বাণিজ্যিক এলাকার সড়কের এই হাল!

২০০ মিটার ব্যবধানে তিনটি খোলা ম্যানহোল। তার ওপর পানির পাইপ বসানোর জন্য রাস্তা খঁুড়ে রেখেছে ওয়াসা। সড়কের কিছুদূর পর পর ময়লা-আবর্জনা স্তূপ করে রাখা হয়েছে। পাশাপাশি রয়েছে দুধারে অবৈধ পার্কিং। এমন নৈরাজ্যকর চিত্রটি নগরের আগ্রাবাদ বাণিজ্য এলাকার ব্যস্ততম শেখ মুজিব সড়কের।
ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র আগ্রাবাদ এলাকার গতি মন্থর করে দিয়েছে এই সড়ক। দিনের বেশির ভাগ সময় ভয়াবহ যানজট লেগে থাকে এই সড়কে। পাশিপাশি খোলা ম্যানহোলের কারণে ঘটছে দুর্ঘটনা। কেবল আগ্রাবাদ নয়, এই সড়ক দিয়ে যেতে হয় চট্টগ্রাম বন্দর, কাস্টমস, ইপিজেড, পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায়। ফলে, বিশাল এলাকার ব্যবসায়ী ও পেশাজীবীদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়ে সড়কটি।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম হতাশা প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘পরিকল্পিত চট্টগ্রাম আর নেই। এখানে ব্যবসাবান্ধব পরিবেশ নেই। অনেক চেষ্টা করেও তা পাচ্ছি না। যার প্রভাব পড়েছে শেখ মুজিব সড়কেও। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আশপাশে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার করা হয় না। সেবা সংস্থাগুলোর মধ্যে কোনো সমন্বয় নেই। বিষয়টি খুবই দুঃখজনক। আমরা পরিকল্পিত, আধুনিক ও সুন্দর চট্টগ্রাম চাই। এ জন্য সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের প্রয়োজন।’
গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বাদামতলী মসজিদ থেকে মৌলানা শাহ সুফি আবদুুল আজিজ মাজার শরিফ পর্যন্ত শেখ মুজিব সড়কের ২০০ মিটার অংশের ম্যানহোলগুলো খোলা অবস্থায় পড়ে আছে। বাদামতলী মসজিদের সামনের খোলা ম্যানহোল যাতে দুর্ঘটনা না ঘটে, এ জন্য সিমেন্টের তিনটি স্তম্ভ দেওয়া হয়েছে। অন্য দুটিতে দেওয়া হয়েছে মাত্র একটি। খোলা ম্যানহোলের কারণে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। দুর্ঘটনা এড়াতে যান চলাচল করছে ধীরগতিতে। এ কারণে যানজট সৃষ্টি হচ্ছে।

মোহাম্মদ জুয়েল নামের স্থানীয় এক ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, ম্যানহোল খোলা রাখায় প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। নিয়ন্ত্রণ হারিয়ে গত শনিবার সিএনজিচালিত একটি অটোরিকশা পড়ে যায়। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
আরাফাত রহমান নামের এক বিক্রয়কর্মী জানান, ম্যানহোলগুলো খোলা অবস্থায় ফেলা রাখা হয়েছে প্রায় এক মাস। মাঝেমধ্যে করপোরেশনের লোকজন এসে পরিষ্কার করেন।
এসব বিষয়ে জানতে চাইলে সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘ম্যানহোলগুলোর ভেতরে এত দিন মাটি কাটার কাজ চলছিল। তাই আচ্ছাদন দেওয়া সম্ভব হয়নি। তবে আজকের মধ্যে (মঙ্গলবার) আচ্ছাদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।’
সরেজমিনে আরও দেখা যায়, সড়কের দুপাশে অবৈধভাবে গাড়ি পার্ক করা হয়েছে। এই সড়কের দুধারে থাকা বিপণিবিতান, দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের গাড়ি রাখা হচ্ছে সড়কেই। এসব প্রতিষ্ঠানে কেনাকাটা করতে আসা লোকজনও সড়কে গাড়ি রাখছেন।
আবু সাঈদ নামের এক বাসচালক বলেন, এমনিতেই এই সড়কে জট লেগে থাকে। এর ওপর সড়কেই গাড়ি রাখায় রাস্তা সংকুচিত হয়ে পড়েছে। যানজটের কারণে গাড়ি চালাতে কষ্ট হয় ও গাড়ির জ্বালানিও নষ্ট হয়।
সড়ক পিচঢালাই করা প্রসঙ্গে তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘পানির পাইপ বসানোর জন্য ওয়াসা সড়ক কেটেছে। তারা এখনো সড়ক সংস্কারের জন্য সবুজসংকেত দেয়নি। ওয়াসার পাইপ বসানোর কাজ শেষ হলে আমরা সড়ক পিচঢালাই করে দেব। এ জন্য এক সপ্তাহ সময় লাগবে।’ পাশাপাশি সড়ক থেকে অবৈধ পার্কিং তুলে দিতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা লাগবে বলে জানান তিনি।