খাগড়াছড়ির রামগড় সরকারি ডিগ্রি কলেজের বাণিজ্য বিভাগে শিক্ষক না থাকায় শ্রেণীর কার্যক্রম ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। সর্বশেষ গত ২২ মার্চ এই বিভাগের একমাত্র শিক্ষক মো. ইলিয়াছ মিয়া বদলি হয়ে চলে যাওয়ায় বিভাগটি শিক্ষকশূন্য হয়ে পড়ে। ফলে পাঁচ মাস ধরে শিক্ষার্থীদের পাঠদান কার্যত বন্ধ আছে। অথচ কলেজে মোট শিক্ষার্থীর ৭০ শতাংশই বাণিজ্য বিভাগের। উচ্চমাধ্যমিক ও স্নাতক মিলিয়ে বাণিজ্য বিভাগের পাঁচটি শিক্ষাবর্ষে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে চার শ। এ প্রসঙ্গে রামগড় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোপালচন্দ্র দাস প্রথম আলোকে বলেন, ‘শিক্ষক-স্বল্পতাসহ নানা কারণে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে রামগড় কলেজ জেলার মধ্যে সর্বনিম্ন স্থানে নেমে আসে। এবার এ কলেজে পাসের হার ছিল ৩৭ শতাংশ। তিনি জানান, কলেজের সমস্যাগুলো জেলা প্রশাসক (ডিসি) মহোদয়কে জানিয়েছি।’ শিক্ষক-সংকটের বিষয়টি জেলা প্রশাসক আনিস উল হক ভূঁইয়া সচিব ও শিক্ষামন্ত্রীকে লিখিতভাবে অবহিত করেছেন বলে তিনি জানালেন। এদিকে উপজেলার একমাত্র কলেজটিতে শিক্ষকশূন্যতায় হতাশ হয়ে পড়েছেন অভিভাবকেরা। সন্তানদের শিক্ষার ভবিষ্যৎ নিয়ে তাঁরা উদ্বিগ্ন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য ভুবন মোহন ত্রিপুরা বলেন, এখানে কলেজ মাত্র একটি, এতেও শিক্ষকসংকট। তিনি জানান, গত মাসে স্থানীয় সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরার সঙ্গে দেখা করে কলেজটিতে প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক দেওয়ার অনুরোধ জানিয়েছেন।কলেজের অধ্যক্ষ অধ্যাপক নূরনবী বলেন, ‘উপাধ্যক্ষ ও আমার কাজ মূলত প্রশাসনিক; কিন্তু নিয়মিত ক্লাস নিতে হয় আমাদের। ফলে প্রশাসনিক কাজকর্মে বিঘ্ন ঘটে।’ দ্রুত পর্যাপ্ত শিক্ষক দেওয়ার অনুরোধ জানান তিনি। কলেজ সূত্রে জানা যায়, বাণিজ্য বিভাগের মতো অন্য বিভাগের অবস্থাও করুণ। প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক নেই। কলেজে শিক্ষকের ২১টি পদের ১৩টিই শূন্য। বাণিজ্য বিভাগ ছাড়াও অন্যান্য বিভাগের সমাজবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং দর্শন বিষয়ে শিক্ষক নেই। একই সঙ্গে এই কলেজের বাংলা, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞানে মাত্র একজন করে শিক্ষক আছেন। ইংরেজির শিক্ষক মো.শওকত হায়দার চৌধুরী জানান, স্নাতক কোর্সের তিনটি বর্ষ এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের দুটি বর্ষের প্রতিদিনের ক্লাসগুলো তিনি নিতে পারেন না, একা তাঁর পক্ষে নেওয়া সম্ভবও না। শিক্ষার্থীরা জানান, সপ্তাহে একটি কিংবা বড়জোর দুটি ক্লাস হয়। ফলে শিক্ষাবর্ষ শেষ হলেও কোর্স সম্পন্ন হয় না। কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মো. ইউছুফ বলেন, সমস্যাগুলো নিয়ে শিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে লিখিতভাবে বহুবার জানিয়েছি। সর্বশেষ গত জুলাই মাসে খাগড়াছড়ি জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে দেখা করে সমস্যাগুলো তুলে ধরেছি। কিন্তু এখন পর্যন্ত শিক্ষক নিয়োগের ব্যাপারে ইতিবাচক কোনো খবর পাওয়া যায়নি।শিক্ষকসংকট ছাড়াও অন্যান্য সমস্যায় জর্জরিত কলেজটি। অধ্যক্ষ অধ্যাপক নূরনবী জানান, শিক্ষক, ছাত্র ও কর্মচারীদের আবাসন সমস্যাও প্রকট। শিক্ষকদের থাকার সরকারি বাসা নেই। কলেজ ক্যাম্পাসে স্বল্প পরিসরের একটি ঘরে কয়েকজন শিক্ষক থাকেন। আবার দেড়-দুই কিলোমিটার দূরে রামগড় সদরে বাসাভাড়া নিয়েও কয়েকজন অবস্থান করছেন। এভাবে ভীষণ কষ্ট করছেন তাঁরা।কর্মচারীদের জন্যও আবাসিক সুবিধা নেই। কলেজ ক্যাম্পাসে একটি পুকুর আছে। তবে পাকা ঘাট নেই। মিলনায়তনও নেই। শিক্ষার্থীদের জন্য উপযুক্ত কমনরুম নেই। নেই আসবাবসামগ্রী। ক্যাম্পাসের গভীর নলকূপটি দীর্ঘদিন ধরে নষ্ট। প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মংসাজাই মার্মা জানান, এখানে শ্রেণীকক্ষের সংকট রয়েছে। শিক্ষার্থীদের কষ্ট করে বসতে হয়। এ কলেজে প্রায় সাড়ে ছয় শ ছাত্রছাত্রী পড়াশুনা করেন। জানা যায়, ১৯৮০ সালের ১ জুলাই প্রায় সাত একর জায়গার ওপর কলেজটি প্রতিষ্ঠা করা হয়। ১৯৯২ সালের ২৭ সেপ্টেম্বর এটি সরকারীকরণ করা হয়। কিন্তু দীর্ঘ প্রায় ২০ বছরেও কলেজটির উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।