বাণিজ্যে প্রযুক্তি লক্ষ্মী
ব্যবসায়িক বিভিন্ন পরিকল্পনার সঙ্গে এখন যুক্ত হচ্ছে তথ্যপ্রযুক্তি।ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও খাটে এ কথা। শুধু প্রযুক্তির সংযোগ ঘটালেই আবার চলে না, সৃজনশীলতা আর উদ্ভাবনী পরিকল্পনাও এতে যোগ করতে হয়।তবেই যুগোপযোগী ব্যবসায় পরিকল্পনা করা সম্ভব। এমন ধারণা থেকে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়ে গেল ‘সিটি ফাইন্যানসিয়াল আইটি কেস’ নামের প্রতিযোগিতা। আর্থিক প্রতিষ্ঠানের জন্য কাজে লাদে এমন সব তথ্যপ্রযুক্তি প্রকল্প নিয়েই হয়েছে প্রতিযোগিতা। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।প্রতিযোগিতায় এবারও পৃষ্ঠপোষকতা করেছে সিটি ব্যাংকের মানবকল্যাণ সংস্থা সিটি ফাউন্ডেশন। সিটি ব্যাংক এনএ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মামুন রশিদ বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষা-সুবিধার প্রসারণই সবচেয়ে কার্যকর কৌশল। কর্মক্ষেত্রে প্রয়োগযোগ্য দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের সাহায্য করা হয়, যাতে তারা নতুনত্বের সঙ্গে আমাদের দেশ ও অর্থনীতির উন্নয়নে সহায়তা করতে পারে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবসায়িক ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির সফল ব্যবহারের জ্ঞান বাড়ানো, ব্যবসাসংক্রান্ত অর্থনৈতিক সফটওয়্যার তৈরি—এসবই ছিল প্রতিযোগিতার উদ্দেশ্য।’ প্রতিযোগিতার আয়োজক ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্কের (ডি নেট) নির্বাহী পরিচালক অনন্য রায়হান জানান, ‘ব্যবসায় প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার্থীদের একটি যোগসূত্র এবং প্রযুক্তি শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায় শিক্ষার্থীদের এক করতেই দ্বিতীয়বারের মতো এ আয়োজন। গতবারের চেয়ে এবার যেমন ভালো প্রকল্প বেশি এসেছে, তেমনি প্রতিযোগীর সংখ্যাও বেড়েছে। প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলোতে ব্যবসায় শিক্ষা ও তথ্যপ্রযুক্তি থেকে ন্যূনতম দুজন করে নিয়ে দল গঠিত হয়েছিল। প্রতিটি দলে ছিলেন একজন শিক্ষক, যিনি প্রকল্প সহযোগী হিসেবে দলের সঙ্গে কাজ করেছেন। ৫৩টি দলের বিভিন্ন ধরনের প্রকল্পের মধ্যে বিচারকদের রায়ে নির্বাচিত তিনটি প্রকল্পকে চূড়ান্তভাবে পুরস্কৃত করা হয়। এ প্রতিযোগিতার সহযোগী ছিল বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। প্রতিযোগিতায় তিনটি প্রকল্প পুরস্কার পেয়েছে। ২৯ সেপ্টেম্বর ঢাকায় জমকালো এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।বিজয়ী প্রকল্পগুলোর কথাসিদ্ধান্ত নিতে সহায়তা করবে সফটওয়্যার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে সেবাধর্মী ব্যবসায় গ্রাহকদের সন্তুষ্টি সম্পর্কে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন একটি সফটওয়্যার (প্রো-বিজ)। ইউনাইটেড আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের (ইউআইইউ) চারজন শিক্ষার্থী এ প্রকল্পটি তৈরি করেছেন। ফোর ডাইমেনশন নামের এ দলের সদস্যরা হলেন—ফিরোজ ব্যাপারী, সাবরিনা হক, আমিনুল ইসলাম ও নাসির খান। বিজয়ী দল পুরস্কার হিসেবে পেয়েছে পাঁচ হাজার ডলার। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে ব্যবসাপ্রতিষ্ঠানে গ্রাহকসম্পর্ক উন্নয়নের চেয়ে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হয়। আর এ কারণেই এ ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী বাণিজ্যিক সম্প্রসারণ সম্ভব হয় না। প্রো-বিজ হলো এমন একটি ব্যবসাসম্পর্কিত সফটওয়্যার, যা ব্যবসাক্ষেত্রে স্বস্তি ফিরিয়ে আনার পাশাপাশি দীর্ঘমেয়াদি সফল ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণে সহায়তা করবে বলে জানালেন দলের সদস্য সাবরিনা হক। তিনি জানান, সফটওয়্যারটি প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে এমন গ্রাহকদের শনাক্ত করা, গ্রাহকদের চলে যাওয়ার নির্দিষ্ট কারণগুলো চিহ্নিত করাসহ গ্রাহকদের ধরে রাখার বিষয়ে সঠিক দিকনির্দেশনা দেবে। সফটওয়্যারটি তৈরি করা হয়েছে প্রোগ্রামিং ভাষা জাভা ব্যবহার করে। সফটওয়্যারটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট-ব্যবসাকে সহায়তা করবে বলে জানালেন দলের সদস্য ফিরোজ ব্যাপারী। প্রাথমিকভাবে সফটওয়্যার থেকে ক্ষুদ্র ঋণ পরিচালনাকারী প্রতিষ্ঠান, স্থানীয় ব্যাংক ও টেলিযোগাযোগ প্রতিষ্ঠান সেবা নিতে পারবে। বাণিজ্যসংক্রান্ত সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয় সফটওয়্যারটির পরিসংখ্যানভিত্তিক তথ্যের ওপর ভিত্তি করে, বললেন আমিনুল ইসলাম। সফটওয়্যারের অন্যতম কিছু বৈশিষ্ট্য হচ্ছে, সফটওয়্যারটি দেশীয় তরুণ প্রোগ্রামারদের তৈরি, জাভাভিত্তিক তাই সব ধরনের কম্পিউটার অপারেটিং সিস্টেমে ব্যবহার উপযোগী, দ্রুত পদ্ধতিতে সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়ক এবং চাহিদা অনুযায়ী পরিবর্তনযোগ্য ইত্যাদি। এ ছাড়া প্রো-বিজ সহজ ভিজ্যুয়াল ইন্টারফেসের মাধ্যমে ডিসিশন ট্রি, গ্রাফ, বিজনেস রিপোর্টসহ আরও বেশকিছু ধরনের ফলাফল তৈরি করে, যা ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে, জানালেন নাসির খান। মাইক্রো-ব্যাংকিং সমাধানদীপ মাইক্রো-ব্যাংকিং সমাধান প্রকল্প তৈরি করে প্রথম রানার আপ হয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাবের) ফোর স্ট্রাইড দল। এ দলের সদস্যরা হলেন রেসি গোমেজ, আবদুল্লাহ মো. সাদ, মাহবুবুর রহমান ও শাহরিয়া আরাফাত। বাংলাদেশের মানুষের একটি বড় অংশ মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত—যাদের জন্য ক্ষুদ্র পরিমাণ অর্থ জমা দেওয়ার জন্য দরকার নির্ভরযোগ্য ব্যাংকিংসেবা। বৃহৎ এ জনগোষ্ঠীকে উন্নয়নের সঙ্গে যুক্ত করতেই তৈরি করা হয়েছে দীপ মাইক্রো-ব্যাংকিং সমাধান প্রকল্পটি, জানালেন দলের সদস্য আবদুল্লাহ মো. সাদ। এ প্রকল্পের মাধ্যমে যে কেউ ক্ষুদ্র পরিমাণ অর্থও মোবাইল ফোন রিচার্জ কেন্দ্রের মাধ্যমে জমা করতে পারবে তার ব্যাংক অ্যাকাউন্টে। অর্থাৎ মোবাইল ব্যালেন্সের বদলে রিচার্জ করা যাবে ব্যাংক অ্যাকাউন্ট। প্রকল্পটি মোবাইল ফোন সংযোগদাতা এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানের বিদ্যমান কাঠামোকে ব্যবহার করে আমানত বাড়াবে।এই পদ্ধতিটি জনসাধারণের মধ্যে সঞ্চয়ের প্রবণতা বাড়াবে। এর অন্যতম বৈশিষ্ট্যগুলো হচ্ছে ফ্রন্ট অ্যান্ড মডিউল, ম্যানেজার মডিউল, এমপ্লয়ি মডিউল, মোবাইল সেন্টার মডিউল ও সার্ভার জানালেন দলের সদস্য রেসি গোমেজ। তিনি বলেন, দীপ মাইক্রো-ব্যাংকিং সমাধানটি বিদ্যমান কাঠামোকে ব্যবহার করে সহজেই বাস্তবায়নযোগ্য। এ সেবাটির মাধ্যমে একজন গ্রাহক অসংখ্য রিচার্জ বুথ থেকে ক্ষুদ্র পরিমাণ অর্থও জমা করতে পারবে, যা পদ্ধতিগত জটিলতা কমিয়ে সময় বাঁচাবে, এসএমএসের মাধ্যমে ব্যালেন্স অনুসন্ধান ও সঞ্চয় প্রবণতা বাড়াবে, আমানত বাড়াবে এবং নতুন গ্রাহক আকৃষ্ট, সহজে যেকোনো লেনদেনের অনুসন্ধান, রিপোর্ট ও ব্যাংক স্টেটমেন্ট প্রস্তুতি ইত্যাদি সুবিধা পাওয়া যাবে।এর সঙ্গে রয়েছে শক্ত নিরাপত্তাব্যবস্থা জানালেন দলের আরেক সদস্য শাহরিয়া আরাফাত। এ প্রকল্পটি পুরস্কার হিসেবে পেয়েছে দুই হাজার ডলার।ভার্চুয়াল টাকা লেনদেনভার্চুয়াল পদ্ধতিতে টাকা লেনদেনের কৌশল নিয়ে দ্বিতীয় রানার আপ হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অক্টাভিয়ান দল। এ সদস্যরা হলেন হাসান হাবিবুল লতিফ, মুনতাসির মামুন, সামিউল মনির ও শেখ আল আমিন। পুরস্কার হিসেবে দলটি পেয়েছে এক হাজার ডলার। প্রচলিত ব্যাংকিং-পদ্ধতি এবং মোবাইল ফোনের এক সমন্বিত ব্যবহার হচ্ছে ভার্চুয়াল মানি ট্র্যানজেকশন প্রকল্পটি, যার মাধ্যমে মোবাইল ফোন ব্যবহার করে এক স্থান থেকে আরেক স্থানে সহজে টাকা লেনদেন সম্পন্ন করা যাবে। যেকোনো ব্যক্তি মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে আরেক ব্যক্তিকে টাকা পাঠাতে পারবেন জানালেন দলের সদস্য হাসান হাবিবুল লতিফ। তিনি বলেন, এর প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে—শুরুতে এ ব্যবস্থার জন্য এম-ক্যাশ সিম ডেবিট কার্ডের মতোই ব্যাংক থেকে একটি ফরম পূরণ করে পাওয়া যাবে। একটি স্বয়ংক্রিয় সফটওয়্যার এম-ক্যাশ সিমের মধ্যে থাকবে। এই সফটওয়্যারের সাহায্যে ব্যাংক আকাউন্ট-সম্পর্কিত সব ধরনের তথ্যের গোপনীয়তা রক্ষা করা যাবে। টাকা লেনদেনের জন্য এম-ক্যাশ ব্যবহারকারী তার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য এসএমএস পাঠাবে। ৩০ সেকেন্ডের মধ্যে টাকা আদান-প্রদান সম্পন্ন হবে এবং প্রদানকারী ও গ্রহণকারী উভয় ব্যক্তিকে একটি ফিরতি এসএমএসের মাধ্যমে জানানো হবে। এম-ক্যাশ ব্যবহারকারী তার অ্যাকাউন্ট রিচার্জ ব্যাংকে গিয়ে করতে পারে অথবা এটিএম বুথে গিয়েও রিচার্জ করতে পারবে। এর মাধ্যমে এম-ক্যাশ সিমের দ্বারা ব্যাংক থেকে সহজে ঋণ নেওয়া যাবে। দলের সদস্য মুনতাসির মামুন। তিনি বলেন, সফটওয়্যারটি জাভা, ওরাকলের সাহায্যে তৈরি, যা মোবাইলের সিমের সঙ্গে থাকবে। এই প্রকল্পের মাধ্যমে একটি সহজ ও নিরাপদ লেনদেন-পদ্ধতি প্রণয়ন করা সম্ভব।