টাকা ভাগ নেওয়া যায়। কিন্তু বাজেটেই যদি ছিনতাইকারীদের কর্মঘণ্টা এবং এলাকাভিত্তিক ডিউটি ভাগ করে দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষ আর হুটহাট ছিনতাইয়ের কবলে পড়বে না। ছিনতাইকারীর লেভেল ও অস্ত্রপাতি অনুসারে বাজেটেই নির্ধারণ করে দেওয়া যেতে পারে কে কত টাকা পর্যন্ত ছিনতাই করতে পারবে। তাহলে ছিনতাইকারীদের আয়ের ওপর সরকার ট্যাক্স বসাতে পারবে, এতে সরকারের আয়ও বাড়বে, এমনটাই মনে করেন ভুক্তভোগী জনতা ও পুলিশ।লোডশেডিং আমাদের জীবনের অন্যতম অনুষঙ্গ। ২৪ ঘণ্টায় লোডশেডিংয়ের দেখা পাওয়া যাবে না—এমন কোনো এলাকার সন্ধান কেউ জানে না। কিন্তু সেই লোডশেডিং বিষয়টা স্বাধীনতার ৪০ বছরেও বাজেটের অন্তর্ভুক্ত করা হয়নি বলেই হয়তো বাজেট প্রশ্নবিদ্ধ থাকছে বছরের পর বছর। লোডশেডিংকে যদি বাজেটের আওতায় আনা হয় তাহলে লোডশেডিংয়ের কারণে বছরে দেশের কত হাজার কোটি টাকা সাশ্রয় হচ্ছে তা জানা যাবে। এই যে হাজার কোটি টাকা সাশ্রয় হচ্ছে, তা কোন খাতে ব্যয় হচ্ছে তা-ও জনগণের জানার অধিকার আছে। আর তাই লোডশেডিংকে বাজেটের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন চান্দিগরম দেশবাসী।প্রতিটি অর্থবছরেই অর্থমন্ত্রীকে ঘাটতি বাজেটের কথা বলতে শুনি। শুনে বুকটা খাঁ খাঁ করে ওঠে। ঘাটতি বাজেট মোকাবিলায় গলাবাজিকেও বাজেটের আওতায় আনা যেতে পারে। টিভি খুললেই নেতা-পাতিনেতাদের গলাবাজির দাপটে কান গরম হয়ে যায়। এই যে তাঁরা গলাবাজি করছেন দেশের ভাত-তরকারি খেয়ে, তাঁরা কি ট্যাক্স দেবেন না? সত্য-অর্ধসত্য বা মিথ্যা কথার ফুলঝুরির অনুপাত অনুসারে অর্থমন্ত্রী গলাবাজির ওপর ট্যাক্স নির্ধারণ করে দিয়ে গলাবাজিকে বাজেটের অন্তর্ভুক্ত করার দাবি বাংলাদেশ বয়রা সমিতির।প্রতিটি সরকারের আমলেই টেন্ডারবাজি হয়। বিশ্ববিদ্যালয় হল, বাজার, সরকারি খাস জমি, নদীর চর দখলও চলে প্রায় সমানতালেই। এমন সম্ভাবনাময় দখলি খাতগুলো বাজেটের আওতায় না আনা সরকারগুলোর অদূরদর্শিতারই প্রমাণ বলে মনে করেন এসব খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের যুক্তি হলো, বাজেট একটা দেশের অর্থনীতির মূল কাঠামো, তাই এই কাঠামোর বাইরে কোনো সম্ভাবনাময় খাত থাকতে পারে না। এই খাতগুলো বাজেটে নিয়ে এলে লাভ হবে অনেক। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন বাহিনীকে সরকার টাকা দিয়ে পুষছে, কিন্তু লাভ হচ্ছে না। যদি এসব দখলবাজকে বাজেটের আওতায় এনে উন্নয়ন খাত ঘোষণা করা হয় তাহলে সরকারের ব্যয় কমবে, কেননা তারাই আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে, কোনো বাহিনীর দরকার হবে না।গুম। মানুষ গুম হচ্ছে, মানে গুম একটি সম্ভাবনাময় খাতে পরিণত হয়েছে। জনসংখ্যা বিস্ফোরণের হাত থেকে দেশকে রক্ষা করতে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যর্থ হওয়ায় বাংলাদেশই প্রথমবারের মতো গুম পদ্ধতি চালু করেছে, যা গবেষণাগারে পরীক্ষিত, মাঠপর্যায়ে সফল! পৃথিবী চমকানো এ উদ্ভাবিত গুম পদ্ধতিটি বাজেটে না থাকায় বিরোধী দল চেঁচামেচি করছে, হরতাল দিচ্ছে, করছে জ্বালাও-পোড়াও। গুমকে বাজেটের আওতায় আনা হলে পরিকল্পিত উপায়ে গুম করা যাবে। কবে কোন এলাকা থেকে কে গুম হবে তা বাজেটের মাধ্যমেই ঘোষিত হবে, ফলে আর এ নিয়ে হাউকাউ করার উপায় থাকবে না। আর এই গুম টেকনোলজি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্সও বাড়াতে পারবে সরকার। সাফল্যের অপর নাম সংবর্ধনা বা গণসংবর্ধনা, যা এই সরকার প্রমাণ করেছে। ফলে সংবর্ধনা এখন সম্ভাবনাময় খাতে পরিণত হয়েছে। কিন্তু বাজেটে এই খাত বরাবরই উপেক্ষিত। অর্থমন্ত্রী এত কষ্ট করে ব্রিফকেস ভর্তি করে একটি বাজেট সংসদে তিন-চার ঘণ্টা ধরে উপস্থাপন করেন, এটা কি তাঁর সফলতা নয়? তবে কেন তাঁকে সংবর্ধনা দেওয়া হবে না? যেহেতু তাঁকে সংবর্ধনা দেওয়ার বিষয়টা বাজেটে থাকে না, তাই তাঁকে সংবর্ধনা না দিয়ে কেউ কেউ তিরস্কারই করেন। আর সংবর্ধনার বিষয়টি বাজেটে থাকলে সংবর্ধনার ব্যয় মেটাতে ব্যবসায়ীদের আর বাড়তি চ্যাঁক্স (চাঁদা+ট্যাক্স) দিতে হবে না।‘যারা ডাকে হরতাল, তাদের মাথায় পানি ঢাল।’ হরতালবিরোধীরা এমন স্লোগান দেন। আসলেই কিন্তু হরতাল আহ্বানকারীদের মাথায় পানি ঢালা প্রয়োজন। কারণ, হরতাল ডেকেও তাঁরা পিকেটিংয়ের সময় লোক পান না। আর লোকজন আসবেই বা কেন! হরতালের জন্য তো কোনো বাজেটই নেই, মানে দলীয় ফান্ডে কোনো টাকা নেই। সরকার তো কিছু টাকা বিরোধী দলকে অনুদানও দিতে পারে এই খাতে ব্যয়ের জন্য। কিছু ছোট দল বাজেটের অভাবে হরতাল ডাকারও সাহস পায় না। দেশ ও গণতন্ত্রের স্বার্থেই বাজেটে হরতালের জন্য বরাদ্দ রাখা উচিত।