মাননীয় অর্থমন্ত্রীর মতে, এবারের বাজেট তাঁর জীবনের ‘শ্রেষ্ঠতম’ বাজেট। বিশিষ্ট বাজেট-অজ্ঞ হিসেবে রস+আলোও সেটা মনে করে। তবে বাগড়া বাধাচ্ছে ‘দুষ্টু’ সিপিডি! এবারের বাজেট নিয়ে নানা বাঁকা-ত্যাঁড়া প্রশ্ন তুলেছে তারা। কিন্তু তাদের তোলা সব প্রশ্নেরই আছে যথোপযুক্ত জবাব। অর্থমন্ত্রীর অর্থ না খেয়েও তাঁর ঘোষিত বাজেটের ‘প্রশ্নবিদ্ধ’ বিষয়গুলোর পক্ষে যুক্তি দিচ্ছেন ঘরের খেয়ে বনের মোষ আর নদীর কুমির তাড়ানো শরীফ মজুমদার

সিপিডির আপত্তি: নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির ওপর চাপ বাড়বে
রস+আলোর যুক্তি: সিপিডির মতে, প্রস্তাবিত বাজেটে মুদ্রাস্ফীতি হবে, যা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির ওপর চাপ বাড়াবে। কেমন বাস্তবতাবিবর্জিত অভিযোগ সিপিডির! চাপ তো নিম্নবিত্ত আর মধ্যবিত্ত শ্রেণির ওপরই বাড়ানো উচিত। কারণ, জীবনযাপনে হরহামেশাই এ দুই শ্রেণি ব্যাপক ‘প্রেশারে’ থাকে। এখন তারা যেহেতু এটাতে অভ্যস্ত, তো তাদের ওপর চাপের বোঝা না চাপিয়ে যদি উচ্চবিত্তদের ঘাড়ে চাপানো হয়, সেটা কি কোনো যুক্তির কথা হয়? কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কি এমনটা বলবে? অর্থমন্ত্রীর প্রতি নয়, এই অভিযোগের মাধ্যমে সিপিডি বরং পরোক্ষভাবে দেশের উচ্চবিত্তদের প্রতি বিষোদ্গার করেছে! এটা রীতিমতো ক্লাস কনফ্লিক্ট!
সিপিডির আপত্তি: দ্রুত অর্থ আসে—এ রকম ক্ষেত্রে বেছে বেছে কর বাড়ানো হয়েছে
রস+আলোর যুক্তি: সিপিডির একটা খুবই অবিবেচনাপ্রসূত অভিযোগ এটা! ১ বছরে ৪ লাখ ২৬৬ কোটি টাকার বিশাল বাজেট! এই লাখো কোটি টাকা কোত্থেকে-কীভাবে আসবে, তা নিয়ে এন্তার ভেবে ভেবে মাননীয় অর্থমন্ত্রী সহজ কিছু খাত বের করেছেন। কোথায় তাঁর যুগান্তকারী চিন্তাভাবনাকে বাহবা দেবে তা না, সিপিডি কিনা এটা নিয়ে আঙুল তুলল! স্যাড, ভেরি স্যাড! অর্থ যদি দ্রুত আর সহজে না-ই এল, তাহলে বাজেটের ঠিকঠাক বাস্তবায়নও তো হয় না। তখন তো মানুষ আবার বাঁকা বাঁকা কথা শোনাবে—বাজেট এই হলো রে, সেই হলো রে!
সিপিডির আপত্তি: কালোটাকা সাদা করার সুযোগ থাকছে এবারও
রস+আলোর যুক্তি: অন্যান্যবারের মতো এবারও বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। মাননীয় অর্থমন্ত্রীর এই মহৎ সিদ্ধান্তেও আপত্তি সিপিডির! আচ্ছা, কালোটাকাধারী ব্যক্তিরা না হয় লোভের বশবর্তী হয়ে একটু এদিক-সেদিক করেই ফেলেছেন; এখন যদি ‘অভিভাবক’ হিসেবে তাঁদের একটু সুযোগ না দেওয়া হয়, তাহলে ব্যাপারটা কতটা অমানবিক হয়ে যায়! আর ‘ভালো হতে পয়সা লাগে না’—অর্থমন্ত্রীর কাছে এটা একটা ভুয়া কথা। সে জন্যই ‘সাধু’ হওয়ার সুযোগ দেওয়ার বিনিময়ে তিনি তাঁদের কাছ থেকে কর কাটারও ব্যবস্থা করেছেন। কী বিচক্ষণতা অর্থমন্ত্রীর! সিপিডির শুধু শুধুই আপত্তি!
সিপিডির আপত্তি: বাজেটে রাজনীতি ও অর্থনীতিকে আনা হয়নি
রস+আলোর যুক্তি: পুঁজিবাজার, ব্যাংক খাত—রাজনীতি ও অর্থনীতির আওতায় থাকা এসব ব্যাপার-স্যাপারকে কেন বাজেটে আনা হয়নি এ নিয়েও আপত্তি আছে সিপিডির।
সিপিডির এই আপত্তিও ধোপে টেকার মতো নয়। বাজেটের মতো একটা চমৎকার বিষয়ের মধ্যে কেন শুধু শুধু রাজনীতি আনতে যাবেন অর্থমন্ত্রী! সব কিছুতেই যদি পলিটিকসের প্যাঁচ চলে আসে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়! কাজেই পুঁজিপতিদের স্বার্থহানি নয়, বরং এমন জনহিতকর ভাবনা থেকেই মাননীয় অর্থমন্ত্রী এটা করেননি।
সিপিডির আপত্তি: অসংগতিপূর্ণ বাজেট, বাস্তবতার সঙ্গে মিল নেই
রস+আলোর যুক্তি: সিপিডি বলছে, বাজেটে ‘ভ্রম’ আছে। কারণ, রাজস্ব আয়-ব্যয়ের মধ্যে বিরাট ফারাক রয়েছে। আর তাই বাস্তবতার সঙ্গে বাজেট মেলে না। ঠিকই তো আছে! আরে, এত বিশাল অঙ্কের স্বপ্নের একটা বাজেট বাস্তবতার সঙ্গে মিলতে যাবে কোন দুঃখে? অর্থমন্ত্রী নিজেই তো বলেছেন—এটা উচ্চাভিলাষী বাজেট। আর কে না জানে—উচ্চাভিলাষ মানেই কল্পনার রাজ্যে ওড়াউড়ি! যদি একদম ঠিকঠাক বাস্তবতার সঙ্গে মিলেই যাবে—তাহলে কিসের উচ্চাভিলাষ, কিসের কী! তাই ইচ্ছে করেই অর্থমন্ত্রী বাজেটের মধ্যে স্বপ্নের ফ্লেভার রেখেছেন। তা ছাড়া আজকাল আর আমাদের নেতা-নেত্রীরা খুব একটা স্বপ্নটপ্নের কথা বলেন না। ‘বাস্তবতাবিবর্জিত’ বাজেটের মধ্য দিয়ে যদি মাননীয় অর্থমন্ত্রী এক-আধটু অলীক স্বপ্ন দেখানই, তাতে দোষ তালাশের কী আছে?