
চারদিকে থই থই পানি আর পানি। ভিটেমাটিছাড়া পা ফেলার আর মাটি নেই। বর্ষায় বাংলাদেশের হাওরাঞ্চলে এ দৃশ্যপট স্বাভাবিক। শুকনো মৌসুম ছাড়া জমিতে আর কোনো ফসলের চাষও হয় না। ধান না হয় এক ফসলি! কিন্তু প্রতিদিনের পুষ্টির জোগান কীভাবে হবে? মাইলের পর মাইল নৌকা বেয়ে শহরে আমদানি করা শাকসবজি কিনে খাওয়া অধিকাংশ পরিবারের জন্য অনেকটাই সাধ্যের বাইরে।

হাওরের মানুষের দৈনন্দিন পুষ্টির সহজ জোগানের গভীর ভাবনার তাড়নায় জড়িয়ে পড়েন কৃষিবিদ শেখ তানভীর হোসেন। ভাবনার সঙ্গে কাজও শুরু। নিরীক্ষামূলক গবেষণায় লেগে পড়লেন গাজীপুরের ভবানীপুর গ্রামে একটি নার্সারিতে। শুরু হলো বস্তা বা ব্যাগের মধ্যে শাকসবজি চাষ। লক্ষ্য অতি অল্প পরিসরে চাষবাস। এক বছরেই কাঙ্ক্ষিত ফলাফল। এরপর সরাসরি মাঠে প্রয়োগ।
২০১০ সালে সিলেটের ১০০টি পরিবারে বস্তার মধ্যে শাকসবজি চাষাবাদ শুরু করেন তানভীর। এখন ছড়িয়ে পড়ে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় চার হাজার পরিবারের পুষ্টি চাহিদা মেটাচ্ছে ‘ব্যাগের মধ্যে সবজি’ চাষের এই পদ্ধতি।
এই ব্যাগের মধ্যে জৈব সারের কী উপাদান থাকে এবং খরচ কত, এমন প্রশ্নে কৃষিবিদ তানভীর বলেন, ‘সেভাবে বললে কোনো খরচই নেই, নিজে করলে ১০০ টাকাও লাগবে না। একটি বড় সিনথেটিক বস্তা বা ব্যাগে মাটি, ইটের খোয়া, পচা গোবর, ছাই ও শুকনো পাতা দিয়েই এই “খেত” তৈরি করা হয়। তারপর সেখানে নানা রকম শাক, লাউ, মিষ্টিকুমড়া, চালকুমড়া, ঢ্যাঁড়স, বেগুন, এমনকি মরিচ, পেঁয়াজ, রসুন বা ধনেপাতার চাষ করা সম্ভব। আহামরি উৎপাদন হয় না, যা নিত্য বাজারে বিক্রি করা যায়। কিন্তু এর মাধ্যমে একটি পরিবারের প্রাথমিক পুষ্টির চাহিদা পূরণ হয়।’
ঢাকার মোহাম্মদপুরে নিজ কার্যালয়ে প্রথম আলোর মুখোমুখি হন তানভীর হোসেন। তিনি বললেন, ‘এই পদ্ধতিটি সরাসরি আমার নিজের নয়। পুষ্টির সহজ সমাধানের জন্য আমি সারা বিশ্বে অনেক উদাহরণ খুঁজি। এর মধ্যে কেনিয়া ও উগান্ডায় বস্তি এলাকায় ফ্রান্সের একটি বেসরকারি সংস্থার এ কাজের খবর পাই।’
‘ব্যাগের মধ্যে পুষ্টি’—এই ধারণাকে গৃহস্থালি পর্যায়ে সফলভাবে ছড়িয়ে দেওয়ার জন্য ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ১৭তম আইএফওএর (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অর্গানিক এগ্রিকালচার মুভমেন্ট) অর্গানিক ওয়ার্ল্ড কংগ্রেসে শেখ তানভীর ‘অর্গানিক ফার্মিং ইনোভেশন অ্যাওয়ার্ড (ওএফআইএ)’ পান। ৭৬টি দেশের প্রায় দুই হাজার কৃষিবিজ্ঞানীর মধ্যে বাঙালি এই বিজ্ঞানীর বিশেষ সম্মাননা দেশের কৃষির নতুনত্ব ও অগ্রসরমাণতাকেই তুলে ধরে।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক জীবনকৃষ্ণ বিশ্বাসের কাছে পদ্ধতিটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এই কার্যক্রমের ব্যাপ্তি বাড়লে তা কেবল অল্প জায়গায় সময় ও স্থানের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবে না, পাশাপাশি ঘরে ঘরে চাষাবাদের আনন্দও ছড়িয়ে দেবে। নিজের গাছের সবজি খাওয়ার যে আনন্দ, তা এই পদ্ধতিতে সবাই উপভোগ করতে পারে।’
এই পদ্ধতি প্রয়োগ করে শাকসবজি চাষ করছেন সিলেট সদরের জ্যোৎস্নাকান্দি গ্রামের রুশেনা বেগম। টেলিফোনে তিনি প্রথম আলোকে বলেন, এখন তিনি বস্তাখেতে দেশি লাউ, চালকুমড়া, পুঁইশাক ও বেগুন চাষ করছেন। স্বামী দ্বিতীয় বিয়ে করে শহরে থাকায় তিনি তাঁর মা ও তিন সন্তান নিয়ে যেন জীবনের নতুন দিশা খুঁজে পেয়েছেন। ৪ শতাংশ ভিটেবাড়ির এক ইঞ্চি জমিও পতিত নেই। তিনি নিজ পরিবারের পুষ্টির চাহিদা মিটিয়ে পাঁচ হাজার টাকার ফসল ইতিমধ্যে বিক্রিও করে ফেলেছেন।
সুপ্রিম কোর্টের কর্মকর্তা শেখ মোজাফফর হোসেন ও গৃহিণী রাবেয়া হোসেনের ছয় ছেলেমেয়ের মধ্যে সবার ছোট তানভীর। বাংলাদেশ এগ্রিকালচার ইনস্টিটিউট (এখনকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়) থেকে কৃষিতে স্নাতক করে ১৯৯৪ সালে ব্রিতে যোগ দেন। ১৯৯৮ সালে জাপানের সুকুরা থেকে জাইকার ধান চাষের ওপর প্রশিক্ষণ নিয়ে তিনি সিলেট অঞ্চলে ‘ধানখেতে সমন্বিত হাঁস চাষ’ উদ্যোগটিও দেশে প্রথম নেন। জাপানের সেই প্রযুক্তির ধারণা বৃহত্তর সিলেট ও বরিশাল অঞ্চলে সফলতার মুখ দেখলে আন্তর্জাতিক সংগঠন ‘ইরি’ থেকে তাঁকে অভিনন্দন ও প্রযুক্তি উদ্ভাবক বলে স্বীকৃতি দেয়। পেয়েছেন বাংলাদেশ আগাছা বিজ্ঞান সমিতি কর্তৃক ‘আগাছা বিজ্ঞান পদক-২০১০’।
২০০০ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এমএসসিতে প্রথম শ্রেণিতে প্রথম হন এবং জাপানের এহিমো বিশ্ববিদ্যালয় থেকে ধানের জৈব চাষের ওপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন তানভীর। দেশে ফিরে সরাসরি মাঠপর্যায়ে কাজের সুবিধার জন্য ব্রির চাকরিটি ছেড়ে দেন। বর্তমানে ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশের (এফআইভিডিবি) টেকসই কৃষি উন্নয়ন উপদেষ্টা হিসেবে কাজ করছেন। ২০১৩ সালে তিনি জৈব কৃষি আন্দোলনের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অর্গানিক এগ্রিকালচার মুভমেন্টের বোর্ড সদস্য নির্বাচিত হয়েছেন। বিভিন্ন জার্নালে তানভীরের ৩৫টি নিবন্ধ প্রকাশিত হয়েছে। তাঁর বর্তমান কাজের ক্ষেত্র দেশে জৈব চাষাবাদকে জনপ্রিয় করা। তিনি মনে করেন, রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই সমন্বিত ব্যবস্থায় ভালো ফলন পাওয়া সম্ভব।
আমিই বাংলাদেশ নিয়ে পরামর্শ ও তথ্য যোগাযোগ: [email protected]