বাজেটের প্রভাবে পুঁজিবাজার ঊর্ধ্বমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের ধারনা, বাজেটে পুঁজিবাজারবান্ধব ইতিবাচক কিছু পদক্ষেপ বিনিয়োগকারীদের মনোবল বাড়িয়েছে। বাজার থেকে দূরে সরে থাকা বিনিয়োগকারীরা সক্রিয় হতে শুরু করেছেন। এ ব্যাপারে ইনভেস্টরস ফোরামের আহ্বায়ক আছলাম মোরশেদ বলেন, ‘বাজেটে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দান একটি ইতিবাচক দিক। এটা বাজারে অতটা প্রভাব না ফেললেও বিনিয়োগকারীদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক সমর্থন জোগাবে এ কথা বলা যায়। আছলাম মোরশেদ বড় বিনিয়োগকারীদের বাজারে ফিরিয়ে আনার প্রস্তাব দেন। তিনি মনে করেন, ‘এক্ষেত্রে তাঁদের কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া যেতে পারে।’বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৮২ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৫৯ দশমিক ৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এ দিন লেনদেন হওয়া ১৯২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ১১৩ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের তুলনায় ১৬ কোটি টাকা বেশি ছিল।বাজেটে ব্রোকারেজ হাউজের কমিশনের ওপর কর আরোপ করাকে ভালোভাবে নিচ্ছেন সব বিনিয়োগকারী এবং শেয়ার-ব্যবসায়ীরা। তাঁদের মতে, বিনিয়োগকারীদের ওপর এর প্রত্যক্ষ প্রভাব পড়বে। করের চাপটা সামলাতে হবে তাঁদেরই। অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ বিনিয়োগকারীদের ওপর পরোক্ষ প্রভাব ফেলবে বলে মনে করেন তাঁরা। এ ছাড়া বাজেটে সরকারের পর্যবেক্ষণ নীতিতে (মনিটরিং পলিসি) শেয়ারবাজার উপযোগী দিক নির্দেশনা রাখা উচিত ছিল বলে মনে করেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। সালতা ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম শহিদুল্লাহ বলেন, ‘বাজেটে কালো টাকা সাদা করার প্রস্তাব অনুমোদন করাকে আমরা স্বাগত জানাই। তবে ব্রোকারেজ হাউজের কমিশনের ওপর কর আরোপের বিষয়টি বহাল রাখার ফলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন।’ তিনি বাজারের স্থিতিশীলতা ধরে রাখার জন্য শেয়ারের সরবরাহ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ বাজেটে পুঁজিবাজারবান্ধব বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। তবে বিনিয়োগকারীদের স্বার্থে ব্রোকারেজ হাউজের কমিশনের ওপর কর আরোপের বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে বলে মনে করেন।