বাণিজ্য মেলার নামে অশ্লীল নাচ-গান
রাউজানের গহিরা কলেজ-মাঠে চলছে বাণিজ্য মেলা। নামে বাণিজ্য মেলা হলেও এতে পণ্য প্রদর্শনীর কোনো স্টল নেই। চলছে সার্কাস, অশ্লীল নাচ-গান আর লটারি। স্টল বলতে গজা আর মোয়া-মুড়ির কিছু দোকান।নাইট স্টার ট্রেড ফেয়ার (বিডি) নামের একটি প্রতিষ্ঠান এ মেলার আয়োজক। মেলার উদ্বোধন করা হয়েছে ১০ জানুয়ারি। চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা উদ্বোধন করেন সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠানের কো-চেয়ারম্যান আবুল কালাম খান বলেন, ‘দেশীয় শিল্পের উৎপাদিত পণ্যের প্রচার ও ব্যবহারে উদ্বুদ্ধ করতে এই মেলার আয়োজন করা হয়েছে।’ স্থানীয় লোকজন জানান, মেলায় দিনে কোনো মানুষের আনাগোনা থাকে না। বিকেল থেকে সার্কাস দেখতে আসে লোকজন। রাতে মানুষের উপস্থিতি বাড়লে সার্কাস প্যান্ডেলে শুরু হয় অশ্লীল নাচ-গান। এ ছাড়া রাতে লটারির আসরও বসে। ১০ টাকার টিকিটে প্রতিদিন ড্র হয়, অথচ প্রশাসন কোনো কিছুই যেন দেখছে না।সরেজমিনে দেখা যায়, টিন দিয়ে ঘেরা পুরো মাঠের ভিতরে শতাধিক স্টল তৈরি করে রাখা হলেও প্রায় সবই ফাঁকা। এখানে দেশি-বিদেশি উৎপাদিত পণ্যসামগ্রীর কোনো স্টল নেই। কয়েকটিতে স্থানীয় হকাররা মোয়া-মুড়ি নিয়ে বসে আছেন। মেলায় উৎপাদিত পণ্যের স্টল না থাকা প্রসঙ্গে মোহাম্মদ নাসির উদ্দিন নামের এক ব্যক্তি নিজেকে মেলার সমন্বয়কারী পরিচয় দিয়ে বলেন, ‘যারা পণ্যসামগ্রী নিয়ে মেলায় আসার প্রতিশ্রুতি দিয়েছিল, তারা বিভিন্ন স্থানে প্রদর্শনীতে ব্যস্ত থাকায় আসতে পারেনি। তবে তিনি সার্কাসের তাঁবুতে অশ্লীল নাচের কথা অস্বীকার করে বলেন, ‘অশ্লীল নাচ নয়, সার্কাস দলের মেয়েরাই নাচ করছে। আর লটারির টিকিট কিনে তো অনেকেই বিজয়ী হচ্ছে। এতে দোষের কী?’ গহিরা কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল বলেন, ‘এক মাসের জন্য কলেজ-মাঠ ব্যবহারের অনুমতি নিয়েছেন আয়োজকেরা। তবে অশ্লীল নাচের ব্যাপারে জানি না। আমি শুনেছি, পুতুল নাচ ও লটারির টিকিট বিক্রি হচ্ছে।’ এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন বলেন, ‘মেলায় কী চলছে, এই বিষয়ে আমি কিছু জানি না।’