চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক আছে ৫৯ জন জঙ্গি। তাদের বাড়তি নজরদারিতে রাখা হয়েছে। এ ছাড়া জোরদার করা হয়েছে কারাগারের ভেতরে-বাইরের নিরাপত্তাব্যবস্থা। জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নামের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা ছদ্মবেশে তৎপর থাকার তথ্য পাওয়ার পর গত মঙ্গলবার থেকে এই বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় কারা কর্তৃপক্ষ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মো. মাহবুবুল ইসলাম প্রথম আলোকে বলেন, ছদ্মবেশে জঙ্গিরা আবার তৎপরতা শুরু করেছে—এ তথ্য পাওয়ার পর কারাগারের ভেতরে-বাইরে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আটক জঙ্গিদের রাখা হয়েছে কারাগারের ৩২ নম্বর সেলে। সেখানে অন্য বন্দীরা যাতায়াত করতে পারে না। ৮ ফুট বাই ১০ ফুট প্রতিটি কক্ষের ভেতর জঙ্গিরা খাওয়াদাওয়াসহ যাবতীয় কাজ সেরে থাকে। সেলেও জঙ্গিদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। এ ছাড়া প্রতি ১৫ দিন অন্তর জঙ্গিদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা স্বজনদের জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই করে নাম-ঠিকানা লিপিবদ্ধ করে সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে। সাক্ষাৎ কক্ষেও পাহারা রয়েছে কারারক্ষীদের; যাতে জঙ্গিরা নতুন করে কোনো পরিকল্পনা করতে না পারে। আদালতে হাজিরা দিয়ে আসার পর জঙ্গিদের বিশেষভাবে তল্লাশি করা হয়। এ ছাড়া সেলে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।
মাহবুবুল ইসলাম আরও বলেন, কারাগারের বাইরে মূল ফটকে ও আশপাশের এলাকায়ও বাড়তি কারারক্ষী দেওয়া হয়েছে।
কারা সূত্র জানায়, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বর্তমানে পাঁচ হাজার বন্দী আছে। এর মধ্যে ৫৯ জন জঙ্গি–সংক্রান্ত মামলার আসামি। তাদের মধ্যে জেএমবির তৎকালীন সামরিক কমান্ডার জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদসহ চারজন কয়েদি রয়েছেন। ৫৯ আসামির মধ্যে জেএমবির ১৭, নতুন জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের ২১ ও বাকিরা হিযবুত তাহ্রীরের।
এদিকে ২০০৮ সালের ৫ আগস্ট চট্টগ্রাম কারাগারে বিস্ফোরক তৈরিতে সহায়ক বই ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল জেএমবির সদস্য শফিকুল ইসলামের কাছ থেকে। এ ঘটনায় তৎকালীন কারাধ্যক্ষ গিয়াস উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলাটি সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ছদ্মবেশে জঙ্গিরা তৎপর আছে এ তথ্য পাওয়ার পর পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তবে অস্ত্র-গুলিসহ ৫ অক্টোবর জেএমবির পাঁচজনকে গ্রেপ্তার করায় তারা আর সংগঠিত হওয়ার সুযোগ পাবে না। কারাগারে অনেক জঙ্গি আটক থাকায় কারাগারের বাইরে নিয়মিত পাহারা দেয় পুলিশ। এ ছাড়া কারাগার থেকে আদালতে হাজিরা দিতে গেলে জঙ্গিদের নজরদারিতে রাখা হয়। যাতে তাদের সঙ্গে ছদ্মবেশে কেউ যোগাযোগ করতে না পারে।
প্রসঙ্গত, ৪ ও ৫ অক্টোবর নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেএমবির চট্টগ্রাম অঞ্চলের সামরিক শাখার প্রধান তৌফিকুল ইসলাম ওরফে জাবেদসহ পাঁচজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে গ্রেনেড, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এর মধ্যে জাবেদকে নিয়ে ৬ অক্টোবর ভোররাতে অক্সিজেন-কুয়াইশ সড়কে অভিযানে গেলে সহযোগীদের ছোড়া গ্রেনেডে জাবেদ নিহত হন বলে দাবি করে গোয়েন্দা পুলিশ। জঙ্গি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার এবং নিহতের ঘটনায় কর্ণফুলী ও বায়েজিদ থানায় পৃথক পাঁচটি মামলা করা হয়েছে।