বাণিজ্যময় ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর কয়েক আগের ঘটনা। ঈদের দিন এলেই আমার বড় ভাইটা লেজে-গোবরে অবস্থায় পড়ে যায়। বেচারা এসএমএস লিখতে পারেন না। ওই সব ভাষা-টাসা নাকি তাঁর মগজ থেকে উদয় হয় না! তাই কাট-কপি-পেস্টই তাঁর ভরসা। অবশ্য ভাইয়াকে যারা মেসেজ পাঠান, তারাও আবার ভাইয়ার মতোÑকাট-কপি-পেস্ট করেন। এ পন্থায় বিদ্যা-বুদ্ধির ক্ষয় হয় না। তবে মান-ইজ্জত ক্ষয় হয়। প্রায় সময়ই দেখা যায়, চার-পাঁচজন একই সঙ্গে একই মেসেজ পাঠিয়ে বসে আছেন। ওই মেসেজও ভাইয়া মহা আনন্দে তাঁর বন্ধু-বান্ধবদের পাঠান। অনেক সময় দেখা যায়, বন্ধুটি ওই মেসেজ ভাইয়ার কাছ থেকে পাওয়ার আগেই অন্যজনের কাছ থেকে পেয়ে বসে আছেন।

ভাইয়ার এসব কাণ্ড-কীর্তি নিয়ে বন্ধু-বান্ধবদের সে কী হাসাহাসি আর ব্যঙ্গ-বিদ্রূপ! লাগাতার অপমানে সেবার ভাইয়া একটা বৈপ্লবিক (!) সিদ্ধান্ত নিলেন। তিনি আর কাট-কপি-পেস্ট মার্কা মেসেজ পাঠাবেন না। ৫-৬টি একদম মৌলিক মেসেজ জোগাড় করবেন। তারপর সবাইকে পাঠাবেন। ভাইয়ার এই অবস্থা দেখে আমার মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল। আমি মার্কেটিংয়ে এমবিএ করা। আমার একমাত্র বোন জিসানকে উসকে দিলাম, ‘জিসান এই সুযোগ! পারলে কিছু কামিয়ে নাও।’ জিসানের সঙ্গে আমার গোপন চুক্তি হলো। মেসেজগুলো আমি লিখে দেব। আর সে মার্কেটিং বিদ্যার সদ্ব্যবহার করে তা ভাইয়ার কাছে বিক্রি করবে। যা পাবে দুজনে ফিফটি-ফিফটি।

তারপর শুরু হয়ে গেল কর্মযজ্ঞ। আমি মেসেজ একটা লিখি। আর জিসান তা প্রচার করে এভাবে, ‘ভাইয়া, একটা ফাটাফাটি মেসেজ। আনন্দ, রঙ্গ-রস, কাব্যময়তা—সবকিছুর সুষম খিচুড়ি মেসেজটি। মেসেজটা পড়ামাত্রই পাঠককে হাসতে হবে কমপক্ষে এক ঘণ্টা। ভাবতে হবে দুই ঘণ্টা। মেসেজটা পড়লেই তোমার সম্বন্ধে হিমালয়সম উঁচু ধারণা জাগবে। তাঁরা পড়ে ক্ষান্ত হবেন না। বাধ্য হবেন শত শত নম্বরে পাঠাতে। এর দাম বেশি না। মাত্র ৫০ টাকা, ৫০ টাকা, ৫০ টাকা। এই চার্জে একটি মেসেজ সর্বোচ্চ ১০ বার পাঠানো যাবে। এরপর প্রতিবারের জন্য মেসেজ প্রতি দুই টাকা।’ ভাইয়া প্রথমে একটু দর-দাম করেন। জিসান বলে, ‘ফিক্সড প্রাইজ। নো বার্গেনিং।’ অগত্যা ভাইয়ার হার, ‘ঠিক আছে। দাও দাও।’ এভাবে মেসেজের নাম দিয়ে সহজ-সরল একমাত্র ভাইয়ার পকেট থেকে আমরা এই দুই শয়তানের-হাড্ডি প্রায় ৫০০ টাকা হাপিস করে ফেলি। ঈদটা এতটা কাল সালামিময় ছিল। আর ওই বারেরটা হলো বাণিজ্যময়।

কেবল মেসেজ বেচা-কেনা নয়। অন্যান্য কারণেও ঈদটি ছিল ভিন্নধর্মী। তিন ভাই-বোন বৃষ্টির কারণে সারা দিন গৃহবন্দী। ঈদ আনন্দ বলতে ছিল মেসেজ চালাচালি। দুই মিনিট পর পর একেকজনের মোবাইল গোঁৎ গোঁৎ (ভাইব্রেশন) করে উঠে। আওয়াজটা একই রকম, মেসেজটা কার মোবাইলে আসছে বোঝার উপায় নেই। তাই গোঁৎ গোঁৎ হলেই তিনজনে একজনে হামলে পড়ি নতুন মেসেজের ওপর। একজন পড়ি। অন্য দুজন শুনি আর হাসিতে গড়াগড়ি খাই। একজন লিখেছে ‘আজ আমি বিয়ে করছি। অবশ্যই আসবে কিন্তু। কোনো উপহার আনবে না। শুধু এমন একজনকে নিয়ে আসবে, যে আমাকে বিয়ে করবে।’ পড়ে হাসতে হাসতে পেটে খিল। এভাবে কেবল মোবাইলে মেসেজ রিসিভ, ডিলিট, হাসি-ঠাট্টায় কেটে গেল ভিন্ন স্বাদের বৃষ্টি-বন্দী এক ঈদ।