বাণিজ্য মেলা জমজমাট


লম্বা লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করে ঢুকতে হলো মেলায়। ঢুকেই চোখে পড়ল ‘ড্যান্সিং-ফোয়ারা’। অনেকে তার সামনে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। চারদিকে লোকে লোকারণ্য। প্রতিটি স্টলেই উপচে পড়া ভিড়।
গত শুক্রবার ও শনিবার ছিল সপ্তাহিক ছুটির দিন। তাই পরিবার পরিজন নিয়ে মেলা প্রাঙ্গণে দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন অনেকেই। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য মেলা এই দুদিনে পরিণত হয়েছিল নগরবাসীর মিলন মেলায়। পলোগ্রাউন্ড মাঠের চার লাখ বর্গফুট জায়গাজুড়ে মাসব্যাপী এই বাণিজ্য মেলা শুরু হয়েছে ৮ মার্চ।
সময় যত গড়াচ্ছে, মেলায় ক্রেতাদের সমাগম বাড়ছে ততই। সেই সঙ্গে বাড়ছে বিকিকিনি। মেলার আয়োজকেরা জানান, প্রতিদিন গড়ে প্রায় ৪০ হাজার লোকের সমাগম হচ্ছে মেলায়। তবে এই সংখ্যা গত শুক্র ও শনিবার ছিল লাখের কাছাকাছি। এ বিষয়ে চট্টগ্রাম চেম্বারের সচিব ওসমান গণি চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত মেলা নিয়ে আমরা সন্তুষ্ট। প্রচুর লোকসমাগম হচ্ছে, বিক্রিও ভালো।’ চেম্বারের সূচি অনুযায়ী আগামী ১০ এপ্রিল মেলা শেষ হবে। তবে মেলার সময় কয়েক দিন বাড়তে পারে বলেও জানান তিনি।
গত শুক্রবার মেলা প্রাঙ্গণে কথা হয় চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীতে পড়ুয়া একদল শিক্ষার্থীর সঙ্গে। এ দলের একজন আজরা সাদিয়া বলেন, ‘এত সব সুন্দর জিনিস দেখে মুগ্ধ। কিছু আজ কিনলাম। কিছু বাকি রয়ে গেল। এ জন্য আবারও আসব মেলায়।’
এ বছর মেলায় স্বাগতিক বাংলাদেশ, ভারত, চীন, থাইল্যান্ড, ইরান, পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের ৩৮টি প্যাভিলিয়ন ও ২৩৯টি স্টল তৈরি করা হয়েছে। অংশ নিয়েছে তিন শতাধিক প্রতিষ্ঠান। মেলা প্রাঙ্গণে বাংলালায়ন দিচ্ছে ফ্রি ওয়াইফাই সেবা।
ক্রেতাদের আকর্ষণের জন্য প্যাভিলিয়নগুলোকে সাজানো হয়েছে দৃষ্টিনন্দন সাজে। কিছু প্যাভিলিয়নে শিশুদের জন্য সার্কাস প্রদর্শনী ও নাগরদোলার ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া ক্রেতাদের জন্য বিশেষ ছাড়ে বিভিন্ন প্যাকেজ এবং উপহার তো রয়েছেই। মেলায় সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে গৃহস্থালি পণ্য, ইমিটেশনের গয়না, নিত্যব্যবহার্য পণ্য ও কসমেটিকসের স্টলগুলোতে। পাশাপাশি হাতিল, পারটেক্স, অটবি, আর কে ফার্নিচারসহ মেলায় অনেক আসবাব তৈরির প্রতিষ্ঠানের স্টলেও ছিল দর্শকের ভিড়। আবুল খায়ের, ইউনিলিভার, প্রাণ, নাভানা, কিশোয়ান, কনফিডেন্স ও আরএফএলের স্টলগুলোতে বিকিকিনি ছিল জমজমাট। আবুল খায়ের গ্রুপের বিপণন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘গতবারের চেয়ে এবারের মেলায় লোক সমাগম ভালো। আমরা প্রথম দিকে যেসব জিনিস এনেছিলাম তা প্রায় শেষ হওয়ার পথে।’ আবুল খায়েরের প্যাভেলিয়নের সামনে প্রায় আট ফুট উচ্চতার হাতল ছাড়া বিশেষ সাইকেল চালিয়ে দর্শকদের আনন্দ দিচ্ছিলেন শ্যামল মদক। তার ভাই প্রমোদ মদকও বিভিন্ন কসরত দেখিয়ে দর্শকদের মন জয় করেন। এ দুজনকে ঘিরে ছোটদের আগ্রহ ছিল বেশি।
নগরের বন্দরটিলা এলাকা থেকে মেলায় এসেছেন স্বামী-স্ত্রী সুখেন বড়ুয়া ও রীতা বড়ুয়া। তাঁরা কিনেছেন নানা ধরনের প্রসাধনসামগ্রী, থ্রিপিস, জুতো ও গয়না। তাঁরা বলেন, ‘দেশি পণ্যের দাম নাগালের মধ্যে থাকলেও বিদেশি পণ্যের দাম তুলনামূলক বেশি।’ এ বছর মেলা প্রাঙ্গণে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। র্যাব-পুলিশের অস্থায়ী ক্যাম্পের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে ফায়ার সার্ভিসের একটি গাড়ি। এ ছাড়া লেনদেনের জন্য রয়েছে ইউনিয়ন ব্যাংকের একটি বিশেষ শাখা।