বাণিজ্য মেলায় খণ্ডকালীন চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জানুয়ারিতে শুরু হচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে মিলবে খণ্ডকালীন চাকরি l ছবি: প্রথম আলো
জানুয়ারিতে শুরু হচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে মিলবে খণ্ডকালীন চাকরি l ছবি: প্রথম আলো

প্রতিবছরের মতো এবারও ঢাকায় আগামী বছরের প্রথম দিন থেকে শুরু হবে মাসব্যাপী বাণিজ্য মেলা। এই মেলায় দেশি-বিদেশি কয়েক শ প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো পণ্য ক্রেতাদের কাছে তুলে ধরা এবং বিক্রির জন্য চুক্তিভিত্তিক কিছু কর্মী নিয়োগ করে। হাতিল ফার্নিচারের হেড অব ম্যাকেটিং ফিরোজ আল মামুন বলেন, ‘বাণিজ্য মেলায় আমাদের প্যাভিলিয়নের পণ্য ক্রেতাদের কাছে তুলে ধরার জন্য জন্য বাড়তি লোকের প্রয়োজন হয়। এ জন্য কিছু তরুণ কর্মীকে এক মাসের চুক্তিতে নিয়োগ দিয়ে থাকি।’

আগ্রহীদের যোগ্যতা
এ ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এলজি বাটারফ্লাই ম্যানুফ্যাকচারিংয়ের মানবসম্পদ প্রধান মো. ওয়াহিদুজ্জামান বলেন, বাণিজ্য মেলায় এক মাসের খণ্ডকালীন চাকরির জন্য বিশ্ববিদ্যালয়ের উদ্যমী তরুণরাই তাঁদের প্রথম পছন্দ। তবে বাড়তি যোগ্যতা হিসেবে কাজের প্রতি আগ্রহ, সহজ-সাবলীল উপস্থাপনা, সুন্দর বাচনভঙ্গি, ইংরেজিতে দক্ষতা, সুন্দর পোশাক-পরিচ্ছদ, যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে দক্ষরাই এতে বেশি যোগ্য বলে বিবেচিত হবেন। বাণিজ্য মেলায় এক মাসের কাজের জন্য তেমন অভিজ্ঞতার প্রয়োজন হয় না।

২০১৩ সালে বাণিজ্য মেলায় প্রথম কাজ করেন ইডেন কলেজের ফারজানা শারমীন। তিনি বলেন, গত বছর বাণিজ্য মেলায় কাজ করার আগে এই কাজের কোনো অভিজ্ঞতা তাঁর ছিল না। কিন্তু তিনি ভালোভাবেই কাজ করতে পেরেছিলেন।

কীভাবে জানবেন
বাণিজ্য মেলায় কাজ পেতে হলে যোগাযোগ রাখতে হবে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে। মেলা শুরুর দেড় থেকে দুই মাস আগে থেকে এই বাছাই প্রক্রিয়া শুরু হয়।
মেলায় বেশ কয়েক বছর ধরে কাজের অভিজ্ঞতা রয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থী রায়মন রাসেলের। তিনি জানান, মেলায় কাজ পেতে হলে তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। এই কাজের জন্য প্রতিষ্ঠানগুলো আলাদা কোনো বিজ্ঞাপন দেয় না। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমেই এই কাজগুলো পাওয়া যায়।
প্রাণ আরএফএলের হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন আদিল খান বলেন, ‘আমরা পার্টটাইম চাকরির জন্য সারা বছরই কিছু সিভি পেয়ে থাকি। এ ছাড়া মেলার সময় বিজ্ঞাপন আকারে না দেওয়া হলেও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে কিছু লোকের নিয়োগের কথা বলা হয়ে থাকে। সেখান থেকে মূলত আমরা বাণিজ্য মেলায় কাজের জন্য লোক নিয়ে থাকি। বর্তমানে অনেক প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও এ সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া আছে।’

সুযোগ-সুবিধা
মেলায় খণ্ডকালীন চাকরির জন্য (এক মাসের কাজ) ১৫ থেকে ৩০ হাজার পর্যন্ত টাকা সম্মানি দেওয়া হয়। সকালের নাশতা, দুপুরের খাবার, বিকেলের নাশতা দেওয়া হয়। সঙ্গে মেলার জন্য প্রতিষ্ঠানের নির্দিষ্ট পোশাক দেওয়া হয়। কেউ চাইলে এক মাসের কাজের অভিজ্ঞতা সদনও দেওয়া হয়।
কাজে লাগে এই অভিজ্ঞতা শিক্ষাজীবন শেষ করার পরে কর্মজীবনের প্রবেশ করার আগে নিজেকে প্রমাণ করার জন্য এই মেলা একটি বড় প্ল্যাটফর্ম। মেলা চলাকালে ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সামাল দিয়ে পণ্য বিক্রয় বা উপস্থাপন বড় একটি চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজেকে সামলে নেওয়ার শিক্ষা এখান থেকেই পেয়ে থাকে নতুনরা। চারবার বাণিজ্য মেলায় খণ্ডকালীন কাজের অভিজ্ঞতা আছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) সদ্য পাস করা আব্দুল্লাহ আল মামুনের। বর্তমানে তিনি একটি বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মরত। মামুন বলেন, ‘বাণিজ্য মেলায় কাজ করার অভিজ্ঞতা আমার বর্তমান কর্মক্ষেত্রে বেশ কাজে লাগছে। এটি চাকরির আবেদনের সময় অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করা যায়।’