বাণিজ্যনগরে বিশ্ব বাণিজ্যের প্রতীক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্বোধনের অপেক্ষায় বিশ্ব বাণিজ্যকেন্দ্র। যেখানে বিদেশি বিনিয়োগকারীরা এক ছাদের নিচে পাবেন সব সেবা ও তথ্য, যার মাধ্যমে চট্টগ্রাম যুক্ত হচ্ছে সারা বিশ্বের সাড়ে সাত লাখ ব্যবসায়ী সংগঠনের নেটওয়ার্কে l জুয়েল শীল
উদ্বোধনের অপেক্ষায় বিশ্ব বাণিজ্যকেন্দ্র। যেখানে বিদেশি বিনিয়োগকারীরা এক ছাদের নিচে পাবেন সব সেবা ও তথ্য, যার মাধ্যমে চট্টগ্রাম যুক্ত হচ্ছে সারা বিশ্বের সাড়ে সাত লাখ ব্যবসায়ী সংগঠনের নেটওয়ার্কে l জুয়েল শীল

শতবর্ষী চেম্বার, সমুদ্রবন্দর ও পাঁচ তারকা হোটেল—সবই আছে। শুধু ছিল না বিশ্ব বাণিজ্যের প্রতীক। এবার সেটিও হচ্ছে। আগ্রাবাদ বাণজ্যিক এলাকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা বিশ্ব বাণিজ্যকেন্দ্র নামের ভবনটি বিশ্ব বাণিজ্যের প্রতীক হিসেবে মাথা তুলছে চট্টগ্রামে। আগামী শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম এই বিশ্ব বাণিজ্যকেন্দ্র উদ্বোধন করার কথা রয়েছে।
এ ভবনের মাধ্যমে চট্টগ্রাম তথা বাংলাদেশ যুক্ত হতে যাচ্ছে বিশ্বজুড়ে থাকা ৩২৯টি বিশ্ব বাণিজ্যকেন্দ্রের সঙ্গে। এই কেন্দ্রটি যুক্ত হবে সারা বিশ্বের সাড়ে সাত লাখ ব্যবসায়ী সংগঠনের নেটওয়ার্কেও। এমনই তথ্য বিশ্ব বাণিজ্যকেন্দ্রের সংগঠন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাসোসিয়েশন বা ডব্লিউটিসিএর।
একটি ভবন কেন বিশ্ব বাণিজ্যে এত গুরুত্বপূর্ণ জানতে চাইলে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম গত মঙ্গলবার বিশ্ব বাণিজ্যকেন্দ্রের নিজ কার্যালয়ে প্রথম আলোকে বলেন, ‘এই ভবনে এক ছাদের নিচে সব সেবা পাওয়া যাবে। রপ্তানি পণ্যের স্থায়ী প্রদর্শনী আছে। বিদেশিরা এখানে বসে সরাসরি পণ্য দেখতে পারবেন। চাইলে তথ্য নিতে পারবেন। আবার এখানে বসে উৎপাদনকারীর সঙ্গে সরাসরি সভাও করতে পারবেন। বিনিয়োগের তথ্যও থাকবে এখানে। বিশ্ব বাণিজ্যকেন্দ্র না থাকায় এত দিন একসঙ্গে এসব সুবিধা দেওয়া সম্ভব ছিল না।’
ব্যবসায়ীরা জানান, বিশ্বের কোনো দেশে গেলে ব্যবসায়ীরা প্রথমে খোঁজ নেন সেখানে বিশ্ব বাণিজ্যকেন্দ্র আছে কি না। এটি এখন বিশ্ব ব্র্যান্ড হয়ে গেছে। কারণ, ব্যবসায়ীরা জানেন, সেখানে গেলে সংশ্লিষ্ট দেশের বাণিজ্যের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। রপ্তানি পণ্যের নমুনা থাকবে। কোথায় বিনিয়োগ করলে সুবিধা হবে তারও তথ্য থাকবে। সে দেশের উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ থাকে বিশ্ব বাণিজ্যকেন্দ্রে বসে।
ডব্লিউটিসিএর তথ্য অনুযায়ী, বিশ্বের উন্নত দেশগুলোতে বিশ্ব বাণিজ্যকেন্দ্র রয়েছে। তবে পাশের দেশ ভারতে ও পাকিস্তানে ডব্লিউটিসি থাকলেও নেপাল, ভুটান ও মিয়ানমারে নেই। সেই হিসেবে এগিয়ে আছে চট্টগ্রাম।
বিশ্ব বাণিজ্যকেন্দ্র উদ্বোধন ও চেম্বারের শতবর্ষ উদ্যাপন কমিটির চেয়ারম্যান সাংসদ এম এ লতিফ বলেন, ‘অর্থনৈতিকভাবে অগ্রসর দেশেই বিশ্ব বাণিজ্যকেন্দ্র রয়েছে। সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশ। এই কেন্দ্রের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের উদ্যোক্তাদের সংযোগ তৈরি হবে, যেটি আগে এক ছাদের নিচে সুযোগ ছিল না। অর্থনৈতিক সমৃদ্ধির প্রতীক হিসেবে বিশ্বের প্রধান নগরগুলোতে এ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এ পর্যন্ত ৩৩০টি ভবন নির্মাণের সদস্যপদ নেওয়া হলেও ২৫৬টি বিশ্ব বাণিজ্যকেন্দ্র চালু হয়েছে।’
তিনি বলেন, ‘এখানে এসে বিদেশি বিনিয়োগকারীরা দেশের কোনো শিল্পাঞ্চল বা কারখানায় যেতে চাইলে সে ব্যবস্থাও রাখা হয়েছে। ভবনের ছাদ থেকে হেলিকপ্টারে করে কম সময়ে পরিদর্শন করে আসতে পারবেন। চেম্বার থেকে হেলিকপ্টার কেনার পরিকল্পনাও আছে। ব্যবসায়ী-উদ্যোক্তাদের থাকার জন্য চার তারকা মানের হোটেল তো থাকবেই।’

চেম্বার নেতারা জানান, প্রায় ২০ বছর আগে ঢাকায় বিশ্ব বাণিজ্যকেন্দ্র হওয়ার কথা ছিল। সে জন্য সাইনবোর্ডও টাঙানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত চট্টগ্রামেই দেশের প্রথম এই বাণিজ্যকেন্দ্র হয়েছে। সমুদ্রবন্দর থাকার কারণে চট্টগ্রামের গুরুত্ব বেশি। আন্তর্জাতিক বাণিজ্যের ৯৩ শতাংশ এই বন্দর দিয়ে হয়। এখন বাণিজ্যের নগরের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে বিশ্ব বাণিজ্যকেন্দ্র। এখানে ব্যবসা-বাণিজ্যের তথ্যসমৃদ্ধ ডেটাবেইস থাকবে।
ডব্লিউটিসিএর তথ্য অনুযায়ী, বিশ্বে প্রথম বিশ্ব বাণিজ্যকেন্দ্র চালু হয় যুক্তরাষ্ট্রের নিউ অরলেন্স শহরে। ১৯৪৩ সালে। চট্টগ্রাম চেম্বার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত বিশ্ব বাণিজ্যকেন্দ্র সমিতির সদস্যপদ পায় ২০০৪ সালে। এ জন্য গুনতে হয় দুই লাখ মার্কিন ডলার। প্রতিবছর সদস্যপদ ফি দিতে হচ্ছে ১০ হাজার ডলার করে।
চট্টগ্রাম চেম্বার জানায়, সুউচ্চ ভবনটি নির্মাণ করেছে কনকর্ড ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড। ২০০৬ সালে নির্মাণকাজ শুরু হলেও নানা কারণে বেশ কিছুদিন কাজ বন্ধ ছিল। গত বছর ডিসেম্বরে এই ভবনের কাজ শেষ হয়। প্রায় ৭৪ কাঠার ওপর নির্মিত ৬ লাখ ৭৩ হাজার বর্গফুট আয়তনের এই ভবনটির উচ্চতা ৯১ মিটার। তিনটি বেজমেন্ট ও ২১ তলা ভবনটি চট্টগ্রামের সবচেয়ে উঁচু ভবন। ভবন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৫০ কোটি টাকা। তবে ভবনের আনুষঙ্গিক সুযোগ-সুবিধার জন্য অবকাঠামো খাতসহ এই খরচ দাঁড়াবে প্রায় ২০০ কোটি টাকায়।