খবর ১: পিস্তলের দাম বাড়ছে
প্রতিক্রিয়া
‘এবার তাহলে খুনখারাবি একদম কমে যাবে।’
: আশাবাদী আমজনতা
‘দাম বাড়লে কী হবে? আমাদের নেতার টাকা কম আছে নাকি?’
: নাম প্রকাশে অনিচ্ছুক এক পাতি নেতা
খবর ২: টয়লেট টিস্যুর দাম কমছে
প্রতিক্রিয়া
‘..........’
: (প্রতিক্রিয়া ব্যক্তকারী টয়লেটে থাকার কারণে প্রতিক্রিয়া নেওয়া যায়নি!)
খবর ৩: প্রসাধনসামগ্রীর দাম বাড়ছে
প্রতিক্রিয়া
‘অসুন্দর বাংলাদেশ গড়ার গভীর ও কুৎসিত ষড়যন্ত্র!’
: জনৈক রূপবিশেষজ্ঞ
খবর ৪: রেজরের দাম বাড়ছে
প্রতিক্রিয়া
‘মন্তব্য নিষ্প্রয়োজন!’
: দেবদাস
‘আমার মুখে খোঁচা খোঁচা দাড়ি দেখলেই গার্লফ্রেন্ড চিৎকার–চেঁচামেচি করে! এখন রেজরের অভাবে দাড়ি না কেটে তার সামনে গেলে প্রেমটাই তো ভেঙে যাবে! একে তো মোবাইল ফোনে কথা বলার খরচ বাড়ছে, তার ওপর রেজরের বাড়তি দামে তরুণেরা আজ পিষ্ট। এই বাজেট তরুণ মারার বাজেট!’
: জনৈক তরুণ প্রেমিক
খবর ৫: মোটরগাড়ির টায়ারের দাম বাড়ছে
প্রতিক্রিয়া
‘এটা মানুষকে ডুবিয়ে মারার ষড়যন্ত্র!’
: সদ্য সাঁতার শিখবে বলে সিদ্ধান্ত নেওয়া একজন
‘পোড়াবই যখন তখন বেশি দামি জিনিসই পোড়াব! ভাবতেই ভালো লাগছে!’
: বিশেষজ্ঞ পিকেটার
খবর ৬: মোবাইল ফোনে কথা বলার খরচ বাড়ছে
প্রতিক্রিয়া
‘আমরা একজন তরুণ অর্থমন্ত্রী চাই। যিনি রোমান্টিক। প্রেম বুঝবেন।’
: জনৈক প্রেমিক
‘কাঁচাবাজারে আগুন ধরিয়ে এখন তিনি প্রেমের বাজারেও
আগুন ধরাতে চাইছেন!’
: প্রতিবাদী যুবক
‘শুল্কমুক্ত প্রেম চাই!’
: জনৈক কবি