বাজেটে গুরুত্ব পাক তথ্যপ্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসেই আসছে ২০১১-১২ অর্থবছরের জাতীয় বাজেট।এই বাজেটে তথ্যপ্রযুক্তি খাতকে গুরুত্ব দেওয়ার দাবি ইতিমধ্যেই জানিয়েছে তথ্যপ্রযুক্তি খাতের সংগঠনগুলো। বাজেটে তথ্যপ্রযুক্তির জন্য কী চাওয়া, তা বলেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।তাঁদের ভাবনা নিয়েই এই আয়োজন।মোহাম্মদ কায়কোবাদঅধ্যাপক, কম্পিউটার বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকাতথ্যপ্রযুক্তির বিকাশের জন্য এ সংক্রান্ত শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে। তা না হলে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হবে না। তথ্যপ্রযুক্তি শিক্ষার বিকাশ ঘটাতে বাজেটে আলাদা প্রকল্প গঠন করতে হবে। জ্ঞানের বিকাশের জন্য প্রয়োজনে বিদেশ থেকে অভিজ্ঞ শিক্ষক বা বিশেষজ্ঞ এনে শিক্ষা দিতে হবে। বাজেটে যেন এটি গুরুত্ব পায়, সেদিকে নজর দিতে হবে।এ এইচ এম বজলুর রহমানপ্রধান নির্বাহী, বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনএবারের বাজেটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যাতে পল্লি এলাকার মানুষ কম খরচে পেতে পারে, তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে সরকারকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ভর্তুকি দেওয়া উচিত। এখন যেসব ইউনিয়নে তথ্য ও সেবাকেন্দ্র চালু আছে, সেসব আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব দিতে হবে। পাশাপাশি পল্লি এলাকার জনগণের সুবিধার জন্য কমিউনিটি রেডিও সম্প্রসারণ করতে হবে।মুজিবুর রহমানমহাসচিব, বাংলাদেশ কম্পিউটার সমিতি সরকার সব সময় তথ্যপ্রযুক্তির উন্নয়নের কথা বলেছে। কিন্তু বাস্তবেও এর প্রতিফলন থাকতে হবে। গত অর্থবছরের বাজেটে তথ্যপ্রযুক্তির উন্নয়নের জন্য প্রায় ১০০ কোটি টাকার একটি বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু তথ্যপ্রযুক্তির মতো এত বড় একটি শিল্পের উন্নয়নের জন্য এ অঙ্কের বরাদ্দ একেবারেই অপ্রতুল। আহমেদ হাসানপ্রধান নির্বাহী, রায়ানস আইটি লিমিটেডএবারের বাজেটে ইন্টারনেটকে অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত। ইন্টারনেট সংযোগের সহজলভ্যতার জন্য ব্যান্ডউইথের দাম আরও কমিয়ে আনা উচিত। কেননা সারা দেশের আনাচকানাচে মানুষ কম্পিউটার কিনছে, কিন্তু ইন্টারনেটের দাম হাতের নাগালে না আসায় এর সংযোগ নিতে পারছে না। ফারহানা এ রহমান সহসভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস আমাদের দেশে সব ধরনের সফটওয়্যার আমদানি ও রপ্তানির ক্ষেত্রে যে কর মওকুফের ব্যবস্থা ছিল, তা এ বছরই শেষ হচ্ছে। এটা যেন আগামী অর্থবছরের বাজেটে আরও বাড়ানো হয়। এবারের বাজেটে যেন এ শিল্পের সুবিধায় সফটওয়্যার ও প্রযুক্তিপণ্যের জন্য একটি নতুন সার্ভিস কোড ঘোষণা করা হয়। রফিকুল আনোয়ারব্যবস্থাপনা পরিচালক, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লি. এবার আমরা তথ্যপ্রযুক্তিবান্ধব একটি বাজেট দেখতে চাই। আমাদের বিভিন্ন প্রযুক্তিপণ্যের ওপর শুল্কমুক্ত যে সুবিধা দেওয়া হচ্ছে, তা যেন ২০২১ সাল পর্যন্ত বহাল থাকে। তা না হলে ভিশন-২০২১-এর প্রতিযোগিতায় আমরা অনেক পিছিয়ে পড়ব। কাশফিয়া আহমেদপ্রধান নির্বাহী, উইন ইনকরপোরেটেডতথ্যপ্রযুক্তির উন্নয়নে সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে। তবে এসব কাজ কতটা ফলপ্রসূ, তা নিয়ে কোনো ধরনের গবেষণা হচ্ছে না। যেসব কাজ হচ্ছে, তা কতটুকু টেকসই এবং আরও উন্নতি কীভাবে সম্ভব, তা নির্ণয় করা প্রয়োজন। তাই এবারের বাজেটে গবেষণার জন্য একটি আলাদা প্রকল্প হাতে নেওয়া যেতে পারে।এ জন্যযেন অর্থ বরাদ্দ রাখা হয়, সে বিষয়টি বিবেচনা করতে হবে। ফোরকান বিন কাসেমমহাসচিব, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস নতুন বাজেটে তথ্যপ্রযুক্তিকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। তথ্যপ্রযুক্তির উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির জন্য সরকারকে এ বিষয়ক শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রযুক্তিশিল্পের বিকাশের জন্য এবারের বাজেটে অবকাঠামোগত উন্নয়নের দিকে খেয়াল রাখতে হবে এবং বিভিন্ন প্রযুক্তিপণ্যের ওপর শুল্ক মওকুফের সময়সীমা বাড়ানো উচিত।এম এ হাকিমমহাসচিব, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএ)বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীদের ১৫ শতাংশ কর দিতে হচ্ছে। এবারের বাজেটে এই কর যেন পুরোপুরি মওকুফ করা হয়। এ ছাড়া বিভিন্ন নেটওয়ার্কিং পণ্যের ওপর যেন শুল্ক আরও কমানো হয়, সে বিষয়টিও বাজেটে গুরুত্ব দেওয়া উচিত।জাকারিয়া চৌধুরীআউটসোর্সিং ফ্রিল্যান্সারআমরা যাঁরা ফ্রিল্যান্সার হিসেবে আউটসোর্সিং করে থাকি, তাঁদের সব কাজ ইন্টারনেটের মাধ্যমে করতে হয়। এ ক্ষেত্রে একটা বড় অঙ্কের টাকা ইন্টারনেটের পেছনে ব্যয় হয়। তাই কাজের সুবিধার জন্য যদি ইন্টারনেটের খরচটা কমিয়ে আনা যায়, তাহলে আমাদের অনেক উপকার হয়। এতে অনেকেই আউটসোর্সিংয়ের কাজের প্রতি আগ্রহী হবেন।সাজ্জাদুর রহমানশিক্ষার্থী, তড়িৎ প্রকৌশল বিভাগ, আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় (এআইইউবি)আমরা যারা শিক্ষার্থী, তাদের জন্য ইন্টারনেট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু এর খরচ এখনো হাতের নাগালে আসেনি। এবারের বাজেটে এই ইন্টারনেটের খরচ কমিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত হলে খুব উপকৃত হতাম। সরকার ১০ হাজার টাকায় ল্যাপটপ দেওয়ার কথা বলছে, খুব শিগগির তা বাস্তবায়িত হলে ভালো হয়।ইবনে মায়য়াজ প্রামাণিকশিক্ষার্থী, পানিসম্পদ প্রকৌশল বিভাগ, বুয়েটবিশ্বের বিভিন্ন দেশে প্রাকৃতিক দুর্যোগ কমানোর জন্য নানা ধরনের প্রযুক্তির সাহায্য নেওয়া হয়। কিন্তু আমাদের দেশে এর ব্যবহার অনেক কম। এবারের বাজেটে যেন আমাদের দেশের প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণে ভালো প্রযুক্তিপণ্য আমদানি করার প্রতি গুরুত্ব দেওয়া হয়। সঙ্গে সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের বিভিন্ন দিক নিয়ে ওয়েবসাইট তৈরিতে সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানো প্রয়োজন।অরূপ কুমার সরকারশিক্ষার্থী, কম্পিউটার প্রকৌশল বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়এবারের বাজেটে দেশের সব সরকারি প্রতিষ্ঠানকে তথ্যপ্রযুক্তির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। গ্রামের কৃষকেরা যাতে সহজেই প্রযুক্তির সেবা নিয়ে কৃষিকাজের উন্নতি করতে পারেন, সেদিকে দৃষ্টি দিতে হবে।গ্রন্থনা : মোছাব্বের হোসেন