বাজেট বুঝে বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ছে জিনিসপত্রের দাম, বাড়ছে দৈনন্দিন জীবনের খরচ। কিন্তু আয় কি বাড়ছে একই হারে? এই দুর্মূল্যের বাজারে মানুষকে তার মৌলিকসহ সব ধরনের চাহিদা পূরণ করে বেঁচে থাকতে হবে। ‘পরিকল্পনামতো বাজেট করে একটু সাশ্রয়ী ও সচেতন হয়ে টাকাপয়সা খরচ করলেই সব দিক ঠিক রাখা যায়।’ প্রতি মাসে কীভাবে খরচ করলে সংসারে সাশ্রয় হতে পারে, সে সম্পর্কে বলছিলেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের গৃহব্যবস্থাপনা ও গৃহায়ণ বিভাগের সহযোগী অধ্যাপক রীনাত ফওজিয়া। সাশ্রয়ী হতে হবে  সংসার খরচে সাশ্রয়ী হতে হলে প্রথমে খরচের খাতগুলো নিয়ে একটি তালিকা (লিস্ট) করে নিতে হবে। সে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তালিকার প্রথম দিকে রাখতে হবে। প্রথমেই আসে বাজারের কথা। খুচরার চেয়ে পাইকারি দরে মাসের বাজার, যেমন—মাছ, মাংস এগুলো পরিবারের প্রয়োজন অনুযায়ী বেশি করে কিনতে হবে। কিংবা ডিপার্টমেন্টাল স্টোর থেকে এসব জিনিসপত্র (চাল, ডাল, আটা, ময়দা, গুঁড়া দুধ, নুডলস) কেনাকাটা করা যায় একবারে।  অ-অর্থনৈতিক বিষয়গুলো, যেমন—শ্রম, মেধা দিয়ে যেসব কাজ করা যায়, সেগুলোর দিকে নজর দিতে হবে। সেবা কেনার চেয়ে নিজের চেষ্টা করতে হবে। যেমন: যিনি সেলাই জানেন, তিনি নিজে যদি ছোটখাটো সেলাইয়ের কাজ নিজে করেন, তবে সংসারের খরচ একটু হলেও কমবে। আবার সৌন্দর্যচর্চার কিছু টিপস শিখে নিলে বাসায় বসে নিজে চর্চা করলে টাকার সাশ্রয় হয়। লোক দেখানো ভোগ, যেমন: প্রতিবেশী কিংবা আত্মীয়স্বজন নতুন গাড়ি কিনছেন, আমারও কিনতে হবে—এ ধরনের বদঅভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে।  ঋণ করার অভ্যাস পরিহার করে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে। অনেকে হয়তো ভাবতে পারেন, সংসারই চলে না, আবার সঞ্চয়। তা নয়, ১০০ টাকার মধ্যে অন্তত এক টাকা হলেও সঞ্চয় করতে হবে। যখন যে ধরনের জিনিস, যেমন: মডেম, সিম, মোবাইল ফোনসেটে ডিসকাউন্ট বা ছাড় দেওয়া হয়, ওই সময় কিনলে সাশ্রয় হয়। যাতায়াতের খরচ সীমিত করতে হবে। হেঁটে যাওয়ার দূরত্ব হলে রিকশায় খরচ না করে হেঁটে যেতে হবে। মাসের প্রথমে কিংবা সপ্তাহের নির্দিষ্ট একটা দিনে ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে একবারে বেশি কেনাকাটা করলে খরচ যেমন বাঁচবে, তেমনি যাতায়াত ভাড়াও বেঁচে যাবে। প্রতিদিন বেড়াতে না গিয়ে সপ্তাহে অন্তত এক দিন দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। বিনোদনের জন্য খরচ করুন বুঝেশুনে। মোবাইল ফোন ব্যবহারে সংযত হতে হবে। পিক কিংবা অফ-পিক আওয়ারে কথা বললে সাশ্রয়ী রেটে প্রয়োজনীয় কথা বলা যায়। প্রয়োজনে এসএমএস করা যেতে পারে। বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। যতটা সম্ভব বিদ্যুৎ ব্যবহারে অপচয়ী না হয়ে সচেতন হতে হবে। ওভেন, ইস্তিরি, রাইসকুকার—এসব ব্যবহারে সাশ্রয়ী হলে বিদ্যুৎ বিল কম আসবে।  রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসের, যেমন: ভোজ্যতেল, ছোলার ডাল, চিনি, পেঁয়াজ—এসবের দাম বাড়তে পারে। তাই এখনই তালিকা করে নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস কিনে রাখা যেতে পারে। ঈদে বোনাসের পুরো টাকা খরচ না করে সেখান থেকে কিছু টাকা সরিয়ে রাখলে প্রয়োজনের সময় অনেক বড় উপকারে লাগতে পারে। সংসারের প্রয়োজনীয় জিনিসের তালিকা করে খরচ করার অভ্যাস করলে সঞ্চয়ী হয়ে ওঠা সম্ভব।