বাজেট ঘাটতি কমাতে মতৈক্য
বিশ্ব অর্থনীতিকে বেশ কিছুদিন ধরে চলা মন্দার আবর্ত থেকে উদ্ধারের জোর তাগিদ দেওয়া হলো এবারের জি-২০ সম্মেলনে। সংকটের কারণ নিয়ে বিশ্ব নেতারা একমত। অর্থনীতি পুনরুদ্ধার করতে হবে—এ ব্যাপারেও সবাই অভিন্নকণ্ঠ। সবাই বলছেন, গড়ে তুলতে হবে একটা টেকসই অর্থনীতি। তবে কীভাবে তা নিয়ে কিছু মতদ্বৈধতা আছে। কেউ বলেছেন, ব্যয় সংকোচন ও পরিচালন ব্যয় কমানোর কথা। কেউ বা বলেছেন, এর কোনোটিই নয়, বরং বিক্রয় কর বাড়ানো যেতে পারে। সম্মেলন শেষে এমনও বলা হয়েছে, কোরিয়ায় অনুষ্ঠিতব্য আগামী সম্মেলনেও হয়তো এ বিষয়ে মতৈক্য হবে না। এবারের সম্মেলনে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম বিরোধ হয়েছে। তবে সবচেয়ে বেশি বিরোধ সৃষ্টি হয়েছে ইউরোপ ও বিকাশমান অর্থনীতিগুলোর মধ্যে। সম্মেলনে ইউরোপের অর্থনৈতিক নীতির কঠোর সমালোচনা করে ব্রাজিলের মতো উঠতি দেশগুলো। একটি বিষয়ে বিশ্ব নেতাদের সবাই ঐকমত্য পোষণ করেছেন। তা হলো ২০১৩ সালের মধ্যে জাতীয় বাজেটের ঘাটতি অর্ধেকে নামিয়ে আনা। এ ছাড়া ২০১৬ সালের মধ্যে শক্তিশালী ব্যাংক মূলধন সৃষ্টি করা। এ লক্ষ্যে বিশ্ব নেতারা পারস্পরিক সহযোগিতার ওপর জোর দিয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার বলেন, বিশ্বব্যাপী বিরাজমান আর্থিক ঘাটতি পুনরুদ্ধারে অনেক কিছু করতে হবে। কানাডা আগামী অর্থবছরেই এর লক্ষ্য অর্জনে সক্ষম হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। চলমান বিরূপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য তাড়াহুড়ো করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, বরং ধীরস্থিরভাবে লক্ষ্য পূরণে এগিয়ে গেলে তা-ই স্থায়ী হবে। কর্মসংস্থানের বিষয়ে ওবামা বলেন, বর্তমান অবস্থায় রাতারাতি সবার জন্য চাকরির বাজার সৃষ্টি করা কঠিন। ব্যয় সংকোচন ও পরিচালন ব্যয় কমানোর মাধ্যমে আর্থিক ঘাটতি পূরণ সম্ভব বলে মত প্রকাশ করেন বিশ্বের সবচেয়ে ধনী দেশের প্রেসিডেন্ট। অর্থনৈতিক মন্দা মোকাবিলায় তিনি বাজেট কমানো এবং বিক্রয় কর বাড়ানোর ওপর জোর দেন।ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের জন্য এটিই ছিল প্রথম আন্তর্জাতিক সম্মেলন। তিনি বলেন, বৃহৎ অর্থনীতির দেশগুলোর আর্থিক ঘাটতি একটা বড় সমস্যা। তিনিও এই ঘাটতি মোকাবিলায় জাতীয় ব্যয় কমাতে হবে বলে মত প্রকাশ করেন।সাম্প্রতিক অর্থনৈতিক মন্দায় ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় গ্রিসের অবস্থান প্রথম দিকেই। কিন্তু গ্রিক সরকার বাজেট সংকোচনের মাধ্যমে সেই সংকট কাটিয়ে উঠতে শুরু করেছে। সম্মেলনে ইউরোপীয় নেতারা ভূমধ্যসাগরীয় দেশটির অর্থনৈতিক ধস ও পরবর্তী পুনরুদ্ধার প্রক্রিয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, কেবল বাজেট কমিয়েই গ্রিক সরকার আর্থিক সংকট মোকাবিলা করে আবার বাজারে আস্থা ফিরিয়ে এনেছে।সম্মেলনে তৃতীয় বিশ্বের দেশগুলোর মাতৃত্ব ও শিশুস্বাস্থ্যের নিরাপত্তার জন্য একটি তহবিলে ৫০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্ব নেতারা। তহবিলটি গঠনের প্রস্তাব দিয়েছিলেন স্বাগতিক কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার। এই তহবিলে কানাডা একাই ১০০ কোটি ডলার এবং ধনকুবের বিল গেটসের ‘বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ ১৫০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে। ইউরোপীয় অর্থনীতির অন্যতম ‘পাওয়ার হাউস’ জার্মানি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আর্থিক ঘাটতি পূরণ করে একটি টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেয়। তবে এ আর্থিক ঘাটতি দুই পক্ষের মধ্যে কোনো ধরনের বিভাজন প্রকাশ করে না বলে উল্লেখ করেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।বিশ্বনেতারা ভবিষ্যতে অর্থনৈতিক মন্দা এড়াতে শক্তিশালী ব্যাংক মূলধন সৃষ্টির ওপর জোর দিয়েছেন। তাঁরা বলেন, ব্যাংকগুলোকে ন্যূনতম মূলধন নিশ্চিত করতে হবে। তবে কী পরিমাণ মূলধন থাকলে সংকট মোকাবিলা সম্ভব সে সম্পর্কে তাঁরা কিছু বলেননি। জি-২০ সম্মেলনের সফলতার ব্যাপারে বিশ্লেষকেরা বলেছেন, বড় অর্থনৈতিক শক্তি ও বিকাশমান অর্থনৈতিক শক্তির দেশগুলোর এই সম্মেলন ঠিক কতটা ফলপ্রসূ হবে, তা তাদের আর্থিক কর্মসূচির বিচক্ষণতার ওপরই নির্ভর করবে। তবে ক্রমবর্ধমান অস্ত্র প্রতিযোগিতা ও গৃহযুদ্ধ ঠেকাতে না পারলে আর্থিক মন্দা থেকে পরিত্রাণ পাওয়া কঠিনই হবে।ব্রাজিলের অর্থমন্ত্রী গুইদো মানতেগা ইউরোপ ও অন্য উন্নত দেশগুলোর অর্থনৈতিক নীতির কঠোর সমালোচনা করেন। সম্মেলনে তিনি বলেন, উন্নত দেশগুলো বাজেট কমালে তাতে বিশ্ব অর্থনীতিরই ক্ষতি হবে। এর ফলে ব্রাজিল, চীন ও ভারতসহ বিকাশমান অর্থনীতিগুলোই বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি সতর্ক করে দেন। অন্য উন্নয়নশীল ও বিকাশমান অর্থনীতির দেশের নেতারা জোরালোভাবে সমর্থন করেছেন তাঁকে।আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ও অন্যান্য উন্নত দেশের রাজস্ব আদায় বাড়ানোর প্রস্তাবকে তারা স্বাগত জানায়। কিন্তু তা আয়কর বাড়িয়ে নয়, বিক্রয় কর বাড়ানোর মাধ্যমে করা যেতে পারে।এবারের সম্মেলনে আর্থিক সংকট ও সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা হলেও পরিবেশ রক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক অস্থিরতা রোধ ও বেকারত্ব ঠেকানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হয়নি। এর প্রতিবাদে সম্মেলন কেন্দ্রের বাইরে ব্যাপক বিক্ষোভ হয়। সেই বিক্ষোভ সমাবেশে প্রায় ১০ হাজার মানুষ অংশ নেয়। সম্মেলন উপলক্ষে যে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয় তা কানাডার ইতিহাসে নজিরবিহীন। টরন্টোর প্রধান পুলিশ কর্মকর্তা বিল ব্লেয়ার জানান, নগরের ইতিহাসে বিক্ষোভ ঠেকাতে এই প্রথম পুলিশকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে হয়েছে। এমন বিক্ষোভের ঘটনা তাঁরা আগে কখনো দেখেননি।