বাড়তি চেয়ারও চাই

উৎসব মানেই বাড়িতে অতিথির আগমন। ঈদ বা পূজায় অনেক সময় একটু বেশি অতিথি বাড়িতে এলে পর্যাপ্ত আসন থাকে না। উৎসবের আগে তাই চাই কিছু বাড়তি চেয়ার। আবার বাড়ির অন্দরসাজে ভিন্নতা আনতেও কিনে নিতে পারেন কম দামে কিছু আসবাব, যাতে দামে সাশ্রয়ী হয় আবার বাড়িতে কিছুটা নতুনত্বও আসে। আজকাল অনেক চেয়ার-টেবিল আছে, যেটা ভাঁজ করে আলাদা রেখে দিতে পারেন। কেবল প্রয়োজনে ব্যবহার করতে পারেন। এতে করে জায়গার সমস্যাও মিটে যাবে। প্লাস্টিক বা বিভিন্ন প্রকার বোর্ডের তৈরি এসব চেয়ার সহজেই এক স্থান থেকে অন্য স্থানে বহন করা যায়। অন্দরসজ্জা প্রতিষ্ঠান ফারজানা’স ব্লিসের ডিজাইনার ও পরিচালক ফারজানা গাজী বলেন, ‘একটু বুদ্ধি করেই বাড়ির ফাঁকা জায়গায় সহজে পেতে দিতে পারেন বাড়তি চেয়ার। বাড়ির ড্রয়িংরুমে, বারান্দায় অথবা লনে, ছাদে, বাড়ির সামনে খোলা জায়গা থাকলে সেখানে একেক স্থানে একেকভাবে পেতে দিতে পারেন এসব চেয়ার।’
কোথায় কেমন চেয়ার
যাঁদের বাড়ির সামনে খোলা জায়গা বা বাগান আছে, সেখানে বসাতে পারেন বেত বা বাঁশের চেয়ার। গোলাকার টেবিলের পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বসাতে পারেন এসব চেয়ার। এতে সবাই আড্ডা দিতে সুবিধা হবে।
ঘরের বারান্দায় যদি জায়গা কম হয়, তাহলে চার বা ছয়টা চেয়ার ফেলতে পারেন। চারটা চেয়ার দিলে এরসঙ্গে একটা চারকোনা টেবিল দিতে পারেন। বারান্দা কিছুটা লম্বা আর চিকন হলে সারি ধরে প্লাস্টিকের চেয়ার বসিয়ে দিতে পারেন। ড্রয়িংরুমে পেতে দিতে পারেন বাড়তি গদি অথবা শীতলপাটি। একটা দেয়াল ঘেঁষে পাটি দিয়ে কুশন ছড়িয়ে রাখুন। আড্ডা দিতে পারবেন অনেকে একসঙ্গে বসে। বাঁশ বা বেতের অনেক ডিজাইনের মোড়া পাওয়া যায় বাজারে। সেগুলো দিতে পারেন ফাঁকা জায়গাগুলোতে।
ডাইনিং টেবিলে বেশি মানুষ একসঙ্গে খাবার খেতে হলে বাড়তি একটা টেবিল জুড়ে নিন। আজকাল ভাঁজ করা টেবিল পাওয়া যায়। এগুলোই বসিয়ে দিতে পারেন। এ ছাড়া বাড়তি খাবার আলাদা স্থানে রেখে সেখান থেকে তুলে নেওয়ার সুযোগ রাখতে পারেন। এতে টেবিলটা অনেকে ব্যবহার করতে পারবেন।
অতিথি আপনার পরিবারেরই কেউ হলে বা কাছের বন্ধু হলে হলে বেডরুমে বাড়তি মোড়া রাখতে পারেন। জানালা বা আলমারির পাশের ফাঁকা জায়গাটা কাজে লেগে যাবে।
ছাদ থাকলে সেখানে প্লাস্টিকের চেয়ার দিতে পারেন। অনেক বেশি মানুষের জন্য কয়েক সারি ধরে চেয়ার বিছাতে পারেন।
কেনার আগে দেখে নিন
প্রাণ-আরএফএল গ্রুপের মার্কেটিং ডিরেক্টর কামরুজ্জামান বলেন, ‘চেয়ার, টেবিল বা টুল প্লাস্টিক বা বোর্ড হলে সেটা কেনার আগে দেখে নেওয়া ভালো। ভালো মানের প্লাস্টিক ছাড়া এসব চেয়ার কেনা ঠিক নয়। আর যাঁরা উৎসবের কথা মাথায় রেখে এসব চেয়ার-টেবিল কিনবেন, তাঁরা নকশা ও ব্র্যান্ডের দিকে নজর রাখুন।’
প্লাস্টিকের চেয়ার হলে পায়াগুলো দেখে নিন। ভাঁজ করা আসবাব হলে সেটার জোড়া মজবুত কি না, লক্ষ রাখুন। জায়গা কম হলে হাতলওয়ালা চেয়ারের বদলে সাধারণ চেয়ার বেছে নিতে পারেন। মোড়া বা টুল হলে মজবুত কি না দেখুন।
দরদাম
বাজার ঘুরে দেখা গেল বিভিন্ন ব্র্যান্ডের ছাড়াও সাধারণ চেয়ার-টেবিল নানা দামে পাওয়া যাচ্ছে। প্লাস্টিকের চেয়ার কিনতে পারবেন ৩০০ থেকে ৫০০ টাকায়। প্লাস্টিকের হাতলযুক্ত চেয়ার পাবেন ৪০০ থেকে ৬৫০ টাকার মধ্যে। প্লাস্টিক টুল কেনা যাবে ৩০০ টাকার মধ্যে। পিঁড়ি পাবেন ২০০ টাকার মধ্যে। মোড়া কিনতে পারবেন ১২০ থেকে ৩০০ টাকায়, বেতের চেয়ার ৫০০ টাকার মধ্যে, টি-টেবিল ৭০০ থেকে ১২০০ টাকা, টেবিল ২৫০০ টাকার মধ্যে। ভাঁজ করা যায় এমন স্টিলের সঙ্গে ফোম দেওয়া চেয়ার পাবেন ৮০০ টাকার মধ্যে। হালকা কাঠের বা মেলামাইন বোর্ডের চেয়ার পাবেন ৫০০ টাকার ভেতরে।
যেখানে পাবেন
সারা দেশে প্রাণ-আরএফএল, অটবি, হাতিল ইত্যাদি আসবাবের শোরুমগুলোতে। এ ছাড়া রাজধানীতে কাজীপাড়া, শেওড়াপাড়া, পান্থপথ, গ্রিন রোড, নিউমার্কেট, মিরপুর, মতিঝিল, উত্তরাসহ বিভিন্ন প্লাস্টিক বা কাঠের আসবাবের দোকানে।