বাজেটে শিশুদের জন্য বরাদ্দ আরও বাড়ানো প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের শিশু অধিকার সনদে বাংলাদেশ স্বাক্ষর করেছিল আজ থেকে ২২ বছর আগে। অথচ আমাদের দেশে এখনো অনেক শিশু তাদের অধিকার থেকে বঞ্চিত। অনেক শিশু জানেই না তাদের অধিকারগুলো কী। প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরীপ্রথম আলো: জাতিসংঘের শিশু অধিকার সনদে শিশুদের অধিকারের বিষয়ে অনেক কথা বলা হয়েছে। কিন্তু বাংলাদেশে এই সনদের পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে না। বাস্তবায়নের পথে বাধা কোথায়?শিরীন শারমিন চৌধুরী: শিশু অধিকার সনদের পুরোপুরি বাস্তবায়ন না হলেও বর্তমান সরকার শিশুদের সার্বিক কল্যাণে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে। খাদ্য, পুষ্টি, শিক্ষা, বিনোদনসহ শিশুদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাতীয় শিশুনীতি ২০১১ হালনাগাদ করা হয়েছে। এই নীতিতে কন্যাশিশু, প্রতিবন্ধী শিশুদের অধিকার, দুর্যোগ থেকে শিশুদের রক্ষার বিষয়গুলো যুক্ত হয়েছে। নীতিতে এই প্রথমবারের মতো ১৮ বছরের নিচে সবাইকে শিশু হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এ ছাড়া সরকার শিশুশ্রম নিরসননীতি ২০১০ প্রণয়ন করেছে। শূন্য থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের উন্নয়নের জন্য আরেকটি নীতি প্রণয়ন করতে যাচ্ছে। গর্ভকালীন থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের বিশেষ কিছু চাহিদা পূরণের বিষয় থাকে। তাদের পরবর্তী গঠন আরও সুন্দরভাবে নিশ্চিত করার জন্য আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট (ইসিসিডি) নামে এই নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে।প্রথম আলো: ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োগ নিষিদ্ধ হলেও দেখা যাচ্ছে, অনেক শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। যারা শিশুদের এমন কাজে নিয়োগ দিচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে দেখা যায় না কেন?শিরীন শারমিন চৌধুরী: বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে, আমাদের দেশে প্রায় ৭০ লাখ শিশু বিভিন্ন শ্রমে নিয়োজিত। এর মধ্যে ১৫ থেকে ২০ লাখ শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত। সরকারের অঙ্গীকার হচ্ছে শ্রম থেকে পর্যায়ক্রমে শিশুদের প্রত্যাহার করা। শ্রম মন্ত্রণালয় একটি প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত ৫৫ হাজার শিশুকে শ্রম থেকে প্রত্যাহার করেছে। এভাবে বিভিন্ন প্রকল্পের আওতায় শ্রম থেকে শিশুদের প্রত্যাহারের কাজ চলছে। তার পরও এটা যথেষ্ট নয়। প্রথম কাজ হচ্ছে, শিশুর দারিদ্র্যবিমোচন ও আর্থসামাজিক উন্নয়ন করা। কেননা, দারিদ্র্যের কারণেই শিশুরা কাজ করছে। তাই আগে তাদের জন্য বা তাদের পরিবারের জন্য বিকল্প একটি আয়ের ব্যবস্থা করতে হবে। তা না হলে শ্রম থেকে প্রত্যাহার করা হলে শিশুরা আরও দারিদ্র্যের মধ্যে পড়বে। সুতরাং, যারা নিয়োগ দিচ্ছে, তাদের শাস্তি দিলে লাভ হবে না, বরং তারা কাজ দিলেই দরিদ্র শিশুরা লাভবান হবে। তবে নিয়োগকারীদের এটা মনে রাখতে হবে যে শিশুরা শ্রমে থাকলেও তাদের প্রতি বিশেষ আচরণ করতে হবে। তাদের কাজের ভালো পরিবেশ দিতে হবে। ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ দেওয়া যাবে না। এসব বিষয় শিশুশ্রম নিরসন নীতিতে বলা আছে। এই নীতিমালার যথাযথ প্রয়োগ যাতে হয়, সে বিষয় নিশ্চিত করতে হবে।প্রথম আলো: প্রায়ই দেখা যায় শিশু গৃহকর্মীদের ওপর নির্যাতন করা হয়। এই নির্যাতন প্রতিরোধে সরকারের করণীয় কী?শিরীন শারমিন চৌধুরী: গৃহকর্মে শিশুদের ওপর নির্যাতন প্রতিরোধ কোনো নীতিমালা করে করা যাবে না। যেকোনো অপরাধের জন্য দেশের প্রচলিত আইনেই তো শাস্তির ব্যবস্থা আছে। এসব ক্ষেত্রে নিয়োগকর্তাদেরই সচেতন হতে হবে। একটি হেলপ লাইন নম্বর আমরা চালু করেছি। নম্বরটি হচ্ছে ১০৯২১। কোনো গৃহকর্মীকে নির্যাতন করার খবর পেলে এই নম্বরে ফোন করলেই তার কাছে সহায়তা পৌঁছে যাবে।প্রথম আলো: এই হেলপ লাইন নম্বরে লোকজন কি ফোন করছে?শিরীন শারমিন চৌধুরী: সম্প্রতি এই হেলপ লাইন নম্বর চালু হয়েছে। এ ব্যাপারে এখনো তেমন প্রচারণা চালাইনি। জনগণকে জানানোর জন্য আরও জোর প্রচারণা চালাতে হবে।প্রথম আলো: জাতীয় শিশুনীতি বাস্তবায়নে কোনো কর্মকৌশল নেই। তাহলে কীভাবে এই নীতির বাস্তবায়ন হবে?শিরীন শারমিন চৌধুরী: আসলে বিষয়টির ওপর তেমন একটা জোর কেউ দেয়নি। আমরা এখন চাচ্ছি মূলধারার সঙ্গে শিশুদের বিষয়টি সম্পৃক্ত করা। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার ভেতরেও নীতিমালার কিছু কিছু বিষয় আনার জন্য আমরা সুপারিশ করেছিলাম এবং সেভাবে কিছু কিছু বিষয় সেখানে এসেছে। আরেকটা বিষয় হচ্ছে, জাতীয় বাজেটে শিশুদের জন্য আলাদা কোনো বরাদ্দ নেই। শিক্ষা মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলাবিষয়ক মন্ত্রণালয় শিশুদের বিষয়ে কিছু না কিছু কাজ করছে। গোটা বাজেট বিশ্লেষণ করলে দেখা যায়, সব মন্ত্রণালয় মিলে শিশুদের জন্য বরাদ্দ হয়েছে মোট বাজেটের প্রায় ১৫ শতাংশ। তবে এটা যথেষ্ট নয়, এ বরাদ্দ বাড়ানো প্রয়োজন।প্রথম আলো: শিশু অধিকার সনদে বলা আছে, শিশুর সর্বোত্তম স্বার্থের কথা বিবেচনা করে রাষ্ট্র দত্তক পদ্ধতিকে স্বীকৃতি ও অনুমোদন দেবে। কিন্তু আমাদের দেশে দত্তক আইন নেই। এ আইন করার ব্যাপারে সরকারের কোনো চিন্তাভাবনা আছে?শিরীন শারমিন চৌধুরী: এ রকম আইন করার ব্যাপারে সরকারের এখনই কোনো চিন্তাভাবনা নেই। এ বিষয়ে আসলে আরও আলোচনার প্রয়োজন আছে।প্রথম আলো: সনদে বলা আছে, কর্মজীবী মা-বাবার সংগতি অনুসারে শিশুর প্রাপ্য পরিচর্যার ব্যবস্থা ও সুযোগদানে রাষ্ট্র সব প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কিন্তু আমাদের দেশে দেখা যায়, গুটি কয়েক প্রতিষ্ঠান ছাড়া কোনো প্রতিষ্ঠানে শিশু দিবাযত্নকেন্দ্র নেই। এ ব্যাপারে সরকারের করণীয় কিছু আছে?শিরীন শারমিন চৌধুরী: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ৪৩টি শিশু দিবাযত্নকেন্দ্র পরিচালিত হচ্ছে। এটা সরকারের একটা বড় ধরনের সাফল্য। একা সরকারের পক্ষে সারা দেশে হাজার হাজার দিবাযত্নকেন্দ্র চালানো সম্ভব নয়। আমরা যে জায়গায় উৎসাহিত করতে চাই, তা হলো প্রতিটি প্রতিষ্ঠান তার কর্মীদের সন্তানের জন্য দিবাযত্নকেন্দ্র প্রতিষ্ঠার ব্যাপারে উদ্যোগী হবে। আমরা অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রভাবিত করার চেষ্টা করি। তাদের নানা প্রণোদনা দিয়ে বিষয়টি উৎসাহিত করার চেষ্টা করি।প্রথম আলো: শিশু অধিকার সনদ সম্পর্কে তেমন একটা কেউ জানে না। এর তেমন প্রচার নেই কেন?শিরীন শারমিন চৌধুরী: এ ব্যাপারে প্রচারণা চালানো হয়েছে, তবে আরও বাড়ানো উচিত। টেলিভিশনের মাধ্যমে প্রচারণা চালানো বেশ ব্যয়বহুল। সরকারের পক্ষে একা এটা করা সম্ভব নয়। ইউনিসেফ এ ব্যাপারে আমাদের সহযোগিতা করতে পারে। সাক্ষাৎকার নিয়েছেনরোকেয়া রহমান ও মানসুরা হোসাইনসহযোগিতায়: ইউনিসেফ