বাজেটে তথ্যপ্রযুক্তি খাতের প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর বাজেট ঘোষণার সময় এলেকম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে একটা চিন্তা কাজ করে—কম্পিউটারে কোনো শুল্ক আরোপ করা হবে কি না। যদিও ১৯৯৮-৯৯ অর্থবছর থেকে কম্পিউটারে আমদানি শুল্ক নেই, তবু এই চিন্তাটা চলে আসে অনেকের মধ্যেই।আবার তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন দাবি-দাওয়াও থাকে বাজেটে। তথ্যপ্রযুক্তির উন্নয়নে এ খাতের সঙ্গে সংশ্লিস্ট ব্যক্তিরা আগেই তাঁদের বাজেট ভাবনা তুলেধরেন। ২০১০-১১ অর্থবছরের বাজেট সামনে রেখে তত্যপ্রযুক্তি খাতের প্রধান তিন সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) বাজেটে কী প্রত্যাশা করেছে তা তুলে ধরেছে। তথ্যপ্রযুক্তির জন্য নানা প্রস্তাবআমাদের দেশের তথ্যপ্রযুক্তি খাত আশানুরূপ প্রবৃদ্ধিসহ দ্রুতই এগিয়ে যাচ্ছে। সম্ভাবনাময় এই শিল্প দেখাচ্ছে আশার আলো। বিসিএস, বেসিস, আইএসপিএবির মতো সংগঠনগুলো এ খাতের জন্য বর্তমান সুবিধাগুলো অব্যাহত রাখাসহ আগামী বাজেটে নতুন কিছু বিষয়ে আলোকপাত করেছে। সংগঠনগুলো ভাবছে, দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশের জন্য জাতীয় বাজেটে প্রতিফলন থাকতে হবে। বিসিএসের প্রস্তাববিসিএসের বাজেট প্রস্তাবে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ডিজিটাল সরকার-ব্যবস্থা চালুর কথা বলা হয়েছে।‘কাগজহীন সরকার’ (পেপারলেস সরকার) বিষয়টি গুরুত্ব পেয়েছেবিসিএসের প্রস্তাবে।এ জন্য সরকারের উপাত্ত ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ, ডিজিটাল পদ্ধতিতে সিদ্ধান্ত গ্রহণ ও কার্যপরিচালনা এবং ডিজিটাল পদ্ধতিতে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কাজ করার ওপর জোর দেওয়া হয়েছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি নীতিমালা ২০০৯ অনুসারে এ খাতে উন্নয়ন বাজেটের পাঁচ শতাংশ বরাদ্দের ব্যাপারে বলা হয়েছে। তথ্যপ্রযুক্তি শিক্ষার মাধ্যমে এ খাতে দক্ষ জনশক্তি সৃষ্টির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য প্রাথমিক পর্যায় থেকেই প্রয়োজনীয় কম্পিউটারবিষয়ক পাঠ্যসূচি প্রণয়ন, প্রকাশনাগুলোর ডিজিটাল সংস্করণ, বাধ্যতামূলক তথ্যপ্রযুক্তি শিক্ষা চালু, শিক্ষাপ্রতিষ্ঠানে সুলভ মূল্যে কম্পিউটার ও ইন্টারনেট সংযুক্তিসহ সারা দেশে আরও অধিকসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার কেনার ক্ষেত্রে ব্যাংক-ঋণের ব্যবস্থা এবং শিক্ষকদের তথ্যপ্রযুক্তি বিষয়ে উন্নত প্রশিক্ষণের ব্যাপারে বাজেটে অর্থ বরাদ্দ করার সুপারিশ করেছে বিসিএস। এ সংগঠনের আরও বাজেট প্রস্তাবের মধ্যে আছে পর্যাপ্ত দক্ষ প্রোগ্রামার ও সফটওয়্যার প্রকৌশলী তৈরি এবং বিশেষায়িত তথ্যপ্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও গবেষণাকেন্দ্র স্থাপন। এ ক্ষেত্রে গাজীপুরের কালিয়াকৈরে একটি ডিজিটাল বিশ্ববিদ্যালয় ও গবেষণাকেন্দ্র স্থাপনের জন্য পর্যাপ্ত জমি বরাদ্দসহ এ কাজকে এগিয়ে নেওয়ার কথা বলা হয়। আরও বেশিব্যবহারকারী সৃষ্টির লক্ষ্যে কম্পিউটার ও কম্পিউটারসামগ্রী সহজতর, শুল্কমুক্ত নেটওয়ার্ক, ইন্টারনেট ও এর জন্য ব্যবহূত সামগ্রীর কর ও ভ্যাট প্রত্যাহার, বিদেশে উৎপাদিত সফটওয়্যার ও সেবাপণ্যের ওপর শুল্ক ও ভ্যাট আরোপ, সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা (আইটিইএস) ব্যবসার আয়কর অব্যাহতির সময়সীমা ২০১১ সালের ৩০ জুন শেষ হচ্ছে, যা ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সেন্টার অব আইসিটি বিজনেস এক্সিলেন্স, আইসিটি ইনকিউবেটর এবং তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার পার্ক নির্মাণের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যকে সামনে রেখে ১৭ মাস দেশ চালিয়েছে এবং এ ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম সামনে রেখে এগিয়ে যেতে হলে সরকারের নিজের কার্যক্রমের পরিবর্তন জরুরি। তবে ভালো খবর হলো, এবারই প্রথম জাতীয় সংসদে বাজেট পড়া হবে ডিজিটাল পদ্ধতিতে, যা সত্যিই ডিজিটাল বাংলাদেশের জন্য একটি বড় পাওয়া। তিনি বলেন, সরকারি কার্যক্রমে ডিজিটাল পদ্ধতি বাস্তবায়নের পাশাপাশি ডিজিটাল শিক্ষাপদ্ধতি সহজ করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। শিক্ষার্থী ও শিক্ষকেরা কীভাবে সহজে কম্পিউটার পাবেন—এই বাজেটে সে ধরনের দিকনির্দেশনা থাকতে হবে।রাজধানীর পাশাপাশি পর্যায়ক্রমে অন্যান্য বিভাগীয় শহরে একই ধরনের স্থাপনা প্রতিষ্ঠা করা এবং প্রাথমিকভাবে ঢাকায় এক বা একাধিক এবং পরবর্তী সময়ে প্রতিটি বিভাগে একটি করে আইটি বা সফটওয়্যার পার্ক প্রতিষ্ঠা করার ব্যাপারে জোর দেওয়া হয়েছে বিসিএসের প্রস্তাবে। বিশ্বখ্যাত হার্ডওয়্যার বা তথ্যপ্রযুক্তি পণ্য উৎপাদনকেন্দ্র তথা আইসিটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা স্থাপনের ব্যাপারেও প্রস্তাবনায় বলা হয়েছে। সারা দেশে ইন্টারনেটসেবা নিশ্চিত করতে ইন্টারনেট ব্যাকবোন নির্মাণ ও সারা দেশে ফাইবার অপটিক স্থাপনের কাজ সম্পন্ন করার কথাও বলা হয়। বিকল্প সাবমেরিন কেব্ল চালু করার জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ বরাদ্দের কথা বলা হয়েছে প্রস্তাবে। সাইবার আইন প্রণয়ন ও প্রয়োগের ব্যাপারে কার্যকর ভূমিকা এবং আইসিটি নীতিমালা-২০০৯-এর আওতাধীন ৩৬০টি কর্মপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে বাজেটে পর্যাপ্ত বরাদ্দ দেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।বেসিসের প্রস্তাবনাবেসিসের বাজেট প্রস্তাবের মধ্যে আছে, সফটওয়্যার প্রযুক্তি কেন্দ্র তৈরির ক্ষেত্রে ৪০ কোটি টাকা বরাদ্দ দেওয়া, কম্পিউটারের সফটওয়্যার ও হার্ডওয়্যার আমদানির ওপর পিএসআই তুলে নেওয়া, আইটিইএস ব্যবসার আয়কর সময়সীমা বাড়ানো, বেসরকারি খাতে তথ্যপ্রযুক্তি বিনিয়োগের ক্ষেত্রে ১০০ শতাংশ আয়কর বাদ দেওয়া। এ ছাড়া আউটসোর্সিং বিষয়ে বিভিন্ন মেলা, ফোরাম ইত্যাদি আয়োজনের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের কাছেতুলে ধরতে ২০ কোটি টাকা বরাদ্দের ব্যাপারে বলা হয়েছে। বেসিসের অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে, বিশ্বের বিভিন্ন উন্নত শহরে প্রদর্শনী করার জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ করা। তথ্যপ্রযুক্তি সেবা খাতে এখন ছয়টি বিষয়আছে।এর সঙ্গে গ্রাফিক্স ডিজাইন সার্ভিসকে (জিডিএস) যুক্ত করা এবং সরকারিভাবে আইসিটি উন্নয়ন খাতে ৭০০ কোটি টাকা বরাদ্দের ব্যাপারে বলা হয়েছে। এ ছাড়া বিদেশি প্রোগ্রাম সফটওয়্যারের ক্ষেত্রে কর বাড়ানোসহ বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে।আইএসপিএবির প্রস্তাবনাআইএসপিএবির বাজেট প্রস্তাবের মধ্যে আছে, ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকলের (ভিওআইপি) ক্ষেত্রে সিডি কমানো, অপটিক্যাল ফাইবার কেবেলর ক্ষেত্রে সিডি কমানো, ইউটিপি/কক্সিয়াল কেব্ল ও কানেকশনের ক্ষেত্রে সিডি ২৫ রয়েছে, যা এক করার কথা বলা হয়েছে। এ ছাড়াও আইএসপিএবির অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে, ইউপিএস/আইপিএস, নেটওয়ার্ক সুইচ, রাউটার, ভিডিওফোন, মিডিয়া কনভার্টার, মিডিয়া কনভার্টার কার্ড, প্রটোকল কনভার্টার, কম্পিউটার/সার্ভারের ক্ষেত্রে সিডি কমানোর কথা বলা হয়েছে। আইএসপিএবির মহাসচিব এম এ হাকিম বলেন, ইন্টারনেট সেবার ওপর এখনো ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়। এটা বাদ দিলে ভালো হয়। এ ছাড়া এখনো নেটওয়ার্ক পণ্যগুলোকে টেলিযোগাযোগ পণ্য হিসেবে ধরা হয় এবং প্রায় ৪০ শতাংশ কর দিতে হয়। এর সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন যোগ হওয়ায় এর খরচ বেড়ে যায়, যার প্রভাব পড়ে ব্যবহারকারীদের ওপর। এ ব্যাপারে নজর দেওয়াসহ নেটওয়ার্কিং পণ্যের ক্ষেত্রে কর কমানো প্রয়োজন। ইন্টারনেট-সেবায় ব্যবহূত যন্ত্রাংশের ওপর ১৫ শতাংশ কর বাদ দেওয়ার কথাও আইএসপিএবির প্রস্তাবে বলা হয়েছে।