বাণিজ্য মেলায় জনস্রোত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূর্যটা পশ্চিমে ঢলে পড়লেই নগরের জনস্রোতও ছুটে চলে পশ্চিমেই, পলোগ্রাউন্ডের বাণিজ্য মেলায়। কদমতলি পেরোলেই মেলার গান মন ভরিয়ে দেয় দর্শকদের। কদমতলি থেকে টাইগারপাস সড়কে যানজটও তাঁদের মনে এতটুকু বিরক্তি জাগায় না। ছুটির দিনে তো মানুষের ঢল নামে। তবে দর্শকদের কথা মেলার বয়স বাড়লেও বাড়েনি পরিসর। বিদেশি স্টল নিয়ে অনেক অভিযোগ তাঁদের। রিয়াজউদ্দিন বাজারের জিনিসও নাকি বিদেশি বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এরপরও বাণিজ্যনগরে আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ঢু না মারলে অনেকের পেটের ভাত হজম হয় না। বিদেশি স্টল: মেলায় ভারত, থাইল্যান্ড, চীন, পাকিস্তান, মালয়েশিয়া ও ইরানি স্টল রয়েছে। প্রতিটি স্টলের বিক্রেতারা চেষ্টা করছেন নতুন কিছু দিয়ে দর্শকদের কাছে টানতে। চায়না টাউনে পাওয়া যাচ্ছে রঙিন জেড পাথরের আংটি। মালয়েশিয়ার তৈরি জুতা নিয়ে স্টল সাজিয়েছে বোত্তলিং স্লিপারস অ্যান্ড স্যান্ডেলস। মেয়েদের জুতা ২৫০-৭০০ টাকায়, ছেলেদের জুতা ৪০০-৭৫০ টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া আছে থাইল্যান্ডের মোজা ও চীনের বেল্ট। বোত্তলিংয়ের কর্মকর্তা আব্দুল মঈন মিয়া জানান, ‘পণ্যগুলো কিউট কোম্পানি আমদানি করে। মেলায় বিক্রিটা মুখ্য নয়, প্রচারই আসল।’ ইরানি প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে এক্সলিকের ফুলদানি। পাকিস্তানি প্যাভিলিয়নের নতুন সংযোজন বোরকা, সোফার কুশন ও মার্বেল পাথরের শোপিস। শিপনের কাপড়ে দড়ি বসানো শাড়ির দাম সাড়ে তিন হাজার টাকা। পাকিস্তানি ফেডারেশনের কর্মী মো. আমিন জানান, ‘নতুনের পাশাপাশি পুরোনো পণ্যও বিক্রি হচ্ছে। তবে ব্যবসা আগের মতো হচ্ছে না।’ থাই প্যাভিলিয়নে ক্রেতাদের ভিড় দেখা যায় ইউজ ফ্লোরা স্টলটির সামনে। সেখানে ফুলের গাছ ও ঘর সাজানোর জন্য ইউন্ডচ্যান্ট ও কাপড়ের তৈরি বাহারি ফুলের কাঠি বিক্রি হচ্ছে। স্মাইলিতে আছে নতুন ডিজাইনের চুলের ক্লিপ ও ব্যান্ড, যা তরুণীদের খুব পছন্দ। ইরানি কার্পেট হাউসে বেলজিয়াম ও মিশরের পাপোশ ১৫০ টাকায়, ইরানের কার্পেট ১০-২০ হাজার টাকায় ও তুর্কি তিন হাজার ২০০ টাকা থেকে ১০ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতা নজরুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত একটি কার্পেটও বিক্রি করতে পারিনি।’আসবাব: আসবাব নিয়ে মেলায় এসেছে গোল্ডেন টিকা, অটবি ও হকস। অটবির ফটোফ্রেম ৪২৩ থেকে ৮০০ টাকায়, ফুলের কাঠি ৬২-৬৮ টাকায়, বেডকভার সিঙ্গেল ৬২৭ টাকায়, ডাবল ৭৫০ টাকায় পাওয়া যাচ্ছে। বিক্রয়কর্মী মো. রায়হান বলেন, ‘বিক্রি ভালো চলছে।’ হকসে ২০-৩০ হাজার টাকায় খাট, ৪০-৭০ হাজারে সোফা, সাত থেকে ৪০ হাজারে কার্যালয়ের আসবাব, ২০-৪৮ হাজারে আলমারি পাওয়া যায়। মো. মহিউদ্দিন জানান, ‘আমাদের বোর্ড মালেশিয়া থেকে ও পলিশ ইতালি থেকে আসে।’ খাবার: মেলায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে সমস্যা নেই। চটপটি, ফুচকা, কাবাব, পরোটা, মাংস খেতে বসে যেতে পারেন। খাবার নিয়ে মেলায় ঢাকা চটপটি হাউস, শুভেচ্ছা স্ন্যাক্স, মমতাজ ফুড কর্নার, মনোয়ারা ফুড প্রোডাক্টস, ঢাকা বিসমিল্লাহ চটপটি হাউস, ঢাকা স্টার কাবাব ছাড়াও আছে প্রাণ, কার্সস, দাদা ও কিষোয়ানের স্টল। বিদেশি খাবার নিয়ে এসেছে মঞ্জু খান ফুড কর্নার। মেলা দেখা শেষ করে বের হওয়ার সময় অনেকে চিকেন পাঁপর, চিপস, মাজা পিঠা, মিষ্টি তেঁতুল, তিলের পিঠা কিনে নিয়ে যাচ্ছেন। বাইরে পথের সামনে চিকেন পাঁপর ও চিপস বিক্রি করছিলেন আনোয়ার হোসেন। কেমন চলছে জিজ্ঞেস করতেই হেসে বললেন, ‘আমার কোম্পানি সবসময় ভালো চলে।’