বাণিজ্যিক প্রতিষ্ঠান মুক্ত করার আন্দোলনে ভাটা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসিক এলাকায় থাকবে না কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান। এমন দাবিতে মানববন্ধন করেছিলেন ও আর নিজাম রোড আবাসিক এলাকা কল্যাণ সমিতির সদস্যরা। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সরিয়ে নিতে সমিতির পক্ষ থেকে বাড়ির মালিকদের এক মাস সময় বেঁধে দেওয়া হয়েছিল। ২৮ জানুয়ারি এই সময়সীমা শেষ হলেও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো রয়ে গেছে এখনো। এ নিয়ে হতাশ এই আবাসিক এলাকার বাসিন্দারা।

অভিযোগ উঠেছে, সমিতির লোকজনের সঙ্গে বাড়ির মালিকেরা সমঝোতার চেষ্টা করছেন। ২৮ জানুয়ারি সন্ধ্যায় এ প্রসঙ্গে জানতে চাইলে ও আর নিজাম রোড আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম বলেন, ‘আমি দীর্ঘদিন পারিবারিক কাজে ব্যস্ত ছিলাম। তাই এ বিষয়ে খোঁজ নিইনি। আমরা ভাড়াদানকারী সব ভবনের মালিককে নোটিশ পাঠিয়েছি। এখন আবার সভা ডাকব।’

সরেজমিনে এলাকায় গিয়ে দেখা গেছে, এখনো বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বহাল তবিয়তে আছে। আবাসিক এলাকায় ঢুকলেই দেখা যায় নানা প্রতিষ্ঠানের রঙবেরঙের নামফলক। আবাসিক এলাকা থেকে অবৈধ প্রতিষ্ঠানগুলো সরিয়ে নেওয়ার দাবিতে টাঙানো বিশাল ব্যানারটিও খুলে নেওয়া হয়েছে। গত বছরের ২৮ ডিসেম্বর মানববন্ধনের পর ব্যানারটি এলাকার রাস্তার ওপরে টাঙিয়ে দেওয়া হয়।

এলাকার কয়েকজন পুরোনো বাসিন্দা অভিযোগ করেন, যেসব বাড়ির মালিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে বাড়ি ভাড়া দিয়েছেন, তাঁদের সঙ্গে সমিতির নেতাদের গোপন সমঝোতা হয়েছে। সমঝোতার কারণেই প্রতিষ্ঠানগুলো এলাকা ছাড়ছে না। এ নিয়ে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা।

ও আর নিজাম রোড আবাসিক এলাকার বাসিন্দা শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া বলেন, ‘কয়েক দশক আগের অবস্থা ছিল ভিন্ন রকম। তখন আবাসিক এলাকার বাসিন্দাদের প্রয়োজন মেটাতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠে। এতে সমিতির সায় ছিল। কিন্তু বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। কোচিং সেন্টারসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে ওঠায় বেড়েছে যানজট। সারা বছরই চলছে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম। ফলে আবাসিক এলাকার ৪০ ফুট রাস্তার পরিসর কমে গেছে। দিনের বেশির ভাগ সময় যানজট লেগে থাকে।’

কমিটির অন্যতম সদস্য আনোয়ারুল হক চৌধুরী বলেন, ‘কিছু অর্থলোভী বাড়ির মালিক আমাদের জীবনযাপনকে কঠিন করে তুলেছেন। তাঁরা কাচিং সেন্টারসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানকে বাড়ি ভাড়া দিয়েছেন। তাঁদের পক্ষ থেকে সমিতিকে আর্থিক সহযোগিতার পরিমাণ বাড়িয়ে দেওয়ার একটা প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আমরা তাতে রাজি হইনি। আমরা বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদের সিদ্ধান্তে অটল আছি। প্রয়োজনে আইনের আশ্রয় নেব।’

উল্লেখ্য, আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান তুলে নেওয়ার দাবিতে গত বছরের ২৮ ডিসেম্বর ও আর নিজাম আবাসিক এলাকা কল্যাণ সমিতির ব্যানারে এলাকাবাসী মানববন্ধনে অংশ নেয়। এতে সমিতির কর্মকর্তাসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার বাসিন্দা ও জনপ্রতিনিধি বক্তব্য দেন। তাঁরা বলেন, ঐতিহ্যবাহী এ আবাসিক এলাকায় বর্তমানে স্কুল, কলেজ, কোচিং সেন্টার, ক্লাব, আবাসিক হোটেল, হাসপাতাল ও ক্লিনিক গড়ে উঠেছে। এতে বাড়ছে যানজট ও শব্দদূষণের মাত্রা বাড়ছে।