‘আমাদের জন্য চাই একটি শিশুবান্ধব নগর। আমাদের শিক্ষাকে সহজতর করার জন্য যেমন জরুরি সাংস্কৃতিক চর্চা, বিতর্ক প্রতিযোগিতা-ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, তেমনি ছেলেমেয়ে ও প্রতিবন্ধী সব শিশুর উপযোগী খেলার মাঠ ও পার্কের ব্যবস্থা রাখা, বিদ্যালয়, পরিবার, কর্মস্থলসহ সবখানে শিশু নির্যাতন বন্ধেরও উদ্যোগ নিতে হবে। এ ছাড়া মাদক সেবনে জড়িয়ে পড়া বন্ধ করতে, বাল্যবিবাহ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়াও জরুরি। বিদ্যালয়ে বেতনবৈষম্য দূর করা, পাবলিক বিনোদনকেন্দ্র ও পার্কসমূহের প্রবেশমূল্য কমানো, পাবলিক লাইব্রেরি তৈরি ও যেগুলো আছে, সেগুলোতে বইয়ের সংখ্যা বাড়ানো হলে শিশুরা একটি আদর্শ শিশুবান্ধব নগরী পাবে। আর তার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের বাজেটে সুনির্দিষ্টভাবে বরাদ্দ রাখা প্রয়োজন।’ নিজেদের এই সব দাবির কথা শিশুরা নিজেরাই শোনাল সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনকে।
২ আগস্ট মঙ্গলবার চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে উন্নয়ন সংগঠন ব্রাইট বাংলাদেশ ফোরাম (বিবিএফ) আয়োজিত বাজেট সংলাপে উপস্থিত ছিল নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা খোলা মনে মেয়রকে তাদের দুঃখ–বঞ্চনার কথা শোনাল মেয়রকে। মেয়র আ জ ম নাছির উদ্দীন মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন। প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সারের সঞ্চালনায় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া। সংলাপে ভবিষ্যৎ পরিকল্পনা ও শিশুদের উন্নয়নে গৃহীত কার্যক্রমগুলোর তথ্য প্রদানে মেয়রকে সহযোগিতা করেন ওয়ার্ড কাউন্সিলর ও শিক্ষাবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নাজমুল হক ডিউক।
সংলাপে আরও বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম, কাউন্সিলর আবিদা আজাদ, কাউন্সিলর জেসমিন পারভিন জেসী, চট্টগ্রাম জেলা শিশু একাডেমির জেলা শিশু সংগঠক নার্গিস সুলতানা, বাংলাদেশ অর্থনীতি সমিতি চট্টগ্রাম চ্যাপ্টারের সাবেক সাধারণ সম্পাদক মনসুর এম ওয়াই চৌধুরী, ব্রাইট বাংলাদেশ ফোরামের পরিচালক (কর্মসূচি) নাসরিন সুলতানা খানম, অপরাজেয় বাংলাদেশের সমন্বয়কারী মাহবুব-উল-আলম। বিজ্ঞপ্তি