বাণিজ্য মেলায় খণ্ডকালীন চাকরি এখনই আবেদনের সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্য মেলায় খণ্ডকালীন কর্মী হিসেবে যোগ দিতে পারেন আপনিও। গত বছর বাণিজ্য মেলা থেকে ছবি তুলেছেন জাহিদুল করিম
বাণিজ্য মেলায় খণ্ডকালীন কর্মী হিসেবে যোগ দিতে পারেন আপনিও। গত বছর বাণিজ্য মেলা থেকে ছবি তুলেছেন জাহিদুল করিম

পড়াশোনার পাশাপাশি যাঁরা খণ্ডকালীন চাকরি করতে চান, তাঁদের জন্য এক প্রকার তীর্থস্থানই বলা চলে বাণিজ্য মেলাকে। প্রতিবছরই মেলায় প্রচুর দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়, যারা মেলায় নিজেদের পণ্য বিক্রির পাশাপাশি চালায় প্রতিষ্ঠানের প্রচারও। আর তাই মেলা চলাকালীন ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সামাল দিয়ে নিজেদের পণ্য বিক্রয় ও উপস্থাপন করার জন্য বেশির ভাগ প্রতিষ্ঠানই তাদের নিয়মিত কর্মীর পাশাপাশি বিপুলসংখ্যক চুক্তিভিত্তিক খণ্ডকালীন কর্মী নিয়োগ করে থাকে।
প্রতিবারের মতো আগামী বছরের প্রথম দিন থেকেই শুরু হওয়ার কথা রয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। গত বছর এই মেলায় সাড়ে চার শতাধিকেরও বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল, যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানে কয়েক হাজার তরুণ-তরুণী এক মাসের খণ্ডকালীন কাজের সুযোগ পেয়েছিলেন। মেলা উপলক্ষে তাই প্রতিবারের মতো এবারও বিভিন্ন প্রতিষ্ঠান ইতিমধ্যেই শুরু করেছে তাদের কর্মী নিয়োগ-প্রক্রিয়া। খোঁজ নিয়ে সেসব প্রতিষ্ঠানে মেলা চলাকালীন খণ্ডকালীন কর্মী হিসেবে যোগ দিতে পারেন আপনিও।
শিক্ষাগত যোগ্যতা:
বাণিজ্য মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে যাঁরা খণ্ডকালীন ভিত্তিতে কাজ করে থাকেন, তাঁদের একটি বড় অংশই আসে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মধ্য থেকে। এ ব্যাপারে ওয়ালটনের করপোরেট এইচ আর এম মাহমুদুল হক জানান, বাণিজ্য মেলায় খণ্ডকালীন কর্মী নিয়োগের ক্ষেত্রে তাঁরা শিক্ষার্থীদেরই বেশি অগ্রাধিকার দেন। বিশেষ করে সদ্য স্নাতক অথবা বর্তমানে যাঁরা স্নাতক করছেন, নিয়োগের ক্ষেত্রে তাঁদের প্রাধান্য দেন তাঁরা।
বাড়তি যোগ্যতা:

মেলায় কাজ করার জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রয়োজন হয় বাড়তি যোগ্যতারও। এ ব্যাপারে প্রাণের প্রধান মানবসম্পদ উন্নয়ন কর্মকর্তা মীর শামসুল আলম বলেন, মেলায় কাজ করতে ইচ্ছুক প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি যোগাযোগের দক্ষতা, উপস্থাপনার কৌশল, স্মার্টনেস, উপস্থিত বুদ্ধিমত্তা ইত্যাদি বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। এ ক্ষেত্রে কাজের পূর্ব অভিজ্ঞতা আছে কি না, তা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবে কারও কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে তাঁদের অগ্রাধিকার দেওয়া হয়।
আগের কোনো অভিজ্ঞতা ছাড়াই গত বছরের মেলায় কাজ করেছিলেন দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থী তাসপিয়া রহমান। তিনি জানান, গত বছর বাণিজ্য মেলায় কাজ করার আগে এই কাজের কোনো অভিজ্ঞতা ছিল না। কিন্তু খুব ভালোভাবেই একটি প্রতিষ্ঠানে সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছিলেন তিনি।

.
.

কোথায় পাবেন খোঁজ:
ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমেই বেশির ভাগ প্রতিষ্ঠান নিয়োগ দিয়ে থাকে। এ ক্ষেত্রে মেলায় যেসব প্রতিষ্ঠান নিয়মিত অংশ নেয়, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখলে মেলায় কাজ পাওয়া সহজ হয়। সে জন্য মেলা শুরুর দু-এক মাস আগে থেকেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখলে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। মেলায় যেসব ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান কর্মী সরবরাহ করে, তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন।
এ ব্যাপারে মীর শামসুল আলম জানান, ‘বাণিজ্য মেলা ছাড়াও আমরা সারা বছরই বিভিন্ন প্রোগ্রাম ও মেলায় অংশ নেই। সেগুলোতে অংশগ্রহণের জন্য সারা বছরই আমরা সিভি পাই। সেখান থেকে বাছাই করে আমরা লোকবল নিয়োগ করি। এ ছাড়া মেলার সময় বিজ্ঞাপন আকারে না দেওয়া হলেও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমেও আমরা লোকবল নিয়োগ দিয়ে থাকি।’
হাতিল ফার্নিশার্সের প্রধান মানবসম্পদ উন্নয়ন কর্মকর্তা মো. মাহারুজ্জামান জানান, ‘বাণিজ্য মেলায় খণ্ডকালীন নিয়োগের জন্য ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি আমরা অনলাইনে বিভিন্ন জব পোর্টালে বিজ্ঞাপন দিয়েও লোকবল নিয়োগ করে থাকি।’
সুযোগ-সুবিধা:
বাণিজ্য মেলায় এক মাস খণ্ডকালীন চাকরির জন্য কর্মীরা প্রতিষ্ঠানভেদে ১৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন। এ ছাড়া সকালের নাশতা, দুপুরের খাবার, বিকেলের নাশতা এবং যাতায়াত খরচও দেওয়া হয়। মেলার কাজ করার সময় মেলার জন্য প্রতিষ্ঠানের নির্দিষ্ট পোশাক দেওয়া হয়। এর বাইরে এক মাসের কাজের অভিজ্ঞতা সনদও দেওয়া হয়, যা পরবর্তী সময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বা অন্য কোথাও চাকরির ক্ষেত্রে আবেদনপত্রে অভিজ্ঞতা হিসেবে দেখানো যায়। এ ব্যাপারে মাহারুজ্জামান বলেন, ‘মেলায় কাজ করার জন্য আমরা প্রতিটি কর্মীকে যোগাযোগের দক্ষতা বাড়ানো, উপস্থাপনা ইত্যাদি বিভিন্ন বিষয়ে দুই সপ্তাহের ট্রেনিং দিয়ে থাকি, যা পরে তাঁদের কর্মজীবনে সহায়ক ভূমিকা পালন করে। এ ছাড়া মেলায় যারা ভালোভাবে কাজ করেন, তাঁদের পরবর্তী সময়ে আমরা স্থায়ী কর্মী হিসেবে নিয়োগ দিয়ে থাকি।’